Blog

  • বাড়ির ছাদে মৌচাক রহনপুরের উদয়নগরে খাঁটি মধুর উৎসব!

    বাড়ির ছাদে মৌচাক রহনপুরের উদয়নগরে খাঁটি মধুর উৎসব!

    বাড়ির ছাদে মৌচাক রহনপুরের উদয়নগরে খাঁটি মধুর উৎসব!

    মানুষের বাড়ির ছাদে ফুলগাছ, সবজি কিংবা ফলের টব দেখা যায়, এ এখন সাধারণ চিত্র। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার উদয়নগর মহল্লায় এক বাড়ির ছাদে ঘটেছে ভিন্ন এক দৃশ্য। এখানে ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে গড়ে উঠেছিল একটি বিশাল মৌচাক। আর সেই চাক ভাঙতেই বেরিয়ে এলো আসল রত্ন-খাঁটি মধু! উদয়নগরের বাসিন্দা সম্পার মা জানান, কয়েক মাস আগে তাদের ছাদের এক কোণে মৌমাছির আনাগোনা লক্ষ্য করা যায়। শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও ধীরে ধীরে চাকটি বড় হতে থাকে। আশপাশের ফুলবাগান ও বাগিচা থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে সেখানে জমা করতে থাকে। কিছুদিনের মধ্যেই চাকটি এত বড় আকার ধারণ করে যে, পরিবারের সদস্যদের উদ্বেগ দেখা দেয়—যদি চাকটি ভেঙে পড়ে বা মৌমাছি হিংস্র হয়ে ওঠে! তবে ভয় নয়, কৌতূহলই জয় পেল। স্থানীয় অভিজ্ঞ এক মৌচাষি ডেকে আনা হয় চাকটি নিরাপদে অপসারণের জন্য। সাবধানে ছাদ থেকে চাকটি নামিয়ে আনলে দেখা যায়, সেটিতে প্রায় ৭/৮ লিটার খাঁটি মধু জমেছে। মধুর গন্ধ ছড়িয়ে পড়ে গোটা মহল্লায়, যেন প্রকৃতির এক মিষ্টি বার্তা। স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, “আমরা ভেবেছিলাম শহরে মৌচাক তৈরি হবে না, কিন্তু দেখলাম প্রকৃতি চাইলে সবই সম্ভব। এটি প্রমাণ করে, আমাদের আশেপাশে এখনো মৌমাছির মতো পরিশ্রমী প্রাণীরা বেঁচে আছে।” প্রকৃতি ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, শহর ও গ্রামে ফুলগাছের সংখ্যা বাড়ায় মৌমাছিরা সহজেই আশ্রয় খুঁজে নিচ্ছে মানুষের ছাদে বা বারান্দায়। মৌমাছি পরিবেশের জন্য অত্যন্ত উপকারী; তারা শুধু মধু দেয় না, ফসলের পরাগায়ণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,
    “এ ধরনের প্রাকৃতিক চাক মধুর মানে দারুণ হয়। যদি নিয়মিত পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করা যায়, তাহলে ভবিষ্যতে ছাদেও ছোট পরিসরে মৌচাষ শুরু করা সম্ভব।” উদয়নগরের সেই বাড়ির ছাদে এখন মধু তোলা শেষ হলেও, সেই ঘটনা মহল্লায় আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকে এখন ভাবছেন, “বাড়ির ছাদ শুধু গাছের জন্য নয়, প্রকৃতির এমন দানও পেতে পারে।”
    যে মধু প্রকৃতির অনুগ্রহে, কোনো রাসায়নিক ছাড়াই ছাদের উপর তৈরি হয়েছে, তা যেন প্রকৃতি নিজেই হাতে তুলে দিয়েছে “খাঁটি মিষ্টতার উপহার”। উদয়নগরের ছাদে জন্ম নেয়া এই মধুর গল্প এখন পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে, এক মিষ্টি বিস্ময়ের মতো।

  • তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১৭১৫ হাফেজকে হিফযুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান

    তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১৭১৫ হাফেজকে হিফযুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান

    তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১৭১৫ হাফেজকে হিফযুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান

    তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ১৩তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব। এই আয়োজনে সারা দেশের ১৭১৫ জন কোরআনের হাফেজ এবং তাদের বাবা-মাকে সম্মাননা প্রদান করা হয়। হাফেজদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে প্রতি বছরই এই ব্যতিক্রমী আয়োজন করে থাকে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে হাফেজদের হাতে ক্রেস্ট, সনদ, পাগড়ি বা স্কার্ফ ও ব্যাগ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন। তিনি বলেন, তানযীমুল উম্মাহর প্রতি আমাদের আস্থা ও ভরসা আছে। আমরা আশা করি এখান থেকে এমন সৎ ও যোগ্য মানুষ তৈরি হবে, যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ইসলামী চিন্তাবিদ, কোরআন গবেষক এবং হাজারো হাফেজের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দিনব্যাপী এই উৎসব। সকাল থেকেই সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, বক্তৃতা, আলোচনা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে উৎসবস্থল পরিণত হয় এক আধ্যাত্মিক পরিবেশে। কোমলমতি শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে সকাল থেকেই অনুষ্ঠানে যোগ দেয়। হাফেজ ছাত্রদের পরনে ছিল সাদা জুব্বা ও পাগড়ি, আর হাফেজ ছাত্রীদের পোশাকে ছিল নীল-সাদা রঙের সুন্দর সমন্বয়। সবার কাঁধে শোভা পাচ্ছিল তানযীমুল উম্মাহর লোগোসম্বলিত উত্তরীয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক (সাদিক কায়েম), বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক, চট্টগ্রাম আন্দারকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আহমাদ জাবেরী আল-মাদানী, কারী আহমাদ বিন ইউছুফ এবং আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সামসুল আলম।
    এছাড়াও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ ও মুহাম্মাদ আব্দুল আলীম, সিনিয়র ডিরেক্টর আ. ন. মু. রাশিদুল ইসলাম সায়েম, মুহা. আসলাম মিয়া, ডিরেক্টর মুহাম্মাদ হাবীবুল্লাহ অল-আমিন, আ. খ. ম. মাসুম বিল্লাহ, এইচ. এম. আব্দুল্লাহ আল মামুন, মাহমুদুল হাসান ফেরদৌস, নুরুল আবছার ভূঁইয়া, এম. এম. রবিউল ইসলাম, মো. সাইয়েদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শাখাপ্রধান, শিক্ষক, সাংবাদিক, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্খীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • জলাভূমি ও জীববৈচিত্র বিধ্বংসী চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে মানববন্ধন

    জলাভূমি ও জীববৈচিত্র বিধ্বংসী চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে মানববন্ধন

    বরেন্দ্র অঞ্চলের নদ-নদী, খাল-খাড়ি ও বিল ও জীববৈচিত্র্য রক্ষায় এবং দেশীয় মাছের প্রজনন ও জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে চায়না দুয়ারি জালসহ মাছ ধরার ক্ষতিকর বিদেশি সরঞ্জাম নিষিদ্ধ করার দাবিতে বরেন্দ্র অঞ্চল তথা রাজশাহীর স্থানীয় জেলেরা মানববন্ধন ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। রবিবার (২৬ অক্টোবর) রবিবার বেলা ১১টায় রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে গ্রীন কোয়ালিশন (সবুজ সংহতি) ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র আয়োজনে চায়না দুয়ারি জালসহ পরিবেশ ও জীববৈচিত্র্য বিধ্বংসী মাছ ধরার সরঞ্জাম বন্ধের দাবি জানিয়েছেন জেলেরা। জেলেরা ঐতিহ্যবাহী মাছ শিকার করার উপকরণ খোরা জাল, ব্রীত্তি, পলো/ ডুবি,ধুন্দি, কুড়ি জাল, বালচা জাল, ফাঁদ জাল, চাঁই / ছই, ডুবচাঁই, পলো / ডুবি, বিনকি/বেহুঁদি, চুঙ্গি, খলই, কাঁটা ফাঁদ, বাশের খাদুন, বাঁশের পাচা ইত্যাদি নিয়ে রাস্তায় দাড়িয়ে চায়না জাল বন্ধের জন্য দাবি করেন। মানববন্ধনে মাঠ পর্যায়ে বরেন্দ্র অঞ্চলের জেলেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করেন বারসিক’র গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম। তিনি বলেন-বরেন্দ্র অঞ্চল তথা রাজশাহী প্রায় সকল নদ-নদী, খাল বিলে চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরা হয়। একইসাথে নদীতে মাছ ধরতে রাসায়নিক হানিটোপ ব্যবহার করা হয়। যার বেশিরভাগ আমদানি করে চায়না থেকে। চায়না দুয়ারি জাল অত্যন্ত চিকন ফাস এবং সকল ধরনের মাছের পোনা পর্যন্ত আটকে মরে যায। এর ফলে মাছসহ জলজপ্রাণবৈচিত্র্য দিনে দিনে বিলপ্ত হয়ে যাচ্ছে। মৎস সংরক্ষণ আইন অনুযায়ী ৪.৫ সেন্টিমিটার বা তদপেক্ষা কম ব্যাস বা দৈর্ঘ্যের ফাঁস বিশিষ্ট জাল ব্যবহার নিষিদ্ধ হলেও রাজশাহীর নদ-নদী, খাল এবং জলাভূমিতে প্রকাশ্যে চায়না দুয়ারি বা চিকন নেট বা কারেন্ট জাল ব্যবহার করছে। এর ফলে বরেন্দ্র অঞ্চলের জলজ প্রতিবেশে দেশি মাছের প্রজাতির পাশাপাশি অগণিত জলজ উদ্ভিদ, পাখি, ব্যাঙ ও কচ্ছপ, জলজ উদ্ভিদবৈচিত্র্য কমে যাচ্ছে এবং জলজ বাস্তুসংস্থান ধ্বংস হয়ে যাচ্ছে।
    মানববন্ধনে গোকুল-মথুরা মৎসজীবী সমবায় সমিতির সভাপতি মো: জাহাঙ্গীর আলম বলেন, আমাদের বিলকুমারিতে আগে অনেক জাতের মাছ ছিলো, এখন আর নেই, মৌসুমে মাছ পাইনা। বিলকুমারি বিল পাড়ের আফাজ উদ্দিন কবিরাজ বিলে চায়না দুয়ারি জাল বন্ধের দাবি জানান। মানববন্ধনে বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চললনায় কথা বলেন, পবা উপজেলার নওহাটা মৎসজীবী সমবায়র সাধারণ সম্পাদক আবু সামা, জেলে রঘুনাথ হালদার, সামাজিক কল্যান সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, আদিবাসী যুব পরিষদের সভাপতি উপেন রবিদাস, জুলাই ৩৬ পরিষদের আহবায়ক মাহমুদ জামাল কাদেরীসহ প্রমুখ ব্যক্তিবর্গ। মানববন্ধন শেষে রাজশাহী জেলা প্রশাসকের ম্যাধমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবি সম্মিলত স্মারকলিপি প্রদান করেন।

  • ‘কোর অব ইঞ্জিনিয়ার্স’ সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে-নাটোরে সেনা প্রধান

    ‘কোর অব ইঞ্জিনিয়ার্স’ সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে-নাটোরে সেনা প্রধান

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘কোর অব ইঞ্জিনিয়ার্স’ বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্বনামধন্য কোর। এই কোরের ইঞ্জিনিয়ারেরা দেশ ও দেশের বাইরে ব্রীজ, রাস্তাঘাটসহ নানা অবকাঠামো নির্মাণে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। রবিবার সকালে নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-এ কোর অব ইঞ্জিনিয়ার্স এর ৯ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনা প্রধান বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্স এর সেনাসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করছি। তারা স্বাধীনতার জন্য অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন। আমরা বাংলাদেশ সেনাবাহিনী এই কোরের জন্য গর্বিত। আমি এই কোরের উত্তরোত্তর সফলতা কামনা করছি। তিনি বলেন, সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশগঠনে কোর অব ইঞ্জিনিয়ার্স এর প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
    এর আগে সেনাবাহিনী প্রধান ইসিএসএমই পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং কমান্ড্যান্ট, ইসিএসএমই অভ্যর্থনা জানান। এছাড়া অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্স এর ৯ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়।
    অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; মহাপরিচালক, বিআইআইএসএস, চিফ কনসালটেন্ট জেনারেল, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট; ইঞ্জিনিয়ার-ইন-চিফ; অ্যাডজুট্যান্ট জেনারেল, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ; কমান্ড্যান্ট, ইসিএসএমই; বাংলাদেশ সেনাবাহিনীর সকল ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডারবৃন্দ; ইঞ্জিনিয়ার ইউনিটসমূহের অধিনায়কবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • রাজশাহী’র চারঘাট সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক

    রাজশাহী’র চারঘাট সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক

    রাজশাহী জেলার চারঘাট থানার হবির বাতান এলাকায় অভিযান চালিয়ে ১টি প্লাষ্টিকের বস্তায় ১০২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে রাজশাহী ১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বিজিবির এক প্রেসনোটে জানানো হয়, রবিবার (২৬ অক্টোবর) রাত্রি আনুমানিক সোয়া ৩টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৬৮/২-এস হতে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চারঘাট হবির বাতান এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন ০১টি প্লাষ্টিকের বস্তায় ১০২ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ০১টি টিনের ডোঙ্গা আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য এবং জলযান চারঘাট থানায় জমা দেয়া হয়েছে।

  • নড়াইলে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

    নড়াইলে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

    নড়াইল জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় সম্মিলিত সামাজিক জোটের ব্যানারে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মুহাম্মদ আব্দুল জলিল ও মুন্সী সোহেল রানা, নড়াইল জজকোর্টের অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম, সম্মিলিত সামাজিক জোটের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শাফায়াত উল্লাহ, ছাত্রনেতা তুহিন মোল্যা ও অকিবুর জামান অভি, এস এম ইরফানুল বারী উজ্জ্বল, মুহাদ্দিস হোসেন বাপ্পা, সাইফুল ইসলাম বকুল। বক্তারা বলেন, নড়াইল বরাবরই জাতিকে শ্রেষ্ঠ সন্তান উপহার দিয়েছে। নড়াইল বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ অসংখ্য জ্ঞানী মানুষের জন্মস্থান। ‘২৪-এর আন্দোলনেও নড়াইল জেলা হতে দুজন শহীদ হয়েছেন। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে নড়াইল জেলা সবসময় বৈষম্যের শিকার। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পাশের জেলা গোপালগঞ্জের উন্নয়ন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন যশোরে আরও একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। এবারও নড়াইলকে বঞ্চিত করা হয়েছে। বক্তারা, অবহেলিত নড়াইল জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জোর দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আগামীতে অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে শিক্ষক, ছাত্র, আইনজীবী, সাংবাদিকসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

  • বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের জরুরী আলোচনা সভা

    বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের জরুরী আলোচনা সভা

    বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের জরুরী আলোচনা সভা

    রাজধানীর পুরানা পল্টন মোড় এল মল্লিক কমপ্লেক্স কনফারেন্স হল রুমে বিশ্ব ধূমপানমুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরী সভা হয়েছে। শনিবারের এই সভায় আগামী ডিসেম্বর মাসে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ও উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যদের বরন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। এই অনুষ্ঠানটি ঢাকার কেরানীগঞ্জে শরীফ পার্কে দিনব্যাপী সকাল ৯ টা থেকে রাত ৮ পর্যন্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীর এই অনুষ্ঠান সুন্দরভাবে করার জন্য একটি উদযাপন কমিটি করা হয় সর্বসম্মতি ক্রমে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী কে উদযাপন কমিটির আহ্বায়ক এবং সংগঠনের অর্থ সম্পাদক ইমারত হোসেন ইমনকে সদস্য সচিব করে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফুল আলম রিয়াজ। এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি শেখ আজিমুউদ্দিন আহমেদ, ডাক্তার মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট সেলিনা আক্তার, জিল্লুর রহমান আজাদ, রেদোয়ান হোসেন অমি, মোঃ সোহাগ ইসলাম, দপ্তর সম্পাদক তারেক হাসান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার আশফাক আহমেদ চৌধুরী, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া তূর্ণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন মোঃ তুহিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ রাসেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিবুল্লাহ জয়, সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম সিকদার, সহ মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, সহ শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ ইয়াসমিন ইসলাম, নির্বাহী সদস্য মোঃ বেলায়েত হোসেন, শাহরিয়ার পারভেজ রানা কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইমারত হোসেন ইমন, উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী। অনুষ্ঠানের প্রধান আলোচক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী পরিকল্পনা পাঠ করে শোনান ও সভাপতি প্রস্তাবনা রাখেন।

  • ভোলাহাট স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের মিলনমেলা রাজশাহীতে

    ভোলাহাট স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের মিলনমেলা রাজশাহীতে

    ভোলাহাট স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের মিলনমেলা রাজশাহীতে

    চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম অরাজনৈতিক স্বেচ্ছাসেবি সংগঠন ‘ভোলাহাট স্টুডেন্টস এ্যাসোসিয়েশন’র মিলনমেলা নিয়ে রাজশাহীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে উচ্ছাস দেখা যাচ্ছে। বিশেষ করে দেশের শিক্ষানগরী খ্যাত রাজশাহীতে অধ্যয়নরত শিক্ষার্থী সহ সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে ১৯৯৮ সালে গড়ে উঠে এ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবি সংগঠনটি। মাঝে কয়েক বছর ঝিমিয়ে থেকে নতুন উদ্যমে উপজেলার বাইরে অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে এক জমকালো আয়োজন করতে যাচ্ছ এই সংগঠনটি। আর এই নিয়ে শিক্ষার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন মিলনমেলার রেজিস্ট্রেশন করা নিয়ে। আর এই রেজিস্ট্রেশন চলবে ৫ নভেম্বর ২০২৫ রাত ১০ টা পর্যন্ত। ভোলাহাট স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজশাহীতে অবস্থানরত ও ভোলাহাটের শিক্ষার্থী ও কৃত্তি সন্তানদের নিয়ে আয়োজন করা হয়েছে এই ভোলাহাট মিলনমেলা। এই মিলন মেলায় ভোলাহাট উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবেন। ০৮ নভেম্বর/২৫ রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় হবে এই মিলনমেলা। সকালের নাস্তা ও দুপুরের ভরপুর খাওয়া দাওয়া সহ হবে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আনলিমিটেড লটারি কেটে ল্যাপটপ জেতারও থাকছে সুবর্ণ সুযোগ। রেজিস্ট্রেশনকৃত সবার জন্য থাকবে একটি করে টি-শার্ট। তাই সময়ের মধ্যে আগ্রহী সকলকে রেজিস্ট্রেশন করার জন্য আহবান জানিয়েছেন আয়োজক কমিটি।

  • নওগাঁয় ডাব পাড়তে গিয়ে যুবকের মৃত্যু

    নওগাঁয় ডাব পাড়তে গিয়ে যুবকের মৃত্যু

    নওগাঁর বদলগাছীতে ভোর রাতে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আসলাম হোসেন (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোরের দিকে উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামে এই ঘটনা ঘটে। আসলাম হোসেন পারিচা গ্রামের মোলায়েম হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, রবিবার ভোরে আসলাম হোসেন ডাব চুরি করার উদ্দেশ্যে পারিচা গ্রামের এক ব্যক্তির ডাব গাছে ওঠেন। ডাব পেড়ে নিচে নামার সময় অসাবধানতাবশত পা ফসকে তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। বদলগাছী থানার ওসি আনিছুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

    গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

    জামালপুরের বকশীগঞ্জে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গিকার” স্লোগানে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে দলের চতুর্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের উপজেলা শাখার আহবায়ক ও জামালপুর-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ এর সামনে থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা শাখার সদস্য সচিব আমীর হোসেন, যুগ্ম আহবায়ক মোনাহার হোসেন, যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, যুগ্ম সদস্য সচিব আতিকুজ্জামান দীপ্ত, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সা’আদ আহমেদ রাজু সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে বকশীগঞ্জ বাস স্ট্যান্ড মোড়ে সংক্ষিপ্ত সভা করেন গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা। এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমনকে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহবান জানানো হয়। জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র রক্ষায় দলটির নেতা কর্মীরা সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।