Blog

  • জয়পুরহাটে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

    জয়পুরহাটে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

    জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে গভীর রাতে প্রতিবেশীদের মাঝে লাগা ঝগড়া থামাতে গেলে এক পক্ষের ধাক্কায় আব্দুল খালেক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালেক ঐ গ্রামের মৃত আব্দুল গনির পুত্র। শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক। স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে উপজেলার উচাই গ্রামের খালেকের পুত্র আনোয়ার হোসেনের পুকুরে নেমে তারই বোন আঞ্জুয়ারা মাছ ধরেন। এটি জানতে পেরে আনোয়ার তার বোনকে গালিগালাজ করেন। পরবর্তীতে এ নিয়ে আবারও রাত ১১ টার সময় আনোয়ার, তার বন্ধু ও প্রতিবেশি নুর ইসলাম ও তার স্ত্রী সেলিনা আঞ্জুয়ারার উঠানে গিয়ে ঝগড়াঝাটি শুরু করেন। এসময় বৃদ্ধ আব্দুল খালেক এত রাতে ঝগড়াঝাটি না করতে তাদের নিষেধ করতে গেলে প্রতিবেশি নুর ইসলাম ও তার স্ত্রী সেলিনা বৃদ্ধ খালেককে সজোরে ধাক্কা দেয়। তাদের ধাক্কায় আব্দুল খালেক মাটিতে রাখা বাঁশের উপর পড়ে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে অসুস্থ্য হয়ে পড়েন। পরে তার অবস্থা অবনতি হলে রাতেই পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, এব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • গাইবান্ধার সাঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

    গাইবান্ধার সাঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

    জেলার সাঘাটায় পুকুরের পানিতে ডুবে মিঠুন চন্দ্র নামের ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সাঘাটা ইউনিয়ন এর যোগীপাড়া গ্রামের (হরিশ ডাক্তারের বাড়ী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন চন্দ্র ঐ এলাকার উজ্জ্বল মিয়ার ছেলে। জানা গেছে, শুক্রবার দুপুরে শিশুটির মা সাগরিকা@ঝর্না তাকে বসতবাড়ীতে রেখে পাশের বাড়িতে ডিম কিনতে যায়। সেখান থেকে ফিরে এসে তার শিশু বাচ্চা মিঠুনকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুজতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে তার বাড়ির পার্শ্বের একটি পুকুরে শিশু মিঠুন চন্দ্রের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে মিঠুনকে পুকুর থেকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু মিঠুন চন্দ্র কে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে সাঘাটা থানার (ওসি) বাদশাহ আলম জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

  • কালিয়া নড়াগাতী থানা বিএনপি’র সাধারণ সভা

    কালিয়া নড়াগাতী থানা বিএনপি’র সাধারণ সভা

    নড়াইলে বিএনপির নড়াগাতী থানা কমিটির আয়োজনে নড়াগাতী মহাবিদ্যালয়ের হলরুমে সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ বুলবুল কবিরের সঞ্চালনায় নড়াগাতী থানা বিএনপির সভাপতি খাঁন মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নড়াগাতী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিশ্বাস নওশের আলী, সহ-সভাপতি শাহ মোঃ জাফর মোল্লা, সাংগঠনিক সম্পাদক শরাফাত হোসেন সভো , সাংগঠনিক সম্পাদক গাজী সেলিম আহমেদ, কোষাধ্যক্ষ খাঁন আবুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নাদিরা আকতার জোছনা মল্লিক, নড়াগাতী থানা মহিলা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোসম্মৎ রুপালি । শুক্রবার এ অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সুখী ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। আগামী জাতীয় সংসদ নির্বাচন নড়াইল -১ আসনে ধানের শীষ প্রতীক কে বিজয়ী করতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের পরামর্শে ৩১ দফার মূল প্রতিপাদ্য নড়াইলে প্রান্তিক পর্যায়ের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন, নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি শরীফ কাইয়ুম হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক মোল্লা লিয়াকত হোসেন, দপ্তর সম্পাদক চৌধুরী তৌহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ স্বপন, স্বেচ্ছাসেবক সম্পাদক আলহাজ্ব কুবাদ সিকদারসহ নড়াগাতী থানা বিএনপি নেতাকর্মীরা। এ আনুষ্ঠান শেষে নড়াগাতী থানা বিএনপি সভাপতি খাঁন মতিউর রহমান দলীয় প্রতিকের স্টিকার তুলে দেন নেতা-কর্মীদের হাতে।

  • বগুড়ায় ডাকাতির পর বৃদ্ধাকে হত্যা ॥ গ্রেফতার ৪

    বগুড়ায় ডাকাতির পর বৃদ্ধাকে হত্যা ॥ গ্রেফতার ৪

    বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া বাজারে হত্যাসহ ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত টাকার মধ্যে নগদ ১৩ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন। পুলিশ জানায়, ডাকাতির পর গ্রেফতারকৃতরা ভাগ হিসেবে পেয়েছিল পাঁচ হাজার টাকা করে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তালোড়া বাজার এলাকার ব্যবসায়ী হিমু পোদ্দার আগরওয়ালার বাড়িতে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে এবং নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে নেয়। এ সময় বাধা দিলে হিমুর স্ত্রী বিমলা পোদ্দারকে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। পরে ভোর সাড়ে ৪টার দিকে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপরই জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে মূলহোতা জুয়েলসহ রাজু, ইমরান ও আসলামকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকার অংশ এবং নিহত বিমলার ব্যবহৃত মোবাইল ফোনসহ দুটি ফোন উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এর মধ্যে রাজুর বিরুদ্ধে পূর্বের চারটি মামলাসহ প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

  • শাহজালালে ভয়াবহ আগুন ॥ নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিট

    শাহজালালে ভয়াবহ আগুন ॥ নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিট

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। শনিবার (১৮ অক্টোবর) আনুমানিক দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিমানবন্দরের ভেতরে ৮ নম্বর গেটের কাছে স্কাই ক্যাপিটালের অফিস ও ইম্পোর্ট কার্গো এরিয়ায় আগুন লেগেছে। দুপুর ২টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৩৬ টি ইউনিট কাজ করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কার্গো সেকশনে আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলো আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ ও সচেতন থাকার অনুরোধ জানিয়েছে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

  • রাজশাহীর পবা’য় ধান ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

    রাজশাহীর পবা’য় ধান ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

    রাজশাহী জেলার পবা উপজেলার একটি ধান ক্ষেত থেকে মধ্যবয়সী এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাগসারা মোড় এলাকায় একটি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন পবা থানার ওসি মনিরুল ইসলাম। তবে, পুলিশের ধারণা ওই নারীতে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
    স্থানীয়রা ও পুলিশ জানায়, সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। দুপুর ১টার দিকে পুলিশ ও সিআইডি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। ওসি মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ধর্ষণের পর তাকে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেয়েটির পরিচয় শনাক্তসহ এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

  • জেলার শিবগঞ্জে সন্ত্রাস ও ডাকাতদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

    জেলার শিবগঞ্জে সন্ত্রাস ও ডাকাতদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

    জেলার শিবগঞ্জে সন্ত্রাস ও ডাকাতদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের এস.আই কালামের প্রত্যক্ষ মদদে প্রকাশ্যে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুরে এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী আব্দুল সোতালেব, হারুন অর রশিদ, রইসুদ্দিন, আব্দুল রহিম, আব্দুল খালেক, পলাশ মিঞাসহ অনেকে।

    বক্তারা বলেন, শাহবাজপুর ইউনিয়নে প্রকাশ্যে রায়হান, ইউসুফ, মোশাররফ, জাবেদ, আব্দুল্লাহ এক ভাঙারি ব্যবসায়ীর ভ্যান সহ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। আর পরবর্তীতে এদের মদদ দেন পুঠিয়া থানা পুলিশের কর্মকর্তা এস.আই কালাম। প্রকাশ্যে মদদে তারা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের এই ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের সন্ত্রাসী-ডাকাতি কর্মকান্ডর সাথে যারা জড়িত বা যারা মদদ দিচ্ছেন, তাদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান বক্তারা।

    বক্তারা আরো বলেন, শাহবাজপুর ইউনিয়নে সমস্ত চুরি, ডাকাতি আর সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যারা জড়িত পুঠিয়া থানা পুলিশের এস.আই কালামের আত্মীয়-স্বজন। বিধায়, সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশ প্রশাসন যদি তাদের গ্রেফতার করে কঠিন শাস্তির আওতায় নিয়ে না আসেন, তাহলে কঠোর আন্দোলন করার হুশিয়ারি দেন বক্তারা। এব্যাপারে পুঠিয়া থানায় কর্মরত এসআই কালাম জানান, যারা আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে, তারা মাদককারবারী। তিনি আরও বলেন, ইউসুফ আলীর বাড়ি থেকে পিরোজপুরের লোকজন তার গরু নিয়ে চলে যায়। বিধায়, আমাকে জানালে আমি তাদের আইনের আশ্রয় নিতে বলি মাত্র। উল্লেখ্য, শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ইউসুফ আলীর স্ত্রী জিনিয়ারা বাদি হয়ে এলাকাবাসীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে উঠে এবং এলাকাবাসীর ব্যানারে পিরোজপুর মোড়ে মানববন্ধন করে।

  • এ কান্নার শেষ কোথায়? ব্যর্থ সংলাপের পর শিক্ষক নেতার অশ্রু!

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি

    এ কান্নার শেষ কোথায়? ব্যর্থ সংলাপের পর শিক্ষক নেতার অশ্রু!

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে ব্যর্থ হয়ে ফিরেছেন দেলোয়ার হোসেন আজিজী, হতাশার অশ্রুতে ভিজল শিক্ষাঙ্গন। দীর্ঘদিনের বঞ্চনা, অমানবিক বৈষম্য আর অবহেলার প্রতিবাদে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন দিন দিন তীব্র আকার ধারণ করছে। রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয়ে সংলাপ শেষে বৃহস্পতিবার বিকেলে ব্যর্থ হয়ে ফিরে আসেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন আজিজী। হতাশ মুখে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে যখন তিনি কান্নায় ভেঙে পড়েন, তখন সেই অশ্রু যেন গোটা শিক্ষক সমাজের বেদনার প্রতীক হয়ে ওঠে। উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে সরকারি শিক্ষকদের সমান বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, অবসর সুবিধাসহ ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৃহস্পতিবারের বৈঠকে এসব দাবির দ্রুত বাস্তবায়নের আশ্বাস না মেলায় হতাশা ছড়িয়ে পড়ে শিক্ষক সমাজে। দেলোয়ার হোসেন আজিজী বলেন,

    “আমরা সরকারের কাছে ভিক্ষা চাই না, অধিকার চাই। এভাবে আমাদের দাবি উপেক্ষা করা মানে শিক্ষা ব্যবস্থার অবমূল্যায়ন।” চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোতে এখন আন্দোলনের ঢেউ। অনেক স্কুলে শ্রেণি কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষকরা বলছেন, “আমরা শিক্ষার্থী পড়াতে চাই, কিন্তু পেটে ভাত না থাকলে কীভাবে শিক্ষা দেব?”
    বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি এই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কিন্তু রাষ্ট্রের বাজেট ও নীতিগত অবহেলায় তারা আজ চরম হতাশায়। শিক্ষক সমাজ মনে করছে, এই অশ্রু শুধু ব্যক্তিগত নয়, এটি একটি যুগের অবহেলার ইতিহাস। দেলোয়ার আজিজীর সেই কান্না যেন প্রশ্ন ছুঁড়ে দেয়, শিক্ষক যদি কাঁদে, তাহলে শিক্ষা কাঁদে না কেন? এ কান্নার শেষ কোথায়? দ্রুতই কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শিক্ষকদের যথাযথ সম্মান দিয়ে শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনার কথা বলছেন শিক্ষানুরাগীরা।

  • চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
    (১৬ অক্টোবর) বিকেলে থানায় ভবনে এই ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুকমল চন্দ্র দেব এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ একরামুল হক-পিপিএম। শতভাগ জবাবদিহিতা নিশ্চিত কল্পে শুরুতেই যথারীতি বিগত ওপেন হাউজ ডে তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ ও তার বাস্তবায়ন করেছেন, সেই সংক্রান্তে একটি বিবরণী (মিউনিট) পুঙ্খানুপুঙ্খ ভাবে আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শুনানো হয়। এসময় প্রধান অতিথি কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কে কাজে লাগিয়ে পুলিশ ও জনগণের পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে পুলিশের পাশাপাশি জনগণকে অপরাধ নিবারণ তথা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। এসময় উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে, প্রধান অতিথি মহোদয় উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর মডেল থানার সেকেন্ড অফিসার এস.আই রাজু আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সেবা প্রত্যাশী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

  • চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস। “মানুষ ভজলে সোনার মানুষ হবি” ফকির লালন সাঁইয়ের এই কালজয়ী মানবতাবাদী বাণীকে ধারণ করে দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার।

    বক্তারা, লালন সাঁইয়ের জীবনদর্শন, মানবপ্রেম ও সাম্যের চেতনা তুলে ধরেন। তাঁরা বলেন, লালনের বাণী শুধু সংগীত নয়, এটি এক গভীর জীবনদর্শন, যা মানুষে মানুষে বিভেদ ভুলে ঐক্যের বার্তা দেয়। তাঁর ভাবধারা আজও সমাজে সম্প্রীতি ও মানবতার আলো ছড়াচ্ছে। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, লালন সাঁইয়ের শিক্ষা আমাদের শিখিয়েছে ধর্ম, জাতি বা বর্ণের ঊর্ধ্বে মানুষই সর্বোচ্চ। তাঁর দর্শন আজও প্রাসঙ্গিক। আমরা যদি লালনের মানবতার বাণী জীবনে ধারণ করতে পারি, তবে সমাজ থেকে ঘৃণা, হিংসা ও বৈষম্য দূর হবে। লালনের দর্শনে অনুপ্রাণিত এই আয়োজনটি চাঁপাইনবাবগঞ্জে মানবতা ও ঐক্যের এক নতুন সুর ছড়িয়ে দিবে। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

    শিল্পীরা পরিবেশন করেন লালন গীতি, বাউল সুর ও মানবতার গান। দর্শক-শ্রোতারা দেহতত্ত্ব ও লালনের দর্শনে মুগ্ধ হয়ে গানগুলোর সাথে গলা মেলান। এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি কর্মী, শিক্ষক, ছাত্রছাত্রী, সাহিত্যপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।