Blog

  • গাইবান্ধায় প্রতারণা মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের গ্রেফতার

    গাইবান্ধায় প্রতারণা মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের গ্রেফতার

    গাইবান্ধায় প্রতারণা মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি শেখ মাসুদুর রহমান ওরফে রুবেলকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার রুবেল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার মৃত আব্দুর রহমান সরকারের ছেলে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, রবিবার সন্ধ্যায় ঢাকার কামরাঙ্গীরচর থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-১৩ সিপিসি-৩, গাইবান্ধা ও র‌্যাব-১০ সিপিএসসি, লালবাগ যৌথ আভিযানিক দল ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন বড়গ্রাম চেয়ারম্যানবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রতারণা মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি রুবেলকে গ্রেফতার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া হত্যা, ধর্ষণ, রাহাজানি, মাদক চোরাকারবারিসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাব দৃঢ় প্রত্যয়ের সঙ্গে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

  • গোমস্তাপুরে বিএনপি সভাপতি মরহুম বাইরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন

    গোমস্তাপুরে বিএনপি সভাপতি মরহুম বাইরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন

    গোমস্তাপুরে বিএনপি সভাপতি মরহুম বাইরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন

    গোমস্তাপুর উপজেলা বিএনপির সভাপতি মরহুম বাইরুল ইসলামের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে দলের সিনিয়র ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলাম। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে মরহুমের স্মরণে আয়োজিত কর্মসূচিতে যোগদান করেন।
    সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, বিএনপি নেতা আনোয়ার হোসেন, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলিনগর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বিএনপির সাবেক নেতা সাজ্জাদ আলী এবং জামিরুল ইসলাম বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    বক্তারা বলেন, মরহুম বাইরুল ইসলাম ছিলেন একজন সৎ, নিবেদিতপ্রাণ ও সংগ্রামী রাজনীতিক। তিনি দল ও এলাকার মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা বিএনপি একজন অভিভাবকসুলভ নেতাকে হারিয়েছে।
    আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং মরহুম বাইরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
    অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • রহনপুরে বিজিবির সফল অভিযান ॥ ইয়াবা-হেরোইনসহ চোরাকারবারী আটক

    রহনপুরে বিজিবির সফল অভিযান ॥ ইয়াবা-হেরোইনসহ চোরাকারবারী আটক

    রহনপুরে বিজিবির সফল অভিযান ॥ ইয়াবা-হেরোইনসহ চোরাকারবারী আটক

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) আরও একবার সফলতা অর্জন করেছে। রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় রহনপুর এলাকায় এক বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ও হিরোইনসহ একজন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
    বিজিবি সূত্রে জানা যায়, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রহনপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ সেখ আব্দুল জব্বারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বিকেল আনুমানিক ১৬:২০ ঘটিকায় ফারুক গার্মেন্টসের পিছনের একটি গলিতে অভিযান পরিচালনা করে। এসময় ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ পুড়িয়া হিরোইনসহ এক যুবককে আটক করা হয়।
    আটককৃতের নাম মোঃ অন্তর (২৪)। তিনি নওগাঁ জেলার মান্দা থানার পরানপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় মামলা দায়ের ও মালামাল হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
    নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, সীমান্তজুড়ে গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
    অভিযানের এই সফলতা সীমান্ত অঞ্চলে মাদক প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থানকে পুনরায় দৃঢ় করেছে। স্থানীয় জনগণও বিজিবির এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

  • সিরাজগঞ্জ জেলা সমিতি শাহজাদপুর উপজেলার উপ-কমিটি গঠন

    সিরাজগঞ্জ জেলা সমিতি শাহজাদপুর উপজেলার উপ-কমিটি গঠন

    রাজশাহীতে বসবাসরত সিরাজগঞ্জ জেলার স্থায়ী অধিবাসীদের প্রিয় সংগঠন সিরাজগঞ্জ জেলা সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদার করবার লক্ষে জেলার সকল উপজেলার অধিবাসীদের সমন্বয়ে পৃথক পৃথক উপজেলা উপ-কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে গত রবিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজশাহী সিটি প্রেসক্লাব মিলনায়তনে শাহজাদপুর উপজেলা উপ-কমিটি গঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি মনোনিত হয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. আব্দুল মান্নান, সহ সভাপতি রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস শিল্পী, সাধারণ সম্পাদক বারিন্দ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ সামছুল আলম মুক্তা, যুগ্ম সম্পাদক রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মঞ্জুর কাদির, সাংগঠনিক সম্পাদক বিআরটিএ রাজশাহীর অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ নজির উদ্দিন, অর্থ সম্পাদক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুর রউফ ভদ্র, দপ্তর সম্পাদক কৃষি দপ্তরের মোঃ হারুন-অর-রশীদ, জনকল্যাণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজ, প্রচার সম্পাদক শাহ্মখদুম থানার অবসরপ্রাপ্ত ওসি ফজলুল হক, নির্বাহী সদস্য চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চিফ সিপিই মোঃ আব্দুর রাজ্জাক ও রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম।
    কমিটি গঠণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার কে এম হাবিবুর রহমান।

  • রংপুরে হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার

    রংপুরে হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার

    রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের অভিযানে ঢাকা থেকে গ্রেফতার হয়েছে। সোমবার দুপুরে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। র‌্যাব জানায়, সোহল রানা (২৮) একজন ট্রাক্টর চালক। ধৃত আসামি মোঃ হাফিজুর রহমান (৫৫) ভিকটিমকে মোটরসাইকেল চোর হিসেবে সন্দেহ করে আটক করার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় ১৭ অক্টোবর সকালে ধৃত আসামি ও তার সহযোগীরা চোরাই মোটরসাইকেল উদ্ধারের জন্য ভিকটিমকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে অজ্ঞাতনামা একটি চা-বিস্কুটের দোকানের সামনে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে চোর সন্দেহে আটক রেখে হাত-পা রশি দিয়ে শক্ত করে বেঁধে সোহেল রানাকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে মারাত্মক রক্তাক্ত জখম করে এবং দু-পায়ের হাটুর নিচে বৈদ্যুতিক শক দিলে অসুস্থ হয়ে পড়ে। সোহেল রানা বাড়ীতে ফিরে না আসলে বাড়ীর লোকজন খোঁজ খবর ও অনুসন্ধান করতে থাকেন। এক পর্যায়ে ধৃত আসামি ও অজ্ঞাতনামা আসামিরা মুক্তিপণের দাবিতে একশত টাকা মূল্যের ৩টি অলিখিত সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে ভিকটিমকে বাদীর কাছে বুঝিয়ে দেয়। বাদী ভিকটিমকে অসুস্থ ও মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করলে ২৯ অক্টোবর রাতে সোহেল রানা মারা যান। এই ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকে গ্রেফতার এড়াতে আসামিরা আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ এবং র‌্যাব-৪ মিরপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল রবিবার রাত ১০টার দিকে ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকা থেকে প্রধান আসামি হাবিবুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতার হাবিবুর রংপুরের পীরগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা ॥ গৃহকর্মী পলাতক

    মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা ॥ গৃহকর্মী পলাতক

    রাজধানীর মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) নামে এক নারী ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের বাসার গৃহকর্মী পলাতক আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহকর্মী তাদের হত্যা করে পালিয়ে গেছে। জানা গেছে, নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা কাজ করছি। মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতরা ভবনের ৭ তলায় বসবাস করতেন। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশে বের হয়ে যান। এরপর দুপুর ১২টার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। ঘটনাস্থলে থানা পুলিশ ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। পুলিশের একটি সূত্র বলছে, ওই গৃহকর্মীর নাম আয়েশা। সে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এ ছাড়া হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

  • বগুড়ায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে যুব সমাবেশ

    বগুড়ায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে যুব সমাবেশ

     

    মাদক, সন্ত্রাস প্রতিরোধ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বগুড়ায় মতবিনিময় ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় যুব ভবনের হলরুমে যুব উন্নয়ন অধিদফতর, বগুড়া এ অনুষ্ঠানের আয়োজন করে। যুব উন্নয়ন অধিদফতর বগুড়ার উপপরিচালক মো. তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান সময়ে একটি সর্বগ্রাসী সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে মাদক। এটি একটি দেশ বা সমাজের অন্যতম মারাত্মক সমস্যা। আমাদের যুবসমাজের জন্য মাদক ও মাদকাসক্তি মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এজন্য মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ বিনির্মাণে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বেকার সমস্যা সমাধানে যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদফতর। প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের প্রতিষ্ঠিত করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর বগুড়ার উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান প্রমুখ।

  • চাঁপাইনবাবগঞ্জে ওয়ারেশন জালিয়াতি করে এতিমের জমি আত্মসাতের অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জে ওয়ারেশন জালিয়াতি করে এতিমের জমি আত্মসাতের অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জে ওয়ারেশন জালিয়াতি করে এতিমের জমি আত্মসাতের অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঠাকুর পালসা মৌজার আর,এস ৩৮০ খতিয়ানে আর,এস ৯০ও ৯২ নং দাগের রেকর্ডভুক্ত জমি নিয়ে এতিমের সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে। জালিয়াতি ও আত্মসাতের বিরুদ্ধে গত-২১/১০/২০২৫ইং তারিখে জমির ওয়ারিশ মোঃ আল আমিন সহকারী কমিশনার (ভূমি) চাঁপাইনবাবগঞ্জ সদর বরাবর ৪৪৪৭/২০২৪-২৫ নং খারিজ বাতিলের আবেদন করেছেন।
    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগে উল্লেখ করা হয়, তফসিলভুক্ত জমির রেকর্ডীয় মালিক ছিলেন সাবেদা খাতুন। তিনি ১৯৯৬ সালের ৯ এপ্রিল ২২৭৮ নম্বর হেবা-বিল-এওয়াজ দলিলের মাধ্যমে জমিটি তাঁর পুত্র গোলাম মোস্তফা (ভুটু মিয়া)-কে দান করেন। পরবর্তীতে ভুটু মিয়ার মৃত্যুর পর তার ছেলে ১। মোঃ আনারুল হক ২। মোঃ গোলাম রাব্বানী ৩। মোঃ গোলাম সারওয়ার বাবু এবং মেয়ে মোসাঃ নূর নাহার হক। ৫ স্ত্রী মোসাঃ বিলকিস য়ারা বেগম ওয়ারিশ হয়। মোসাঃ বিলকিস য়ারা বেগমের মৃত্যান্তে ছেলে ১। মোঃ আনারুল হক ২। মোঃ গোলাম রাব্বানী ৩। মোঃ গোলাম সারওয়ার বাবু এবং মেয়ে মোসাঃ নূর নাহার হক ওয়ারিশ হয় । ছেলে গোলাম সারওয়ার (বাবু) তাঁর মৃত্যান্তে ছেলে মোঃ আল আমিন ও মেয়ে মোসাঃ শামিমা আক্তার ওয়ারিশ হয়। গোলাম রাব্বানীর দাবি যে, আমরা কোন ওয়ারেশন বা খারিজের জন্য কোথাও যায়নি। আমরা শুধু রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করেদিয়েছি । যা করেছে জমি গ্রহিতা আলী হায়দার ও মোঃ কামরান আলী। এদিকে আলী হায়দার ও মোঃ কামরান আলী জমি খরিদের পরে নামজারী আবেদন করেন যার আবেদন নং-৭০২৬/২০২৫-২৬। এ আবেদনের বিষয়ে আল আমিন জানতে পেরে ৭০২৬/২০২৫-২৬ আবেদটি বন্ধের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর গত-২৮/১০/২০২৫ইং তারিখে আবেদন করেন। আল আমিনের আবেদনের প্রেক্ষিতে আলী হায়দার ও মোঃ কামরান আলীর নাম জারী আবেদনের কার্যক্রম স্থগিত করেছেন সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ।

    জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অধীনে (রাজস্ব ভুক্ত) অফিস সহায়ক পদে ১৯৮৮ সালে চাকুরীতে যোগদান করেন। এবং সে সুবাদে জেলার বিভিন্ন ভূমি অফিসে কর্মরত ছিলেন গোলাম রাব্বানী। বর্তমানে তিনি অবসরে আছেন। অবসরে থাকলেও গোলাম রাব্বানীর থেমে নেয় জালজালিয়াতির কার্যক্রম। দ্বারিয়াপুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায়, গোলাম রাব্বানী ১৯৮৮ সালেও একটি দলিল জাল করে এবং তার দাদি সাবেদা খাতুনের জমি লিখে নেয় এবং সে দলিলের কোন অস্তিত্ব নেয় সাব-রেজিস্ট্রি অফিসে। গোলাম সারওয়ার (বাবু) তাঁর মৃত্যান্তে ছেলে মোঃ আল আমিন ও মেয়ে মোসাঃ শামিমা আক্তার ওয়ারিশ বৈধ ওয়ারেশ হওয়া শর্ত্বেও জালিয়াত গোলাম রাব্বানীর রোশানলে পড়ে আছে এতিম আল-আমিন ও শামিমা আক্তার। ঠাকুর পালসা মৌজার আর,এস ৩৮০ খতিয়ানে আর,এস ৯০ও ৯২ নং দাগের রেকর্ডভুক্ত ৬৯ শতাংশ জমির মধ্যে ৮ শতাংশ জমি পুত্র মোঃ গোলাম মোস্তফা বরাবর ১৯৯৬ সালের ৯ এপ্রিল ২২৭৮ নম্বর হেবা-বিল-এওয়াজ দলিলের মাধ্যমে হস্তান্তর করেন মাতা রেকর্ডীও প্রজা ওয়াজেদ আলী মিঞার স্ত্রী সাবেদা খাতুন। গোলাম মোস্তফার মৃৃত্যুর পরে গত বছরের ২১/১০/২০২৪ইং তারিখে গোলাম সারওয়ার (বাবু)র মৃত্যান্তে ছেলে মোঃ আল আমিন ও মেয়ে মোসাঃ শামিমা আক্তার কে ওয়ারিশ থেকে বাদ দিয়ে ১। মোঃ আনারুল হক ২। মোঃ গোলাম রাব্বানী ৩। মোসাঃ নূর নাহার হক ওয়ারেশন জালিয়াতি করে এবং উপজেলা ভূমি অফিসে মিথ্যা তথ্য উপস্থাপ করে ৪৪৪৭/২০২৪-২৫ নং খারিজ কেসের মাধ্যমে তাদের নামে নাম জারী/খারিজ হাসিল করেন। জালজালিয়াতির মাধ্যমে ভূয়া ওয়ারেশন ও মিথ্যা তথ্য দিয়ে উক্ত জমির খারিজ তাদের পক্ষে করে নিয়েছে, যা সম্পূর্ণভাবে প্রতারণা ও অন্যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে এতিমের ন্যায্য সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন আবেদনকারী আল-আমিন। জালিয়াতির বিষয়ে আবেদনকারী আরএস ও প্রস্তাবিত খতিয়ান, ওয়ারিশ সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র ভূমি কার্যালয়ে দাখিল করেছেন। তিনি দ্রুত খারিজ বাতিল করে জমি তাঁর নামে সংশোধনের জোর দাবিও জানান আল আমিন।ওয়ারেশন জালিয়াতি ও এতিম ওয়ারেশদের কে ফাঁকি দিয়ে জমি খারিজ ও হস্তান্তর বিষয়ে মোঃ গোলাম রাব্বানীর সাথে যোগাযোগ করা হলে তিনি ওয়ারেশ ফাঁকি ও জালিয়াতির কথা স্বীকার করে বলেন, আমরা কোন ওয়ারেশন বা খারিজের জন্য কোথাও যায়নি। আমরা শুধু রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করেদিয়েছি। যা করেছে জমি গ্রহিতা আলী হায়দার ও মোঃ কামরান আলী। রেজিস্ট্রির পর আলী হায়দার কে আমি বলেছি আল আমিন ও শামিমার অংশ কেন রেজিস্ট্রি করা হলো? একথা বলা হলে গোলাম রাব্বানী কে আলী হায়দার বলেন আল আমিন ও শামিমা দাবি করলে তাদের কে টাকা দিয়ে স্ট্যাম্পে না দাবি স্বাক্ষর নিয়েনিবো। গোলাম সারওয়ার (বাবু)র মৃত্যান্তে ছেলে মোঃ আল আমিন ও মেয়ে মোসাঃ শামিমা আক্তার সম্পত্তির অংশ পাবে কিনা? গোলাম রব্বানীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আল আমিন ও শামিমা আক্তার জমির অংশ পাবে। এবং তাদের অংশের টাকা আলী হায়দারের কাছে জমা আছে বলেও জানান গোলাম রাব্বানী।উপরোক্ত বিষয়ে জমি গ্রহিতা আলী হায়দারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা টাকা দিয়ে জমি কিনেছি। আমরা ওয়ারেশন বা খারিজ কোন কিছু করিনি। যা করেছে জমি বিক্রেতা মোঃ গোলাম রাব্বানী। তাদের ওয়ারেশ কে বা কারা সেটা তারাই ভালো জানে আমরা এবিষয়ে কিছু জানিনা।
    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঠাকুর পালসা মৌজার আর,এস ৩৮০ খতিয়ানে আর,এস ৯০ও ৯২ নং দাগের রেকর্ডভুক্ত জমি নিয়ে এতিমের সম্পত্তি জালিয়াতি ও আত্মসাতের বিরুদ্ধে গত-২১/১০/২০২৫ইং তারিখে জমির ওয়ারিশ মোঃ আল আমিন ৪৪৪৭/২০২৪-২৫ নং খারিজ বাতিলের আবেদন বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্ত চলমান। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
    এলাকাবাসী জানায়, রেকর্ডীও প্রজা সাবেদা খাতুন আলী হায়দার ও মোঃ কামরানের আপন ফুফু, সাবেদা খাতুনের মেজো ছেলে গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা হচ্ছে আলী হায়দার ও মোঃ কামরানের আপন ফুফাত ভাই হওয়া শর্ত্বেও কিভাবে ওয়ারেশ ফাঁকি দেয়? ওয়ারেশন জালিয়াতি করে এতিমের সম্পত্তি আত্মসাৎ করার সাথে জড়িতদের কঠোর শাস্তি হওয়া উচিৎ।

  • ঘুমন্ত আরব, নিষ্ঠুর বিশ্ব: গাজার রক্তাক্ত আর্তনাদ কেন কানে যায় না?

    ঘুমন্ত আরব, নিষ্ঠুর বিশ্ব: গাজার রক্তাক্ত আর্তনাদ কেন কানে যায় না?

    গাজা আজ শুধু একটি ভূখণ্ডের নাম নয়, এটি মানবতার বিবেকের কবরস্থান। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সর্বশেষ যুদ্ধে এ পর্যন্ত ৪৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে (গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী), যার মধ্যে ৭০ শতাংশেরও বেশি নারী ও শিশু। হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির—কোনো স্থানই নিরাপদ নয়। অথচ আরব বিশ্বের রাজপ্রাসাদগুলোতে এখনো গভীর নিদ্রা। তেলের ঝর্ণা বইছে, দুবাইয়ের আকাশচুম্বী অট্টালিকা আরো উঁচু হচ্ছে, রিয়াদে কনসার্ট হচ্ছে, কায়রোতে টেলিভিশন নাটকের শুটিং চলছে। গাজার শিশুর আর্তনাদ কি তাদের কানে পৌঁছয় না? নাকি পৌঁছলেও সেটা আর ‘রাজনৈতিক স্বার্থ’-এর কাছে মূল্যহীন?
    আরব লীগের জরুরি বৈঠক ডাকা হয়েছিল ২০২৩-এর নভেম্বরে। সেখানে কথা হয়েছিল ‘কঠোর নিন্দা’র। কিন্তু তেল রপ্তানি বন্ধ? ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন? সামরিক জোট গঠন? একটিও হয়নি। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’-এ গাজার কোনো স্থান নেই। সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে ২০২০ সালের আব্রাহাম চুক্তির পর। মিশরের সীমান্তে রাফাহ গেট খোলা হয় শুধু ‘মানবিক সাহায্য’র নামে ছবি তোলার জন্য, কিন্তু অস্ত্র বা যোদ্ধা প্রবেশ? সেটা ‘জাতীয় নিরাপত্তার’ প্রশ্ন! জর্ডানের রানি রানিয়া ফিলিস্তিনি বংশোদ্ভূত হয়েও রাজ পরিবারের নীরবতা ভাঙতে পারেননি। অথচ একই আরবরা ১৯৭৩ সালে তেল অস্ত্র ব্যবহার করে পশ্চিমকে হাঁটু গেড়ে বসিয়েছিল। আজ সেই সাহস কোথায় হারিয়েছে?
    এর কারণ একাধিক। প্রথমত, আরব বিশ্ব এখন শিয়া-সুন্নি বিভক্তির গভীর গর্তে আটকে গেছে। ইরান যখন হুথি, হিজবুল্লাহ ও হামাসের মাধ্যমে প্রক্সি যুদ্ধ করছে, তখন সৌদি-আমিরাত-মিশরের শাসকগোষ্ঠী ইরানকে বড় শত্রু মনে করে, ফিলিস্তিনকে নয়। দ্বিতীয়ত, অর্থনৈতিক স্বার্থ। গাল্ফ দেশগুলোর অর্থনীতি এখন ইসরাইলের প্রযুক্তি ও আমেরিকার নিরাপত্তা ছাতার ওপর নির্ভরশীল। তৃতীয়ত, অভ্যন্তরীণ স্থিতিশীলতা। গাজার পক্ষে বড় আন্দোলন হলে নিজ নিজ দেশের রাস্তায় ‘আরব বসন্ত-২’ শুরু হওয়ার ভয়। তাই শাসকরা মসজিদে খুতবা দেন, টেলিভিশনে কান্নার থিয়েটার করেন, কিন্তু রাষ্ট্রীয় নীতি বদলান না।
    আর পশ্চিমা বিশ্ব? সেখানে তো বিবেক মরে গেছে অনেক আগেই। আমেরিকা ইসরাইলকে ২০২৪ সালেই ১৮ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে। বাইডেন প্রশাসন ১৪ বার ভেটো দিয়েছে জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে। ব্রিটেন, জার্মানি, ফ্রান্স-সবাই একই সুর। ইউরোপের রাস্তায় লাখো মানুষ মিছিল করছে, কিন্তু তাদের সরকারগুলো বলছে, “ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে”। অথচ সেই আত্মরক্ষার নামে গাজার ৮০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়েছে, ১.৯ মিলিয়ন মানুষ উদ্বাস্তু। জাতিসংঘের মতে, গাজা এখন শিশুদের জন্য পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থান। কিন্তু বিবিসি-সিএনএন-ফক্স নিউজের ভাষ্যে এটা ‘ইসরাইল-হামাস যুদ্ধ’, যেন দুই সমান শক্তির লড়াই। একপক্ষের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান, অন্যপক্ষের কাছে হাতে তৈরি রকেট-একে কি সমান যুদ্ধ বলা যায়?
    আন্তর্জাতিক আইন? আইসিজে ইসরাইলকে গণহত্যার অভিযোগে বিচার করছে, কিন্তু কে শোনে? আইসিসি ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে-ইউরোপের কোন দেশ সেটা কার্যকর করার সাহস দেখিয়েছে? উল্টো হাঙ্গেরি, চেক রিপাবলিক বলছে, “আমরা মানব না”। এটাই আজকের বিশ্ব ব্যবস্থা-যেখানে শক্তিই ন্যায়।
    তবু কিছু আলোর ঝলক আছে। ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে জাহাজ আটকে ইসরাইলের অর্থনীতিতে আঘাত হানছে। দক্ষিণ আফ্রিকা আইসিজেতে গণহত্যা মামলা করেছে। তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে কিছুটা কণ্ঠ উঠছে। লাতিন আমেরিকার দেশগুলো ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। কিন্তু এসব যথেষ্ট নয়। গাজার মানুষের জন্য প্রয়োজন একটি ঐক্যবদ্ধ আরব-মুসলিম বিশ্ব, যে বিশ্ব ১৯৪৮ সালে ফিলিস্তিন ভাগ হওয়ার সময় যুদ্ধ করেছিল, ১৯৬৭-এ ছয় দিনের যুদ্ধে পরাজিত হয়েও হাল ছাড়েনি। সেই আরব জেগে উঠলে বিশ্বকে জাগতে হবে।
    আজ গাজা শুধু ফিলিস্তিনের নয়, এটা মুসলিম উম্মাহর ইজ্জতের প্রশ্ন। এটা মানবতার পরীক্ষা। যতদিন আরব শাসকরা নিজেদের সিংহাসন বাঁচাতে গাজাকে বলি দেবে, ততদিন ইসরাইলের বোমা পড়তেই থাকবে। আর যতদিন পশ্চিমা বিশ্ব ‘নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থা’র নামে দ্বিমুখী নীতি চালাবে, ততদিন বিবেক মরতেই থাকবে।
    ঘুমাও আরব, ঘুমাও বিশ্ব। কিন্তু মনে রাখো, যে জাতি নিজের ভাইয়ের রক্ত দেখেও ঘুমায়, একদিন তার নিজের রক্তেই সে জেগে উঠবে—ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে। গাজার শিশুরা আর কতদিন অপেক্ষা করবে?

  • আগামীকাল ৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

    আগামীকাল ৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

    আগামীকাল ৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

    ৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস। ১৯৭১সালের এই দিনে পাক ও রাজাকার বাহিনী ভালুকা ঘাঁটি ছেড়ে যেতে বাধ্য হয়। ফলে এই দিনটিকে ভালুকার মুক্তিকামী জনতার ভালুকা মুক্ত দিবস হিসেবে উদযাপন করে আসছে। ৭১ এর ৭ই ডিসেম্বর মধ্যরাতে আফসার বাহিনী ভালুকা সদরে পাক ও রাজাকার বাহিনীর ঘাঁটির তিন দিক থেকে প্রচন্ড আক্রমন শুরু করলে পাক সেনারা এক পর্যায়ে ভালুকা ঘাঁটি ত্যাগ করতে বাধ্য হয়।

    এ সময় মুক্তিযোদ্ধারা ভালুকা থানা প্রাঙ্গনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে।

    ভালুকা মুক্ত দিবসে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।