Blog

  • গাইবান্ধায় অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু। আক্রান্ত ১১ জন

    গাইবান্ধায় অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু। আক্রান্ত ১১ জন

    গাইবান্ধায় অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু। আক্রান্ত ১১ জন

    গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে আজেনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) রাতে বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্লাহ বিষয়টি জানান। ইউপি চেয়ারম্যান বলেন, নিহত আজেনা বেগমের একটি ছাগলছানা অসুস্থ হলে গত বৃহস্পতিবার সেটি জবাই করেন। ছাগলের মাংস কাটাকাটি করার সময় তার হাতের আঙ্গুলে হাড় লেগে ক্ষত হয়। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের চিকিৎসা নেন। কিন্তু তাতে কাজ না হলে শনিবার আজেনা বেগম কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান।

    নিহত আজেনা বেগম উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের চৌকিদারের মোড় এলাকার আবুল হোসেনের স্ত্রী। এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক জানান, ৪ অক্টোবর শনিবার ওই রোগী খুব খারাপ অবস্থায় আমাদের এখানে এসেছিলেন। প্রয়োজনীয় চিকিৎসা দিয়েই তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়।তিনি অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে মারা গেছেন কি না এটা পরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা মুশকিল। তবে রোগীর প্রেশার ডাউন, শ্বাস কষ্টসহ অন্যান্য সমস্যা ছিল। ২৭ সেপ্টেম্বর শনিবার সুন্দরগঞ্জ উপজেলার বেলকার কিশামত সদর গ্রামে মাহাবুর রহমানের একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ওই গরুটি জবাই করে কমদামে অনেকেই মাংস ভাগাভাগি করে নেয়।

    গরু জবাইয়ের কাজে অংশ নেওয়া ১১ জনের শরীরে কয়েক দিন পর ফোসকা,ঘা এবং পচনের মতো উপসর্গ দেখা দেয়। ক্রমে ক্রমে আক্রান্তদের হাত,মুখ,চোখ ও নাকে ক্ষত চিহ্ন স্পষ্ট হতে থাকে। পরে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসকের কাছে গেলে তারা অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। আক্রান্তদের মধ্যে মোজাফফর মিয়া, মোজা মিয়া,

    শফিকুল ইসলাম ও মাহাবুর রহমান সহ পাঁচজন বর্তমানে গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। অ্যানথ্রাক্সে লক্ষন নিয়ে ১১ জন রোগী চিকিৎসা নিয়েছে জানিয়ে গাইবান্ধার সিভিল সার্জন ডা: রফিকুজ্জামান বলেন,অ্যানথ্রাক্সে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি মানুষ থেকে মানুষে ছড়ায়না। অসুস্থ গবাদি পশু জবাই বা মাংস ব্যবহারের মাধ্যমে এ রোগ ছড়ায়। নিয়মিত চিকিৎসা নিলে কয়েক দিনেই রোগীরা সুস্থ হয়ে ওঠেন। এ সময় তিনি সবাইকে অসুস্থ পশু জবাই থেকে বিরত থাকার পরামর্শ দেন।

  • বাঁচার মানে নিজের জন্য নয়-অন্যের মুখে হাসি ফোটানোই জীবনের আসল আনন্দ!

    বাঁচার মানে নিজের জন্য নয়-অন্যের মুখে হাসি ফোটানোই জীবনের আসল আনন্দ!

    মানবতার সেবাই রহনপুর

    বাঁচার মানে নিজের জন্য নয়-অন্যের মুখে হাসি ফোটানোই জীবনের আসল আনন্দ!

    “রহনপুরে এখন একটাই ডাক-মানবতার জয় হোক! কেউ কাঁদলে পাশে থাকে শতজন, কেউ কষ্টে পড়লে ছুটে আসে অগণিত হাত। এ শহর শিখিয়েছে, মানুষের পাশে দাঁড়ানোই আসল ধর্ম।” চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ছোট্ট একটি শহর, কিন্তু এর হৃদয় বিশাল। এখানে মানুষের মধ্যে প্রতিদিন জন্ম নেয় সহানুভূতি, উদারতা ও মানবতার মধুর বন্ধন। শহরের প্রতিটি কোণায় যেন বাজে একটাই সুর “মানুষ মানুষের জন্য।” রেলস্টেশন থেকে শুরু করে বড়বাজার, হাসপাতাল মোড় কিংবা সাধারণ মহল্লার গলি—সব জায়গাতেই দেখা মেলে মানবতার দৃশ্যপট। কেউ দুর্ঘটনায় পড়লে পাশে দাঁড়ায় তরুণরা, কেউ অসুস্থ হলে অনেকে মিলে তহবিল তোলে চিকিৎসার জন্য। কোনো বৃদ্ধ রেলস্টেশনে বসে থাকলে কেউ না কেউ এগিয়ে আসে এক প্লেট ভাত কিংবা এক গ্লাস পানি নিয়ে। রহনপুরের এই মানবিক চেতনা এখন এক অনন্য উদাহরণ। শীতের সকালে কুয়াশা ভেদ করে কিছু তরুণ স্বেচ্ছাসেবক কম্বল বিতরণে বেরিয়ে পড়ে। গরমের দুপুরে তারা পথচারীদের মাঝে ঠান্ডা পানি বিলায়। রমজান মাসে তারা রাস্তার ধারে বসে পথচারীদের হাতে ইফতার তুলে দেয়। একজন বৃদ্ধ দিনমজুর বলেন, “রহনপুরে কেউ একা থাকে না। কেউ না কেউ খবর নেয়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এটাই আমাদের শক্তি।” রহনপুরের তরুণ সমাজ এখন আরও সচেতন, আরও দায়িত্ববান। তারা গড়ে তুলেছে নানা মানবসেবামূলক সংগঠন—রক্তদাতা সংগঠন, স্বেচ্ছাসেবক দল, শিক্ষা সহায়তা ফোরাম ইত্যাদি। কেউ দেয় রক্ত, কেউ দেয় শ্রম, কেউ দেয় সময়—সবাই মিলে গড়ে তুলছে এক মানবতার দুর্গ। স্থানীয় শিক্ষক ডক্টর মিজানুর রহমান বলেন, “রহনপুরের উন্নয়ন শুধু অবকাঠামোয় নয়, মানুষের হৃদয়ে ঘটছে। এখানকার মানুষ মানবতার ভিতকে শক্ত করছে।” এই শহর প্রমাণ করেছে, অর্থ দিয়ে নয়, মমতা দিয়েই সমাজকে বড় করা যায়। রহনপুর আজ এক জীবন্ত উদাহরণ, যেখানে মানুষে মানুষে ভালোবাসা, সহানুভূতি আর একাত্মতার শপথে বাঁধা। হ্যাঁ, রহনপুর আজ এক বার্তা দিচ্ছে গোটা দেশকে, মানবতার সেবাই জীবনের শ্রেষ্ঠ ধর্ম।

  • চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের দেয়া নিয়োগ প্রাপ্তদের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে শহরের বাতেনখার মোড়ে ব্যাংকের জেলা শাখার সামনে এ কর্মসুচি পালিত হয়। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে দুই শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের অন্যতম গ্রাহক নবাব গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আকবর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিল তোহরুল ইসলাম সোহেল, অধ্যপক মোজাম্মেল হক, গ্রাহক মোজাম্মেল হোসেনসহ অন্যরা। বক্তরা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ অবৈধভাবে মেধা যাচাই ছাড়া শুধু চট্টগ্রামের লোক বিবেচনায় নিয়োগ দেয়া হয় ইসলামী ব্যাংকে। তারা ব্যাংকিং কার্যক্রম ও সেবার কিছুই জানেন না। তাদের কারণে মুখ থুবড়ে পড়েছে ইসলামী ব্যাংকের গ্রাহকসেবা। বক্তরা আরও বলেন, ২০২৪ সালের আগস্টের আগে ৭ বছরের ইসলামী ব্যাংকে বিভিন্ন পদমর্যাদার ৭ হাজার ২২৪ কর্মকর্তা নিয়োগ দেয়া হয় চট্টগ্রাম থেকে। এদের মধ্যে প্রায় সাড়ে ৪ হাজারই পটিয়া উপজেলার। অন্য জেলার চাকরি প্রার্থীদের বঞ্চিত করে গোপনে নিজ এলাকার লোকজনকে নিয়োগ দিয়েছিলেন এস আলম। অবিলম্বে ওই সময় নিয়োগপ্রাপ্তদের অপসারণ করে ইসলামী ব্যাংকে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়ার জোর দাবী জানান বক্তারা।

  • রাজশাহীতে নগরীর গাছ সুরক্ষার দাবী নগরবাসীর-স্মারকলিপি প্রদান

    রাজশাহীতে নগরীর গাছ সুরক্ষার দাবী নগরবাসীর-স্মারকলিপি প্রদান

    রাজশাহীতে নগরীর গাছ সুরক্ষার দাবী নগরবাসীর-স্মারকলিপি প্রদান

    রাজশাহীর সার্কিট হাউসের শতবর্ষী ও পঞ্চাশোর্ধ বয়সের বৃক্ষ সুরক্ষাসহ তিন দফা দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি -কে স্মারকলিপি প্রদান করা হয়। আন্দোলনকারীরা জানান, রাজশাহীর চরম ভাবাপন্ন আবহাওয়াকে স্বাভাবিক রাখতে প্রয়োজন সবুজ বেষ্টনী এবং প্রচুর জলাধার। কিন্তু শহরের সবুজ বেষ্টনী ও জলাধারগুলোর এক বৃহৎ অংশ ইতোমধ্যেই ধ্বংস করা হয়েছে। নানাবিধ উন্নয়নের নামে রাজশাহীর প্রাণ-প্রকৃতি, পরিবেশের উপর আঘাত হানা হয়েছে বহুবার। কেটে ফেলা হয়েছে এখানকার ঐতিহ্যবাহী, শতবর্ষী বড় বড় সব বৃক্ষরাজি। এখন উন্নয়ন মানেই গাছ কাটা আর কংক্রিটে ভরে দেয়া। এ ধরনের অপরিকল্পিত উন্নয়ন মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলছে, প্রাণ-প্রকৃতি ধ্বংস করে অন্যান্য প্রাণীদের আবাসস্থল ও অধিকার হরণ করে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। আমরা চাই প্রকৃতিবান্ধব তথা টেকসই উন্নয়ন। আমরা চাই রাজশাহীর সার্কিট হাউসের শতবর্ষী ও পঞ্চাশোর্ধ বয়সের গাছগুলোকে বাঁচিয়ে রাখতে। পৃথিবীর বহু দেশ ও শহরে এরকম উন্নয়নের অনেক উদাহরণ রয়েছে যেখানে বৃক্ষ সুরক্ষা করে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে”। স্মারকলিপির দাবীসমূহ হচ্ছে, রাজশাহীর সার্কিট হাউস সম্প্রসারণের জন্য সেখানে থাকা গাছগুলো কর্তন না করে গাছ বাঁচিয়ে রাখতে হবে, রাজশাহী বিভাগে ভবিষ্যতে গাছ, প্রাণ-প্রকৃতি ও পরিবেশের কোনো ক্ষতি না করে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে, কোনো প্রকল্প গ্রহণের পূর্বে প্রয়োজনে পরিবেশকর্মী, পরিবেশবাদী সংগঠন এবং বিশেষজ্ঞদের সাথে আলোচনা করতে হবে। একই দাবীতে স্মারকালিপির অনুলিপি রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান এস.এম. তুহিনুর আলম, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোছাঃ তাছমিনা খাতুন এর পক্ষে সহকারী পরিচালক মো. কবীর হোসেন, রাজশাহী গণপূর্ত জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী, গণপূর্ত বিভাগ-১ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. রাসেদুল ইসলাম কে প্রদান করা হয়েছে। এসময় উন্নয়নকর্মী মো. আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা ও জুলাই-৩৬ পরিষদের সভাপতি মাহমুদ জামাল কাদেরী, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), রাজশাহী বিভাগীয় কার্যালয় এর সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকর্মী ওয়ালিউর রহমান বাবু, সেভ ইয়ুথ রাজশাহী বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার এর সভাপতি সামসাদ জাহান,গ্রীন ভয়েস, রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুন,বরেন্দ্র ইয়ুথ ফোরাম এর নির্বাহী সদস্যমো. ঘাসিবুল হাসনাত রিজভি, স্বচ্ছলতা এসোসিয়েশন এর সভাপতি মো. ইহতেশামুল আলম জোহা, সেভ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার রাজশাহীর সভাপতি মো. ইমরুল কায়েস ও গ্রাভিটি রাইডার্স এর সভাপতি মাসুম মাহবুবসহ অনেকে উপস্থিত ছিলেন।

  • অবৈধ নিয়োগকৃতদের ছাঁটাই ও ব্যাংক লুটরাদের শাস্তির দাবিতে রহনপুরে মানববন্ধন

    অবৈধ নিয়োগকৃতদের ছাঁটাই ও ব্যাংক লুটরাদের শাস্তির দাবিতে রহনপুরে মানববন্ধন

    অবৈধ নিয়োগকৃতদের ছাঁটাই ও ব্যাংক লুটরাদের শাস্তির দাবিতে রহনপুরে মানববন্ধন

    ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ছাঁটাই ও ব্যাংক লুটের অভিযোগে দায়ীদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টায় ইসলামী ব্যাংক, রহনপুর শাখার সামনের সড়কে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের যৌথ উদ্যোগে পৃথক দু’টি ব্যানারে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যাংকের গ্রাহক প্রভাষক মনিরুজ্জামান ডাবলু, মানিক রাইহান, আব্দুল অহাব, হাফেজ আব্দুর রাকিব, আবু সায়েম প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গ্রুপের প্রভাবে অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগ অবিলম্বে বাতিল করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, বর্তমান সরকারকে এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ব্যাংকের পাচারকৃত অর্থ উদ্ধার ও লুটের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিচারে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

  • ‎গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

    ‎গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

    ‎গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

    ‎চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, রহনপুর পূর্ণভবা মহানন্দা (পিএম) আইডিয়াল কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আকতার বানু, বোয়ালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, মাওলানা হাবিবুর রহমান, গোমস্তাপুর ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদসহ অন্যরা।

  • নাচোলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

    নাচোলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

    নাচোলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

    সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রোববার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে উদযাপিত হয়েছে। শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে দিনটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলার কলেজ, মাদ্রাসা ও হাইস্কুলের শিক্ষকদের অংশগ্রহণে পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা শুরু হয়ে পৌর এলাকার পপ্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে পরিষদ মিলনায়াতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, “একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি একজন শিক্ষার্থীর চিন্ত, চরিত্র ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকরাই জাতিকে আলোকিত পথে এগিয়ে নিয়ে যান এবং সমাজকে গড়ে তোলেন জ্ঞান ও নৈতিকতার ভিত্তিতে। তাই জাতি গঠনের কারিগর হিসেবে তাদের ভূমিকা অনন্য ও অপরিসীম।” তিনি আরও বলেন, এই দিবসটি শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের কাজকে মূল্যায়ন করার জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। সভার স্বাগত বক্তব্যে অধ্যক্ষ ওবাইদুর রহমান দিবসটি পালনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, “শিক্ষক ছাড়া জাতির অগ্রগতি অসম্ভব। এ কারণে ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বের ১০০টিরও বেশি দেশে এই দিনটি উদযাপিত হয়। ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।”আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, তাজামুল হক, আব্দুর রহিম, এবং সুপার মজিবুর রহমান। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

  • কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রবিবার বিকেলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন রাজশাহী মহানগর শাখার উদ্দ্যোগে রাজশাহী মহানগর শাখার সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিপনের সঞ্চালনায় আলোচনা সভা রাজশাহী সিটি আইডিয়াল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন কেন্দ্র কমিটির আইন বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক অবনি বিদ্যা নিকেতনের পরিচালক শাহজাহান আলী পিয়াস ও রাজশাহী মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্লু-বার্ড স্কুলের পরিচালক মোঃ মামুনুর রশিদ মিঠু। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ভোলাহাটে বেড়েছে সাপের উপদ্রব ॥ একই দিনেই ২ জনের মৃত্যু

    ভোলাহাটে বেড়েছে সাপের উপদ্রব ॥ একই দিনেই ২ জনের মৃত্যু

    ভোলাহাটে বেড়েছে সাপের উপদ্রব ॥ একই দিনেই ২ জনের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বেড়েছে সাপের উপদ্রব। একই দিনে এক এলাকাতে মৃত্যু হয়েছে ২ জনের। শনিবার বিকেলে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে ধানের জমির পাশে সদর ইউনিয়নের খাড়োবাটরা গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে মোঃ আজিজুল হক (৪৮) এর পায়ে কামড় দেয় বর্তমান সময়ের আতঙ্ক বিষাক্ত রাসেলস ভাইপার। তিনি রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে, শনিবার দিবাগত আনুমানিক রাত ২ টার দিকে পাশের গ্রাম আলালপুর ক্যাম্প পাড়া মোঃ আওকাত আলীর ছোট ছেলে মোঃ রানাউল ইসলাম (৩১) কে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপে কাটে। সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোদাগাড়ী এলাকাতে তার মৃত্যু হয়। সপ্তাহ খানেক আগে পাশের গ্রাম হোসেনভিটা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মোঃ আনারুল হক (৫২) কে সাপে কাটে। তিনি মাঠে ধানের জমিতে কাজ করা অবস্থায় তার পায়ে কামড় দেয় রাসেলস ভাইপার নামক বিষাক্ত সাপ। তিনি এখন চিকিৎসাধীন আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি এখনো শঙ্কামুক্ত নয় বলে জানান তার পরিবার। এনিয়ে এলাকাতে নেমেছে যেমন শোকের মাতম, আবার সাপে কাটার আতঙ্ক। সাপ আতঙ্কে কেউ যেতে পারছেনা ক্ষেত খামারে। বিশেষ করে বিলের জমি এবং বরই পেয়ারার বাগান। এসব জায়গায় দেখা মিলছে বিষধর রাসেলস ভাইপার সহ বিলুপ্ত হওয়া অনেক প্রজাতির বিষধর সাপের। উপজেলার বিভিন্ন এলাকাতে সাপে কাটার অনেক খবর শোনা যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, গত এক মাসে সাপে কাটা রুগির সংখ্যা ৬ জন। ৪ জনকে এই হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারলেও ২ জন রুগী কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

  • ডিবি’র অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ডিবি’র অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ডিবি’র অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    গোপন সংবাদের ভিত্তিতে চালানো চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর শেখালীপুর ডোডাপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ আব্দুর রশিদ (২৭)। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস.আই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সদর মডেল থানার রানীহাটি ইউনিয়নের চক আলমপুর ঈদগাহ্ পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালায়। শনিবার চালানো এই অভিযানে মোঃ আব্দুর রশিদ কে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।