Blog

  • কালিয়ায় নির্মাণ কোম্পানি ও ঠিকাদারের বিরুদ্ধে শ্রমিকের টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

    কালিয়ায় নির্মাণ কোম্পানি ও ঠিকাদারের বিরুদ্ধে শ্রমিকের টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

    নড়াইলের কালিয়ায় বারোই পাড়া ব্রীজ নির্মাণ শ্রমিকের বকেয়া টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ঢাকার শ্যামলী আদাবর এলাকার কংক্রিট এন্ড স্টীল টেকনোলজি কোম্পানি লিঃ ও ঠিকাদারের বিরুদ্ধে। বিগত এক বছরের লেনদেনে ৫ লক্ষ ৮০ হাজার টাকা বকেয়া পড়ায় বিপাকে পড়েছে শ্রমিকেরা বলে জানান শ্রমিকদের সরদার লাল মিয়া। কোম্পানির জিএম ইমরান, পিএম লিটন ও ইঞ্জিনিয়ার মাধবসহ সাব ঠিকাদার জসিমের যোগসাজসে টাকা না দিয়ে তাদের মিথ্যা আশ্বাসে বিশ দিন মানবেতর জীবন কাটাচ্ছে শ্রমিক সরদার লাল মিয়া ও তার শ্রমিকেরা। কালিয়ার পাড়ের অফিসে টাকা চাইতে গেলে মারপিটের শিকারও হয়েছেন লাল মিয়া। দরীদ্র শ্রমিক সরদার লাল মিয়া দ্রুত তার পাওনা টাকা দাবি করেন।
    সরেজমিনে বারোইপাড়া সেতুতে গেলে শ্রমিক সরদার লাল মিয়া বলেন, বিগত ১ বছর আগে সাব ঠিকাদার জসিমের সাথে মৌখিক চুক্তি অনুযায়ী আমরা কাজ শুরু করি। ১৫ দিন কাজ করার পর ওই ঠিকাদারের লেনদেন ভাল না হওয়ায় আমরা কাজ বন্ধ করে চলে যেতে চাইলে ওই কোম্পানি জিএম ইমরানসহ সংশ্লিষ্টরা দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে বলেন। যার অডিও রেকর্ড সংরক্ষণে আছে। কিন্তু অবশেষে কোম্পানি ও আমাদের সাথে ছিনিমিনি খেলেছে। আমাদের কাজ শেষ হওয়া প্রায় এক মাস হতে চললেও কোম্পানি বিল না দেওয়ায় বাকিতে খাওয়া স্থানীয় দোকানীরা আমাদের টাকার জন্য চাপ দিচ্ছে। এখন আমরা মানবেতর জীবন যাপন করছি। মারপিটের বিষয়ে কোম্পানির পিএম লিটনকে ফোন দিলে তিনি বাড়ীতে আছেন বলে জানান। তবে একটু পরে কথা বলবেন বলে আর যোগাযোগ করেননি।
    কোম্পানি শ্রমিকদের দায়িত্ব নেওয়াসহ বকেয়া পাওনার বিষয়টি স্বীকার করে ইঞ্জিনিয়ার মাধব বলেন, লাল মিয়ার টাকা অফিস দিয়ে দেবে। তবে ঠিকাদার অফিস থেকে ১০ লক্ষ টাকা নিয়েছে। অফিসে গেলে ঠিকাদারের সাথে হিসাব করে তাদের বুঝিয়ে দেওয়া হবে। এ বিষয়ে ওই কোম্পানির জিএম ইমরানের সাথে কথা হলে বলেন, ঠিকাদারের সাথে বনিবনা না হওয়ায় আমরা দায়িত্ব নিয়েছি। এ সময় খোরাকি বাবদ লালমিয়াকে এবং ঠিকাদার জসিমকে কাজের বিল বাবদ অনেক টাকা দেওয়া হয়েছে। তবে তারা উভয়ে অফিসে আসলে হিসাব নিকাস শেষে বকেয়া দিয়ে দেওয়া হবে।

  • সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে ‘এআই ও রোবটিক হ্যাকাথন’ অনুষ্ঠিত

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে ‘এআই ও রোবটিক হ্যাকাথন’ অনুষ্ঠিত

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে ‘এআই ও রোবটিক হ্যাকাথন’ অনুষ্ঠিত

    শিক্ষার্থীদের মাঝে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের জ্ঞান ছড়িয়ে দিতে এবং আগামীর উদ্ভাবক হিসেবে তাদের গড়ে তুলতে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে “আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও ‘এআই ও রোবটিক হ্যাকাথন’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড এবং এমওডি একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও নাহিদ তামান্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান। হ্যাকাথনের বিভিন্ন সেশনে বিশেষজ্ঞ বক্তারা আলোচনা করেন। কোয়ান্টা রোবটিক্সের প্রতিষ্ঠাতা সঞ্জিত মন্ডল রোবটিক্সের উপর একটি সেশন পরিচালনা করেন। এআই সেশনে বক্তব্য রাখেন টেকনোগ্রাম ও সবজান্তা এআই-এর প্রতিষ্ঠাতা এবং জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ডিরেক্টর আহমেদুল ইসলাম বাবু এবং টেকনোগ্রাম লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর এ.এস.এম রিয়াজ। এছাড়াও অনলাইন সেশনে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হন স্টেমসেল ফাউন্ডেশনের সিইও পেং চু এবং সিটিও মিরো কোস্টেকি। অনুষ্ঠানের মূল লক্ষ্য, শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের গতানুগতিক শিক্ষার বাইরে এসে বাস্তব সমস্যা সমাধানে উদ্বুদ্ধ করা। দিনব্যাপী এই আয়োজনে রোবটিক্স এবং এআই-এর উপর বিশেষ সেশন,

    ভিডিও প্রদর্শনী, শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব এবং গ্রুপ ফটো সেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও নাহিদ তামান্না বলেন, “আজকের এই হ্যাকাথন কেবল একটি প্রতিযোগিতামূলক আয়োজন নয়। এটি একটি বাস্তব অনুশীলন ক্ষেত্র, যেখানে আমাদের তরুণ মেধাবীরা একত্রিত হয়ে জটিল প্রযুক্তিগত সমস্যার সমাধান খুঁজবে। আমরা চাই, আমাদের আগামী প্রজন্ম শুধু প্রযুক্তির ব্যবহারকারী হবে না, তারা হবে প্রযুক্তির উদ্ভাবক ও নিয়ন্ত্রক। সেই লক্ষ্যে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে একটি ইনোভেশন ও রোবটিক ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী ক্ষমতা বাস্তবে রূপ দিতে পারবে।”
    সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান তার স্বাগত বক্তব্যে বলেন, “আজকের এই দিনটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা। আমরা এমন এক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে শেখা হবে আনন্দের, চিন্তা হবে মুক্ত এবং উদ্ভাবন হবে নিত্যনৈমিত্তিক অভ্যাস। আমরা আর শুধু প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকতে চাই না, আমরা প্রযুক্তির উদ্ভাবক হতে চাই। এই হ্যাকাথন শিক্ষার্থীদের নিজেদের সক্ষমতা আবিষ্কার করার একটি মঞ্চ।”

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, টেকনোগ্রাম ও সবজান্তা এআই-এর প্রতিষ্ঠাতা আহমেদুল ইসলাম বাবু, অস্ট্রেলিয়ার স্টেমসেল ফাউন্ডেশনের সিইও পেং চু, এমওডি একাডেমির প্রতিষ্ঠাতা সজীব রায়। শিক্ষার্থীদের পক্ষ থেকে ভিডিও বার্তায় বক্তব্য দেন আমেরিকায় অধ্যয়নরত শিক্ষার্থী আরাফ ইসরাক। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিলো চ্যানেল আই, দৈনিক যুগান্তর এবং দ্য ডেইলি সান। ডকুমেন্টশন পার্টনার ইন্টেলিয়া, ব্রান্ডিং পার্টনার কমস কিউ এবং ইউনিক কমিউনিকেশন। হ্যাকাথন শেষে বিশেষজ্ঞ অতিথি এবং আয়োজকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং একটি গ্রুপ ফটো সেশনের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। উক্ত হ্যাকাথন ৭দিনের অনলাইন প্রশিক্ষণ প্রদান করা হবে এবং শিক্ষার্থীদের হাতে কলমে রোবট তৈরির প্রশিক্ষণ প্রদান করা হবে।

  • সাতক্ষীরায় সাংবাদিকের ওপর জামায়াত নেতা-কর্মীদের হামলা

    সাতক্ষীরায় সাংবাদিকের ওপর জামায়াত নেতা-কর্মীদের হামলা

    সাতক্ষীরার তালায় জামায়াত নেতার নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তালা হাসপাতালে জরুরী বিভাগের সামনে হামলার এই ঘটনা ঘটে। এর আগে, দুপুরে রহিমাবাদ গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আরও একটি হামলার ঘটনা ঘটেছিল। হামলায় আহত হয়ে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রহিমাবাদ গ্রামের আবতার মোড়লের স্ত্রী রমেছা বেগম।
    আহতের ছেলে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক মোস্তাফিজুর রহমান রাজু বলেন, গ্রামের মধ্যে একটি রাস্তা সংস্কার নিয়ে দুপুরের পর বৈঠকে বসাবসি হয়। সেখানে সাত্তার মোড়ল ও আনিছ মোড়ল রাস্তা করতে দেবে না বলে বাধা দেয়। আমার বাবা প্রতিবাদ করলে বাবা-মা ও আমাকে দলবল নিয়ে মারপিট করে। মা হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীরা সবাই জামায়াতের কর্মী সমর্থক। এদিকে, সাংবাদিক রাজুর মাকে সন্ধ্যায় তালা হাসপাতালে দেখতে ও সংবাদ সংগ্রহের জন্য যান খাঁন নাজমুল হুসাইন নামের অপর এক সাংবাদিক। সেখানে পৌঁছানো মাত্রই পুনরায় আবার হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার সাংবাদিক খাঁন নাজমুল ইসলাম বলেন, হাসপাতালে ভর্তি সহকর্মী রাজুর মাকে দেখা ও তথ্য সংগ্রহের জন্য হাসপাতালে যাই। সেখানে পৌঁছানো মাত্রই জরুরি বিভাগের সামনে তালা সদর ইউনিয়ন জামায়াতের টিম সদস্য, চেয়ারম্যান প্রার্থী অ্যাড. মশিয়ার রহমান ও উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর নেতৃত্বে ২০-৩০ জন জামায়াতের কর্মী সমর্থকরা আতর্কিতভাবে হামলা চালিয়ে মারপিট করে। ৫ আগষ্ট পরবর্তীতে যুব জামাতের রেন্টুর বিরুদ্ধে বিরোধপূর্ণ জমিজমা মীমাংসার নামে চাঁদাবাজি, দখলবাজির অভিযোগও রয়েছে। হামলার বিষয়ে যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আমরা মীমাংসার জন্য গিয়েছিলাম। এ সময় সাংবাদিক নাজমুল ইসলামের সঙ্গে তর্ক-বিতর্ক হাতাহাতি হয় মারপিটের ঘটনা ঘটেনি। জামায়াত নেতা অ্যাড. মশিয়ার রহমান বলেন, সাংবাদিক নাজমুলকে আমি বলেছি এটা পারিবারিক বিষয়। ভিডিও করা, পত্রপত্রিকায় দিয়ে থানা পুলিশ করার দরকার নেই। এ সময় তর্ক হয়। তখন আমার সঙ্গে যারা ছিল তারা ক্যামেরা নেওয়ার চেষ্টা করেছে। এতে কিছুটা ধস্তাধস্তি হয়েছে। তালা থানার ওসি মো. মাঈনুদ্দীন বলেন, দুপুরে একটা ঘটনা ঘটেছে। ওটাকে কেন্দ্র করে সন্ধ্যায় আবার মারপিটের ঘটনা ঘটেছে। থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য সাংবাদিককে পরামর্শ দেওয়া হয়েছে।

  • রংপুরের পাটগ্রামে জব্দকৃত ৪১৬ বস্তা সার কৃষকের মধ্যে বিতরণের ঘোষণা

    রংপুরের পাটগ্রামে জব্দকৃত ৪১৬ বস্তা সার কৃষকের মধ্যে বিতরণের ঘোষণা

    রংপুরের পাটগ্রামে জব্দকৃত ৪১৬ বস্তা সার কৃষকের মধ্যে বিতরণের ঘোষণা

    রংপুর বিভাগের লালমনিরহাটের পাটগ্রামে প্রায় ৪১৬ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার ফারুক হোসেনকে ৩০ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সার শ্রীরামপুর ইউনিয়নের কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে বলে জানান পাটগ্রাম ইউএনও। শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার বাইপাস মোড়ে করিম ট্রেডার্সের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সুত্র জানায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার ও মেসার্স অগ্রণী ট্রেডার্সের স্বত্বাধিকারী ফারুক আহম্মেদ লালমনিরহাটের মহেন্দ্রনগর সরকারি গোডাউন থেকে ইউরিয়া, ডিএপি ও পটাশ সারসহ প্রায় ৭০০ বস্তা সার ট্রাকে করে আনেন। পরে বাইপাস মোড়ে আনলোড করে বিভিন্ন ইউনিয়নের খুচরা বিক্রেতাদের কাছে ভ্যানযোগে বিক্রি করতে থাকেন। বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল যান পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল ও স্থানীয় লোকজন। পরে উপজেলা প্রশাসনকে অবহিত করেন তিনি। নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে সার বিক্রির দায়ে ডিলার ফারুক আহম্মেদকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৪১৬ বস্তা সার জব্দ করেন। মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, ‘করিম ট্রেডার্সের সামনে সারের ট্রাক খালাস ও খুচরা বিক্রির খবর পেয়ে আমরা ইউএনওকে জানাই। পরে প্রশাসন এসে কোনো বৈধতা না পেয়ে সার জব্দ ও জরিমানা করে। কৃষকরা যেন ন্যায্য মূল্যে সার পান, এটাই আমাদের দাবি।’ পাটগ্রাম ইউএনও উত্তম কুমার দাশ বলেন, ‘অবৈধভাবে সার এনে মজুদ ও খুচরা বিক্রির অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী ডিলার ফারুক আহম্মেদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার শ্রীরামপুর ইউনিয়নের কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে। তিনি আরও বলেন, ‘সারের কৃত্রিম সংকট নিরসন ও বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

  • নাচোলে সরকারী কর্মকর্তা ও সুধীজনদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

    নাচোলে সরকারী কর্মকর্তা ও সুধীজনদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

    নাচোলে সরকারী কর্মকর্তা ও সুধীজনদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা মিনিকনফারেন্স হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও উপ-পরিচালক স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতিত্বে ও নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রমের অনুক্রম অবহিত ও স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আব্দুল্লাহ আল মামুন, নাচোল সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া,

    নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও উপজেলা স্টুডেন্টের প্রতিনিধি উপস্থিত ছিলেন। মতবিনিময়ের পূর্বে রাওতাড়ায় ইলা মিত্র মঠ ও স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন। বিকেলে শিক্ষক প্রতিনিধিদের সাথে উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

  • চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২ ॥ আহত ১

    চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২ ॥ আহত ১

    চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২ ॥ আহত ১

    চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মিজানুর রহমান ও শিহাব আলী নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। ওই দূর্ঘটনায় আহত হয়েছেন ইমন আলী নামে আরেক যুবক। বুধবার বিকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-সদর উপজেলা মাঝপাড়ার তাজেবুর রহমানের ছেলে মিজানুর রহমান (২২) ও ধীনগর গ্রামের কামাল হোসেনের ছেলে শিহাব হোসেন (২০)। আহত যুবক হচ্ছেন আমনুরা কলোনীর শফিকুল ইসলামের ছেলে ইমন আলী। সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, বেলা পৌনে ৩ টার দিকে একই মোটরসাইকেলে তিন যুবক ঝিলিমবাজার থেকে গোদাগাড়ী যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি কালভার্টের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পথেই মারা যায় মিজানুর। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা য়ায় শিহাব। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।

  • প্রধান নির্বাচন কমিশনার এর সাথে বিএনপির বৈঠক

    প্রধান নির্বাচন কমিশনার এর সাথে বিএনপির বৈঠক

    আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে করেছেন বিএনপির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বাধীন দলটি সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেন। এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বোর্ড গ্রহণ কর্মকর্তা নিয়োগ প্যানেলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইসি কর্মকর্তারা। এর আগে, ২১ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ধারাবাহিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

  • খড়ের দাম আকাশচুম্বি-গবাদিপশু পালনেও নতুন চ্যালেঞ্জ!

    খড়ের দাম আকাশচুম্বি-গবাদিপশু পালনেও নতুন চ্যালেঞ্জ!

    খড়ের দাম আকাশচুম্বি-গবাদিপশু পালনেও নতুন চ্যালেঞ্জ!

    গোমস্তাপুরসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষিজ অর্থনীতি এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি। একসময় মাঠের ধান কাটার পর ফেলে রাখা খড়কে কেউ তেমন মূল্য দিত না। কিন্তু আজ সেই খড়ই যেন সোনার দরে বিকোচ্ছে। বর্তমানে প্রতি পোণ খড় (কাড়ি) বিক্রি হচ্ছে ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকায়। ৮০ আটিতে এক পোণ আর ১৬ পোণে এক কাউহন—এই প্রাচীন মাপ অনুযায়ী হিসাব করলে বোঝা যায়, একটি কাউহন খড় বিক্রি করে একজন কৃষক বেশ ভালোই আয় করতে পারেন, যদি তিনি খড় সংরক্ষণে সক্ষম হন। তবে এ বছর পরিস্থিতি ভিন্ন। গত বোরো মৌসুমে অতিবৃষ্টির কারণে অধিকাংশ কৃষক মাঠ থেকে খড় বা কাড়ি উঠাতে ব্যর্থ হন। বর্ষার পানি নেমে যাওয়ার আগেই খেতজুড়ে নষ্ট হয়ে যায় ধানগাছের নিচের অংশ, ফলে খড়ের ঘাটতি দেখা দেয়। যারা আগাম ধান চাষ করেছিলেন, তারাই কিছুটা খড় তুলতে পেরেছেন। এখন বাজারে সেই খড়ের চাহিদা প্রচণ্ড। গোমস্তাপুরসহ চাঁপাইনবাবগঞ্জে চারণভূমির অভাব দীর্ঘদিনের সমস্যা। এ জেলায় গবাদিপশুর খাবারের বড় অংশই নির্ভর করে ধান কাটার পরের খড়ের ওপর। চারণভূমি না থাকায় কৃষকদের গরু-মহিষ পালন করা দিন দিন আরও কষ্টকর হয়ে উঠছে। ফলে পশুখাদ্যের সংকট তৈরি হচ্ছে, যা সরাসরি প্রভাব ফেলছে দুধ ও মাংস উৎপাদনে। গবাদিপশু পালন একসময় ছিল গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ আয়ের উৎস। দুধ বিক্রি, বাছুর বিক্রি, এমনকি গোবর সার হিসেবেও কৃষকের উপকার হতো। কিন্তু এখন বাস্তবতা কিছুটা ভিন্ন। রোগবালাই, খাদ্যসংকট ও চিকিৎসা ব্যয়ের কারণে গবাদিপশু পালন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নানা ভাইরাস ও সংক্রমণজনিত রোগে আক্রান্ত হচ্ছে গরু-মহিষ, ফলে অনেক পশুপালক এখন ভাবছেন ব্যবসা টেকসই হবে কি না।
    তবুও আশার কথা—যদি স্থানীয়ভাবে খড় সংরক্ষণ ব্যবস্থা ও বিকল্প পশুখাদ্য উৎপাদন প্রকল্প চালু করা যায়, তবে এ খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে। কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি গ্রামীণ অর্থনীতিতেও ফিরবে প্রাণচাঞ্চল্য। সারসংক্ষেপে, গোমস্তাপুরসহ চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের জন্য খড় এখন শুধুই পশুখাদ্য নয়, এটি এক অর্থনৈতিক সম্পদ। তবে এই খড় রক্ষার সঙ্গে যুক্ত আছে প্রকৃতি, পরিকল্পনা এবং পরিশ্রম, এই তিনের সুষম সমন্বয়েই টিকে থাকতে পারবে কৃষক ও পশুপালন ব্যবসা।

  • জামায়াতের কারণে কেউ কষ্ট পেলে নিঃশর্ত ক্ষমা চাই- জামায়াত আমির

    জামায়াতের কারণে কেউ কষ্ট পেলে নিঃশর্ত ক্ষমা চাই- জামায়াত আমির

    জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালসহ ১৯৪৭ সাল থেকে বর্তমান পর্যন্ত দলের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাই। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন (কোবা) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন ইস্যু নিয়েও তিনি মত প্রকাশ করেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘ব্যক্তি যেমন ভুল করতে পারে, তেমনি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল, কোনটা সঠিক, সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে। তিনি আরও বলেন, ‘আমরা আদর্শবাদী একটি দল। আমাদের দ্বারা বা আমাদের সহকর্মীদের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেই সকল মানুষের কাছে আমি শর্ত ছাড়াই ক্ষমা চাচ্ছি। মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই। এটি আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্ববোধের বিষয়।

  • স্বেচ্ছাশ্রমে লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

    স্বেচ্ছাশ্রমে লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

    রংপুর বিভাগের লালমনিরহাট জেলা সদরের হারাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে টাপু সতী নদীর উপর স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করেছে লালমনিরহাট জেলা যুবদল। সাঁকো নির্মাণে দুই পাড়ের প্রায় ২০ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে বাঁশের সাঁকো উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান, সদস্য সচিব হাসান আলী উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, হারাটি ইউনিয়নের চোঙাগাড়া টাপুরপাড় এবং মালতাপাড়া গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে সতী নদী। নদীটি ওই দুই গ্রামকে বিভক্ত করে রেখেছে। নদীর দক্ষিণ পাশে আরাজি টাপুরপাড় গ্রামে দুই শতাধিক পরিবার এবং নদীর উত্তর পাশে মালতাপাড়া গ্রামে তিন শতাধিক পরিবার বসবাস করে আসছে। আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের সতী নদীর স্বর্ণামতি ব্রিজ থেকে কেশোর ঘাট ব্রিজ পর্যন্ত নদীর প্রায় ৮ কিলোমিটার এলাকায় কোনো ব্রিজ নেই। ফলে যুগের পর যুগ এলাকার মানুষজন বর্ষা মৌসুমে নৌকা আর শুষ্ক মৌসুমে নদীতে খুঁটি গেড়ে বাঁশ বেঁধে তার ওপর দিয়ে চলাচল করে আসছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হতো গ্রামের সব বয়সী শত শত মানুষ। গেল বর্ষায় নদী পার হতে গিয়ে বাঁশ ভেঙে কোলে থাকা দুধের শিশুসহ নদীতে পড়ে যায় এক মা। পরে গ্রামবাসী মাকে উদ্ধার করতে পারলেও মারা যায় শিশুটি। নদী পার হতে ভয় পেতেন সবাই। নারী, শিশু ও অসুস্থ ব্যক্তিদের জন্য নদী পারাপার ছিল আতঙ্কের নাম। সেখানে একটি সেতু নির্মাণের জন্য স্থানীয়রা বহুবার সরকারি দপ্তরে আবেদন ও যোগাযোগ করলেও কোনো সুফল মেলেনি। অবশেষে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা নিজ অর্থায়ন এবং শ্রম দিয়ে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট প্রস্থের একটি বাঁশের সাঁকো তৈরি করেন। নদী পার হতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে কি না। এখন সেই ভয় কেটে গেছে আমাদের। যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। একটি ব্রিজের জন্য আমরা দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছি। তবে এখন মজবুত একটি বাঁশের সাঁকো তৈরি করায় নদী পারাপারে ভয় ও ভোগান্তি দূর হলো। বাঁশের সাঁকো নির্মাণ করায় যুবদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, যুবদল সবসময় জনগণের পাশে থাকে। উন্নয়ন মানে শুধু সরকারের কাজ নয়, মানুষের সেবায় এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান। দল ক্ষমতায় এলে এ এলাকায় সেতু নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।