Blog

  • নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

    নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

    দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার এস আই জাহাঙ্গীর, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।

  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

    সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

    ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের হাকিমপুর চেকপোস্ট এলাকায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। রাতে গণমাধ্যমে পাঠানো বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করে। তারা সাতক্ষীরা, খুলনা ও পিরোজপুর জেলার বাসিন্দা। পরে বৃহস্পতিবার বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেমের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। পরে বিজিবির একটি টহলদল আটকদের নিয়ে সাতক্ষীরা সদর থানায় হাজির হয়। এ বিষয়ে তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক সাংবাদিকদের বলেন, বিএসএফের হাতে আটক ১৫ জন বাংলাদেশিকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। আমরা তাদের থানা হেফাজতে নিয়েছি। এরই মধ্যে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা যাচাইয়ে সংশ্লিষ্ট থানায় তথ্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বৈধ অভিভাকের জিম্মায় তাদের হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

  • বগুড়ায় প্রতারণায় ফেলে চাঁদা দাবি ॥ তিন নারীসহ গ্রেপ্তার-৭

    বগুড়ায় প্রতারণায় ফেলে চাঁদা দাবি ॥ তিন নারীসহ গ্রেপ্তার-৭

    হানি ট্র্যাপে ফেলে দুই ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে শহরের চকসূত্রাপুর এলাকার একটি বাড়ি থেকে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় জিম্মি হওয়া দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার চকসূত্রাপুর এলাকার সাইদুল ইসলামের স্ত্রী কেয়া বেগম (৩২), একই এলাকার মিজানুর রহমানের স্ত্রী আফসানা মিমি (২৪), ঘোড়াধাপ মধ্যেপাড়া এলাকার বিল্লল হোসেনের স্ত্রী কামনুর নাহার (২২), চকসূত্রাপুর এলাকার মৃত গোলাপ কাজীর ছেলে মহসীন কাজী সিজান (৩৯), মজিবর সরকারের ছেলে ওমর সরকার (৩৫), চকসূত্রাপুরের জহুরুল পাড়া এলাকার মৃত দুলালের ছেলে এনামুল হোসেন (২৭) ও সুলতানগঞ্জ পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে নয়ন হোসেন (৩৫)। ডিবি জানায়, প্রায় দেড় মাস আগে জয়পুরহাটের এক ব্যক্তি চিকিৎসার জন্য বগুড়ার একটি হাসপাতালে এসেছিলেন। সে সময় তার সঙ্গে কেয়ার পরিচয় এবং মোবাইল নম্বর বিনিময় হয়। বৃহস্পতিবার দুপুরে কেয়া ওই ব্যক্তিকে বগুড়ায় দেখা করার জন্য বলেন। পরে ওই ব্যক্তি তার এক বন্ধুকে নিয়ে চকসূত্রাপুর এলাকার একটি বহুতল ভবনে কেয়ার সঙ্গে দেখা করতে যান। সেখানে কেয়া ও তার চক্রের অন্য সদস্যরা তাদের আটকে রেখে মারধর এবং চার লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা সাত অভিযুক্তকে গ্রেপ্তার এবং দুই ভুক্তভোগীকে উদ্ধার করে। বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের মধ্যে সিজান ও ওমরের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচী ও চারা বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচী ও চারা বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচী ও চারা বিতরণ

    ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে বৃক্ষরোপণ ও বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ কর্মসূচী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত জেলা শহরের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক বনজ, ঔষধী ও ফলজ গাছের চারা রোপন এবং ১৫০০ বিভিন্ন গাছের চারা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিতরণ করা হয়।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর উদ্যোগে এবং বাংলালিংক টেলিকম এর সহায়তায় সকালে জেলা শহরের জেলা আদর্শ স্কুল মাঠে গাছের চারা রোপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচী শুরু করেন অতিথিগণ। কর্মসূচীতে সহায়তা করেন চাঁপাইনবাবগঞ্জের মনামিনা কৃষি খামারও।

    প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় প্রতিবছর দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর উপদেষ্টা পরিষদ বৃক্ষরোপণ করেছে। এই কার্যক্রমে সহযোগিতা করেছে বাংলালিংক, মনামিনা কৃষি খামার।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর এমন পরিবেশ বান্ধব কর্মসূচী গ্রহণ করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন অতিথিগণ ও সুধিজন এবং শিক্ষার্থীরা। কর্মসূচীতে সহাযোগিতা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর উপদেষ্টাগণ ও স্বেচ্ছাসেবী সদস্যরা।

    সকালে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ আফাজ উদ্দিন। অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মহিলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন, নবাবগঞ্জ সরকারী কলেজের আরবী ও ইসলামী স্টাডিজ এর প্রভাষক হাবিবুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন-অর-রশিদ, বৃক্ষপ্রেমি কার্তিক পরামানিক।

    এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য কবি এনামুল হক তুফান, অব. প্রধান শিক্ষক ফারুকা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন। বৃক্ষারোপন কর্মসূচীর সার্বিক তত্বাবধান ও পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর জেলা সমন্বয়ক চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু।

    এদিকে, বাংলালিংক টেলিকম কর্তৃপক্ষের বগুড়ায় বিশেষ জরুরী সভা থাকায় বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত থাকতে পারেন নি জেলার দায়িত্বরত কর্মকর্তা (পিওসি) মোঃ মাজহারুল ইসলাম। তবে তিনি পরামর্শ দিয়ে সার্বিকভাবে সহায়তা করেছেন। পরে পার্শ্ববর্তী ইম্পেরিয়াল স্কুলে বৃক্ষরোপন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। এই কর্মসূচীতে স্কুলের অন্যান্য শিক্ষকগণ ও শিক্ষার্থীরা অংশ নেয়।

    এছাড়াও স্থানীয় একটি তাহ্ফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়। এদিকে, নবাবগঞ্জ সরকারী কলেজেও বৃক্ষরোপন করা হয়। কর্মসূচীতে অংশ নেয় ৪টি প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা। সকল কর্মসূচীতে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর নিজস্ব প্রতিনিধি মোঃ ইসাহাক আলী, কম্পিউটার সহকারী রাশিদা রুমকিসহ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ সার্বিকভাবে সহায়তা করেন।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর সেচ্ছাসেবী সদস্য আহমেদ বিপ্লব, আব্দুল জাব্বার, হাইউল ইসলাম, অহেদা খানম, খাদিজাতুল কুবরাসহ অন্যরা কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

    প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শহরের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কাটিমন আম, বেল, শিউলি ফুল, বকুল ফুল, বাসক, কাঠাল, মেহগনি, ডালিম, অর্জুন, ছাতিয়ান, আমলকি, বহেড়া, চালতা, কানাইডিংগা, বদ্যনারকেল, হরিতকি। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব ও সকলের প্রচেষ্টায় আগামীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সবুজ বেষ্টনীর এক অন্যতম জেলা হিসেবে গড়ে উঠবে বলেও আশাবাদ বিশিষ্টজনদের।

  • পুরো জাতি এখন নির্বাচনমুখী ॥ প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে-রাজশাহী বিভাগীয় কমিশনার

    পুরো জাতি এখন নির্বাচনমুখী ॥ প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে-রাজশাহী বিভাগীয় কমিশনার

    গোটা জাতি এখন নির্বাচনমুখী বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। তিনি বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন। বিভাগীয় কমিশনার বলেন, গত শনিবার প্রধান নির্বাচন কমিশনার আমাদের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেছেন। আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তিনি অন্যান্য দপ্তরগুলোকেও প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানান। আসন্ন শীত মৌসুমে কেউ যেন অবৈধভাবে পুকুর কাটতে না পারে মৎস্য দপ্তরকে সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কৃষি জমি ধ্বংস করে ফেললে চলবে না। আমাদের যেমন মাছ দরকার, তেমনি কৃষি জমি রক্ষা করাও জরুরি। এসময় বর্ষায় যে সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের জন্য সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টার নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে সড়ক বিভাগকে অনুরোধ জানান তিনি। সভায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান করবে। ১ সেপ্টেম্বর থেকে এই টিকা দেওয়ার সিদ্ধান্ত ছিল। সেটি পরিবর্তিত হয়ে এখন ১২ অক্টোবর থেকে দেওয়া শুরু হবে। নিবন্ধন কাজ চলমান রয়েছে। এই টিকা নেওয়ার জন্য শিশুদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। স্বাস্থ্য বিষয়ক আলোচনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কুকুর ও সাপের উপদ্রব থেকে বাঁচতে উপজেলা পর্যায়ের হাসপাতালে ভ্যাকসিন নিশ্চিত করার অনুরোধ জানান। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, অধিকাংশ নদীর পানি এখন কমতির দিকে। তবে পূর্বাভাস আছে যে, অতিবৃষ্টির কারণে এ বছর আরও একবার পানি বাড়তে পারে। পানি উন্নয়ন বোর্ড সতর্ক আছে এবং তাদের প্রস্তুতিও রয়েছে। জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগিতা আবার শুরু হচ্ছে। ৫ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতার জন্য আবেদন করা যাবে। সারা দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই হবে। অভিনয়, আবৃত্তি, গল্প বলা বা কৌতুক, সাধারণ নৃত্য বা উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান বা আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত এবং হামদ-নাত বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ এবং রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসকগণ অংশগ্রহণ করেন।

  • রোজার আগে নির্বাচন ॥ ৬০ দিন আগে তফসিল ঘোষণা-আখতার আহমেদ

    রোজার আগে নির্বাচন ॥ ৬০ দিন আগে তফসিল ঘোষণা-আখতার আহমেদ

    নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার সময় তিনি এ কথা বলেন। আখতার আহমেদ জানান, নির্বাচনের জন্য ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে, যা অক্টোবর পর্যন্ত চলবে। নভেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, “প্রতি বুথে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটার রাখার পরিকল্পনা রয়েছে। ভোটের ৩০ দিন আগে এই সংখ্যা প্রকাশ করা হবে।” তিনি আরও জানান, সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণের শুনানি শেষ হয়েছে এবং ১৫ সেপ্টেম্বরের মধ্যে সীমানা চূড়ান্ত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ইসি’র বৈঠকে এই রোডম্যাপ অনুমোদন করা হয়।
    ইসি সূত্র জানায়, রোডম্যাপে আইন সংস্কার, নতুন দল নিবন্ধন, পর্যবেক্ষক নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী ক্রয়, প্রবাসী ভোটাধিকার, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণের সময়সূচী উল্লেখ রয়েছে। তবে তফসিল ঘোষণা ও ভোটের তারিখ রোডম্যাপে অন্তর্ভুক্ত নেই।
    ইসি সচিব বলেন, গণপরিষদ ও গণভোট নিয়ে কোনো পরিকল্পনা নেই। আসন্ন নির্বাচনের যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় ইসি প্রস্তুত আছে।বর্তমানে সংসদ নির্বাচনের বাইরে অন্য কিছু ভাবছে না কমিশন। ভোটে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘ভোটে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।’ ‎এদিকে, নির্বাচনে হেলিকপ্টারের প্রয়োজন হলে তফসিল ঘোষণার দুই মাস আগে জানাতে হবে বলে রোডম্যাপে উল্লেখ করা হয়েছে। ‎ইসি রোডম্যাপে জানিয়েছে, তফসিল ঘোষণার দুই মাস আগে হেলিকপ্টার সহায়তার প্রয়োজন হবে-এমন ভোটকেন্দ্র বাছাই করে সম্ভাব্য ভোটকেন্দ্র, কক্ষ সংখ্যা, নিকটবর্তী হেলিসার্ট, যাত্রা শুরু ও শেষ এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্য জানানোর জন্য জেলা নির্বাচন অফিসার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িকে নির্দেশনা দেওয়া হবে। ‎এছাড়া, তফসিল ঘোষণার ১০ দিন আগে নিকটবর্তী টেইক অফ ও ল্যান্ডিং স্টেশন নির্দিষ্ট করে সম্ভাব্য ভোটকেন্দ্র ও কক্ষ সংখ্যার ভিত্তিতে যাতায়াতের জন্য ভোটগ্রহণ কর্মকর্তা নির্ধারণ করে হেলিকপ্টার সহায়তা সংক্রান্ত প্রস্তাবনা প্রস্তুত করতে হবে। ‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে ইসি। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে।

  • মহাদেবপুরে ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি সাজুর উপর হামলা

    মহাদেবপুরে ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি সাজুর উপর হামলা

    মহাদেবপুরে ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি সাজুর উপর হামলা

    নওগাঁর মহাদেবপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বাংলা চ্যানেল-ডিবিসি এর জেলা প্রতিনিধি সাজু হামলার শিকার হন। আহত সাজুকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। বুধবার (২৭ আগস্ট) মহাদেবপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস ও দলিল লেখক সমিতির অনিয়ম দুর্নীতির তথ্য চিত্র সংগ্রহ করতে গেলে কয়েকজন দলিল লেখক সাজুকে তুলে নিয়ে গিয়ে ঘরে আটক রেখে মারপিট করে এবং ক্যামেরা ও আইডি কার্ড ছিনিয়ে নেয়। একে সাজু জানান, মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ, অনিয়ম, দূর্নীতি হচ্ছে এমন অভিযোগে সাব-রেজিষ্ট্রি অফিসে যান তিনি। এমন সময় হঠাৎ করে জমি রেজিষ্ট্রি নিয়ে দলিল দাতা ও গ্রহীতাদের মাঝে মারামারি শুরু হয়। সেই মারামারির চিত্র ধারণ করতে গেলে প্রথমে একজন দলিল লেখক তাতে বাধা দেয়। পরবর্তীতে আরো কয়েকজন সংঘবদ্ধ হয়ে তারা সাব রেজিষ্ট্রি অফিসের ভিতরে নিয়ে গিয়ে আটক রেখে ১৫ থেকে ২০ জন বেদম মারপিট করে এবং ক্যামেরা, মোবাইল ফোন ও ডিবিসি টেলিভিশনের পরিচয়পত্র (আইডি কার্ড) ছিনিয়ে নেয়। প্রায় আধাঘন্টা পর ঘটনার খরব পেয়ে স্থানীয় সাংবাদিক ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তিনি আরো বলেন, এ হামলা আমার একার উপর নয়, গোটা সাংবাদিক জাতির উপর হামলা। সুশাসনের জন্য নাগরিক সুজন এর নওগাঁ জেলা সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তারা রেজিষ্ট্রি অফিসের দালালি ও অনিয়ম দূর্নীতি সিন্ডিকেট নিয়ন্ত্রন করে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে বা অভিযোগ দিতে সাহস পায় না। এদিকে, একে সাজুর উপর হামলার খবর ছড়িয়ে পরলে জেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ হাসপাতালে ছুটে যান। সাজুর উপর এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। একইসাথে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মো: শাহীন রেজা বলেন, সাংবাদিক একে সাজুর উপর হামলার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযোগ পেলে জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • দিনাজপুরে জীবন মহল ও জীবনীয়া দরবার ভাংচুর-অগ্নিসংযোগ ॥ ব্যাপক ক্ষয়ক্ষতি

    দিনাজপুরে জীবন মহল ও জীবনীয়া দরবার ভাংচুর-অগ্নিসংযোগ ॥ ব্যাপক ক্ষয়ক্ষতি

    দিনাজপুরে পিকনিক ও বিনোদন স্পষ্ট ‘জীবন মহল’ এবং জীবনীয়া দরবারে ধর্ম বিরোধী ও অসামাজিক কর্মকান্ডের প্রতিবাদে এবং জীবন চৌধুরীকে গ্রেফতারের দাবিতে ব্যাপক ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩ টা থেকে ৪ টা পর্যন্ত প্রায় ঘন্টাব্যাপী তান্ডব চলেছে জীবন মহলের ভেতরে। ইসলাম প্রিয় তাওহীদি জনতার ডাকে এক বিক্ষোভ সমাবেশের মধ্য থেকে এই ঘটনা ঘটে। বিক্ষোভকারিরা প্রধান ফটক ভেঙ্গে জীবন মহলের ভেতরে প্রবেশ করে জীবনীয়া দরবারের পাশাপাশি বেশ কিছু স্থাপনা, কয়েকটি গাডি ও মোটর সাইকেল ভাংচুর করে। সেই সঙ্গে আগুন ধরিয়ে দেয় জীবনীয়া দরবারে। ঘন্টাব্যাপী ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটায় বিক্ষোভকারিরা। পরে পুলিশ এবং সেনা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। জীবন মহলকে নিয়ে দু’টি পক্ষ আজ বৃহস্পতিবার দুপুরের একই স্থানে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশের পাল্টা-পাল্টি কর্মসূচির ডাক দেয়। এই ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে জীবন মহল কর্তৃপক্ষ।

  • চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় ভেসে আসা ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

    চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় ভেসে আসা ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

    চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় ভেসে আসা ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে ভেসে আসা হিরো মণ্ডল নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ ফেরত দেয়া হয়েছে। বুধবার উপজেলা শিংনগর সীমান্ত দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার (২৫ আগষ্ট) শিবগঞ্জ উপজেলার চরপাকা ইউনিয়নের কদমতলা-সেতারাপাড়া পদ্মা নদীর ঘাটে মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাত মরদেহ হিসেবে পুলিশ তার সুরতহাল ও ময়নাতদন্ত করে। সুরতহালে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিজিবি অধিনায়ক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো মণ্ডলের মরদেহের ছবি ও ভিডিও দেখে পরিচয় নিশ্চিত হয় তার স্বজনরা। পরে বিষয়টি তারা বিএসএফ ক্যাম্পে জানায়। মঙ্গলবার বিকালে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বুধবার দুপুরে বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, বিএসএফ জানিয়েছে হিরো মণ্ডল পেশায় জেলে ছিলেন। নদীতে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে ডুবে যায়।

  • নাটোরে জামে মসজিদের ইমামের পরিবারের উপর হামলা-হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

    নাটোরে জামে মসজিদের ইমামের পরিবারের উপর হামলা-হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

    নাটোরের নলডাঙ্গা থানা জামে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিকের পরিবারের উপর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও হত্যার হুমকির অভিযোগে উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এরই প্রতিবাদে বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার রায়সিংহপুর এলাকায় গ্রামবাসীর ব্যানারে মানবন্ধন অনুষ্টিত হয়েছে। নলডাঙ্গা থানার জামে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক বলেন, জমি বিক্রেতা বায়জিত হোসেনসহ তাদের নিকট থেকে জমির কাগজপত্র দেখে জমি ক্রয় করি এবং পরবর্তীতে বাংলাদেশ জমি রেজিষ্ট্রি অনুযায়ী নিয়ম অনুযায়ী নকল দিয়ে খাজনা খারিজের আবেদন করলে, ভূমি অফিস এবং এসিল্যান্ড অফিস আমাকে খাজনা খারিজ এর রশিদ প্রদান করেন। খাজনা খারিজের মূলে আমি জমি দখল নিতে গেলে জমি বিক্রয় দাতার কিছু অংশীদার আমাকে হামলা করে আমার পরিবারসহ আমার বৃদ্ধা বাবাকে মারধর করে। ২০৪ নং রায়সিংহপুর মৌজা আর.এস ২২৭ নং খতিয়ান ভুক্ত ৭০০ নং দাগে ০৩৫০ একর জমি ৩২৩২/২৫ নং বিক্রয় কবলা দলিল মূলে আমরা মালিক এবং নামজারি ও খাজনা পরিশোধ করি। সম্প্রতি আমরা আমিন দ্বারা মাপ-যোগ করে জমি বুঝিয়ে নেওয়ার গেলে বিবাদী শামীম, বাবর, বাদশা, রাব্বানী, আলমগীর, রুহুল আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাঁশের লাঠি, হাসুয়া ইত্যাদি দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মারমুখি আচারণ করে তেড়ে আসে। জমিতে থাকা বাঁশের স্থাপনা বাঁশের মাচাং ভাংচুর করে। বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। ঘটনাটি এলাকাবাসীকে জানালে এলাকাবাসী উভয়পক্ষকে মীমাংসার জন্য ডাকলে প্রতিপক্ষ উপস্থিত হয় না। পরে আমি নলডাঙ্গা থানায় অভিযুক্তদের নামে একটি অভিযোগ দায়ের করি। থানা কর্তৃপক্ষ বাদীদেরকে থানায় উপস্থিত হয়ে মীমাংসার কথা বললে,আমরাও উপস্থিত হলেও তারা উপস্থিত না হয়ে আমাদেরকে হুমকি দিতে থাকে। জমি বিক্রেতা বায়জিদ হোসেন বলেন, আমার বাবার সম্পত্তি আমার ভাইদের ওয়ারিশ বন্টন হয়, সেখানে আমার অংশ আমি বিক্রি করি। আমার ওয়ারিশগণ বিক্রেতাকে তার প্রাপ্য অংশ বুঝে না দিয়ে মারপিট ও হামলা করে ভয় ভীতি প্রদর্শন করে। মানবন্ধনে বক্তব্য রাখেন, নলডাঙ্গা থানা জামে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক, জমি বিক্রেতা বায়জিদ হোসেন, পিপরুল ৮ নং বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি মজিবর রহমান মধুসহ প্রমূখ।