Blog

  • চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও অতিরিক্ত সচিব- সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে কোরআনখানী-স্মরণ সভা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও অতিরিক্ত সচিব- সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে কোরআনখানী-স্মরণ সভা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও অতিরিক্ত সচিব

    সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে কোরআনখানী-স্মরণ সভা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও অতিরিক্ত সচিব (এলজিএসপি) প্রয়াত সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কোরআনখানী, স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জেলা শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেটের (শিল্পকলা মার্কেট) ৪র্থ তলায় ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর নিজস্ব কার্যালয়ে ‘চাঁপাই দর্পণ’ পরিবারের আয়োজনে এই কোরআনখানী, স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়।

    দৈনিক চাঁপাই দর্পণ এর প্রকাশক ও সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, সাপ্তাহিক সোনামসজিদের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাঃ জোনাব আলী, চাঁপাই দর্পণ উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক তুফান ও রাকিবুল ইসলাম বাবু, আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সদস্য আলহাজ¦ সামশুল হক, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সদস্য ফারুকা বেগম।

    উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সদস্য মোঃ আনিসুর রহমান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজা বাবু, সাংবাদিক মোঃ আসাদুল্লাহ, আবুল বাসার মিলনসহ দর্পণ পরিবারের সদস্যরা।

    স্মরণ সভায় মরহুম সরদার সরাফত আলীর চাঁপাইনবাবগঞ্জ জেলায় দায়িত্ব পালনকালে সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি মিডিয়াকর্মীদের সাথে সখ্যতাসহ বিভিন্ন উন্নয়ন ও সামাাজিক কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন বক্তারা। দোয়া মাহফিলে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ‘বারঘরিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা’র পরিচালক মাওলানা হাসান মোহাম্মদ ইসহাক। ‘বারঘরিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা’র ১২ জন হাফেজসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

    দোয়া মাহফিলে ‘চাঁপাই দর্পণ’ পরিবারের সদস্য ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সাবেক প্রধান উপদেষ্টা প্রয়াত মোঃ এরফান আলী, দর্পণ পরিবারের প্রয়াত ২ সদস্য এ্যাড. মিজানুর রহমান ও এ্যাড. আবুল কাশেম, দর্পণ পরিবারের সদস্য এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমার পিতা প্রয়াত এ্যাড. সামসুল হক, রাকিবুল ইসলাম বাবুর পিতা সদস্য প্রয়াত মোঃ রফিকুল ইসলাম এর আত্মার মাগফেরাত কামনা করেও দোয়া করা হয়।

    স্মরণ সভায় উপস্থিত হতে না পারলেও মরহুম সরদার সরাফত আলীর আত্মার মাগফিরাত কামনা করেছেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর উপদেষ্টাগণ, চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ এর সদস্যগণ, প্রকৃতি ও জীবন চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের উপদেষ্টা সদস্যগণসহ শুভকাঙ্খীরা। স্মরণ সভা শেষে মরহুম সরদার সরাফত আলীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    এছাড়াও ‘চাঁপাই দর্পণ’ পরিবারের সদস্য ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সাবেক প্রধান উপদেষ্টা প্রয়াত মোঃ এরফান আলীসহ প্রয়াত সকলের রুহের মাগফেরাত করে বিশেষ দোয়া করা হয়। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মোহাম্মদপুর মন্ডলপাড়া জামে মসজিদে জোহরের নামাজের পর মরহুম সরদার সরাফত আলীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    এর আগে বৃহস্পতিবার সকালে ‘দর্পণ’ কার্যালয়ে ‘বারঘরিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা’র পরিচালক মাওলানা হাসান মোহাম্মদ ইসহাক এর সহায়তায় সদর উপজেলার ‘বারঘরিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা’র ১২ জন হাফেজ এই কোরআনখানীতে (খতমে কোরআন) অংশ নেয়। ‘চাঁপাই দর্পণ’ পরিবারের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও অতিরিক্ত সচিব (এলজিএসপি) সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কোরআনখানী, স্মরণ সভা ও দোয়া মাহফিল এর মাধ্যমে প্রয়াত এই সরকারী কর্মকর্তাকে স্মরণ করায় ‘চাঁপাই দর্পণ’ পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত বক্তারা ও মরহুমের পরিবার।

    অন্যদিকে, সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ায় মরহুমের গ্রামের বাড়িতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে পবিত্র রমজানে শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও ইফতারী সামগ্রীসহ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় একটি হাফেতখানায় ইফতার ও দোয়া মাহফিল এবং সাধারণ মানুষের মাঝে ইফতারী বিতরনের উদ্যোগে নিয়েছে সরদার সরাফত আলীর পরিবার। সরদার সরাফত আলীর রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবার।

    উল্লেখ্য, ২০২০ সালের ১২ মার্চ বৃহস্পতিবার ১২:৫০ মিনিটে ঢাকা মতিঝিল সিটি সেন্টারে এলজিএসপি প্রকল্প অফিসে বর্তমান সরকারের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালনকালে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশনার অনুমতি (ডিক্লারেশন) দিয়েছিলেন।

    তাঁর হাত দিয়েই ২০১৪ সালের ১৪ এপ্রিল-১লা বৈশাখ ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর পথচলা শুরু হয়। তিনি নিজেই জেলার বিশিষ্টজনদের সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সেই থেকেই ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর পথচলা শুরু হয়ে অদ্যবধি প্রকাশনা চলমান রয়েছে।

    তিনি জেলা প্রশাসক হিসেবে (২০/০৪/২০১৩ইং হইতে ২২/০৬/২০১৪ইং) পর্যন্ত দায়িত্ব পালন কালে জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সাথে সাথে মিডিয়া সংগঠন ও জেলার মিডিয়াকর্মীদের সাথে খোলামেলা চলাফেরায় সকলের মনে ঠাঁই করে নিয়েছিলেন। ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রতিষ্ঠাতা-জন্মদাতা হিসেবে এবং ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর একজন শুভাকাঙ্খি হিসেবে জীবদ্দশায় তাঁর রেখে যাওয়া স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁকে নানা আয়োজনে স্মরণ করছে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পরিবার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৬ বছর।

    তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে, ৩ ভাই, ১ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক, ফরিদপুর জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৩ মার্চ/২০২০ শুক্রবার জুম্মা নামাজের পর জানাযা শেষে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ায় মরহুমের দাফন সম্পন্ন হয়। আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন-আমিন।

  • প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য-সংসদে প্রধানমন্ত্রী

    প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য-সংসদে প্রধানমন্ত্রী

    প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য-সংসদে প্রধানমন্ত্রী

     

    প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের রাজনীতির লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের সভাপতির নাম প্রস্তাবকালে বক্তব্যের সময় তিনি এ কথা জানান। সংসদ নেতা তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে আমি দল মত ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। এই লক্ষ্য অর্জনে আমি গণতান্ত্রিক জনগণের সমর্থন এবং সহযোগিতা চাই। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা চাই। সংসদ সদস্যদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে। কিন্তু তাঁবেদারমুক্ত, ফ্যাসিবাদমুক্ত একটি স্বাধীন সার্বভৌম নিরাপদ স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। বিরোধ নেই। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে তারেক রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। সেই গণতন্ত্রকে প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশের তাঁবেদারি শাসন শোষণ কায়েম করা হয়েছিল। দেশের সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। জীবনে কখনোই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। আলহামদুলিল্লাহ। সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠাতা খালেদা জিয়া দেশ এবং জনগণের সাফল্যে এই শুভ মুহূর্তটি দেখে যেতে পারেননি। আজ তাই এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা দেশ এবং জনগণের স্বার্থে আপসহীন নেতৃত্ব ব্যক্তিত্ব স্মরণীয় বরণীয় অনুকরণীয় রাজনীতিবিদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিএনপির রাজনীতি জনগণের জীবনমান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি পরিবার স্বনির্ভর করাই আমাদের রাজনীতির লক্ষ্য। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই বিএনপি একটি স্বনির্ভর সমৃদ্ধ নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি গণতান্ত্রিক জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি।
    নতুন সরকারের যাত্রার শুরুতে স্পিকার কিংবা ডেপুটি স্পিকার উপস্থিত না থাকার বিষয়ে সংসদনেতা বলেন, পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট সরকারের জনবিরোধী এবং গণবিরোধী কর্মকাণ্ডের ফলে যে জনরোষ তৈরি হয়েছে বা জনরোষ তৈরি হয়েছিল তাতে এই মহান সংসদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারকে খুঁজে পাওয়া যায়নি। তাদের কেউ কারাগারে, কেউ নিখোঁজ কিংবা কেউ পলাতক। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী এবং তাঁবেদারি শাসন শোষণের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ আমাদের এক বিশেষ পরিস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার অকার্যকর করে ফেলেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি-তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই।

  • চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে শাহনেওয়াজ খান সিনা’র মতবিনিময় ও ইফতার

    চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে শাহনেওয়াজ খান সিনা’র মতবিনিময় ও ইফতার

    চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে শাহনেওয়াজ খান সিনা’র মতবিনিময় ও ইফতার

    চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা’র মতবিনিময় ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এই মতবিনিময় ও ইফতার মাহফিল হয়। আগামী পৌর নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন পেলে মেয়র পদে অংশ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিগত স্বৈরাচার সরকারের আমলে বিভিন্ন মামলার আসামী, কারাবরণ ও নানা নির্যাতনের শিকার বিএনপি নেতা শাহনেওয়াজ খান সিনা সাংবাদিকদের সামনে রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও অবস্থান তুলে ধরেন। বিগত দিনে ২বার চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র পদে অংশ গ্রহনকারী শাহনেওয়াজ খান সিনা জেলার সকল মিডিয়াকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফা মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,

    ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির, দেশ টিভির প্রতিনিধি ফারুক আহমেদসহ অন্যরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ মুকতার আলী। এসময় জেলার বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী ও বিভিন্ন মসজিদের ইমাম উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা মোঃ আসলাম কবির।

  • চ্যানেল আই’র বগুড়া প্রতিনিধি রউফ জালাল আর নেই

    চ্যানেল আই’র বগুড়া প্রতিনিধি রউফ জালাল আর নেই

    চ্যানেল আই পরিবারের শোক

    চ্যানেল আই’র বগুড়া প্রতিনিধি রউফ জালাল আর নেই

    চ্যানেল আই’র বগুড়া প্রতিনিধি রউফ জালাল আর নেই। রউফ জালাল বুধবার দিবাগত রাত (বৃহস্পতিবার রাত) ৩টার দিকে বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় ভাড়া বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না … রাজেউন)। তিনি ২০০২ থেকেই চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি গত ২৪ শে জানুয়ারি বগুড়া শহরের সূত্রাপুর এলাকার ভাড়া বাড়িতে স্ট্রোক করলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুটা সুস্থ হলে বাড়িতে চিকিৎসা সেবা দেয়া হচ্ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী এক কন্যা এবং এক পুত্র সন্তান রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর সেউজগাডী জামে মসজিদে জানাজা শেষে তাকে নামাজ গড় আনজুমানই কবরস্থানে দাফন করা হয়। চ্যানেল আই’র বগুড়া প্রতিনিধি রউফ জালাল এর মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চ্যানেল আই’র চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চ্যানেল আই’র বিভিন্ন জেলা প্রতিনিধি ও চ্যানেল আই পরিবার। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেন আবেগজড়িত কণ্ঠে বলেন, জালাল ভাই আর কখনো বলবেন না ” কাজলী আপা, বাসায় আসেন”! জালাল ভাই আমাদের মেজো ভাবি, (ডা: কামরুন্নেসা, গ্লোরী)’র ছোট ভাই। আমার বেয়াই, তিনি ছিলেন চ্যানেল আইএর সিনিয়র সাংবাদিক, বগুড়া জেলা প্রতিনিধি। অনেকদিন ক্যান্সারের সাথে লড়াই করে এবং সর্বশেষ স্ট্রোক জনিত কারনে রাত ৩ টায় তিনি সৃষ্টিকর্তার ডাকে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমাদের পারিবারিক অনেক স্মৃতীর কথা এই মুহুর্তে মনে পরছে, এছাড়াও বগুড়া, গাইবান্ধা অঞ্চলে আামার অফিসিয়াল কোন প্রোগ্রাম সম্প্রচারে জালাল ভাই এর আন্তরীক সহযোগীতার কথা আমি ভুলতে পারবো বা। আজ অবধি গাইবান্ধা এলাকায় আমাদের অফিসিয়াল কোন প্রোগ্রাম থাকলে ফারুক ভাই অত্যন্ত আন্তরীক ভাবেই সহযোগীতা করেন। জালাল ভাই’র বড়বোন হিসাবে পরিচিতির ফলে বগুড়া, গাইবান্ধা এলাকায় আমার অফিসিয়াল প্রোগ্রামগুলো সম্প্রচারের ক্ষেত্রে চ্যানেল আইএর সহযোগিতা পেতে কখনো কোন বেগ পেতে হয় নি। নানা কাজের ব্যাস্ততায় আমি সব সময় যোগাযোগ রাখতে পারিনি যদিও কিন্তু জালাল ভাই কে আমি বগুড়ায় আমার খুব কাছের একজন আত্নীয়, একজন ভালো শুভাকাঙ্খী, একটি নীরব শক্তি হিসাবে জানতাম। আজ আমি বগুড়ায় আমার একজন নিকটাত্মীয়, একজন নীরব শক্তিকে হারালাম। ওপারে আপনি ভালো থাকুন জালাল ভাই, আমরাও আসছি। জালাল ভাই’র জন্য আমি সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।

  • শিবগঞ্জে গৃহবধূকে হত্যার পর সেপটিক ট্যাংকে লাশ ॥ ঘাতক স্বামী আটক

    শিবগঞ্জে গৃহবধূকে হত্যার পর সেপটিক ট্যাংকে লাশ ॥ ঘাতক স্বামী আটক

    শিবগঞ্জে গৃহবধূকে হত্যার পর সেপটিক ট্যাংকে লাশ ॥ ঘাতক স্বামী আটক

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহ ও মাদকাসক্তির জেরে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর-হঠাৎপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বামী অভিযুক্ত ঘাতক মিজানুর রহমান ভেজুকে রক্তমাখা লুঙ্গিসহ আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় নাসিমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে প্রমাণ ধ্বংস করার উদ্দেশ্যে তার মরদেহ বাড়ির বাইরের সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। সকালে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায় এবং সেপটিক ট্যাংক থেকে নাসিমার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। বাড়িতে তল্লাশি চালিয়ে আমরা নিহতের স্বামীর রক্তমাখা লুঙ্গি উদ্ধার করি। তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় এবং পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাসিমা বেগমের পরিবার জানায়, বিয়ের পর থেকেই তার ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে আসছিল মিজানুর। নিহতের বোন কান্নাজড়িত কন্ঠে বলেন, ওকে যখন তখন মারপিট করা হতো। নানাভাবে অত্যাচার করত! সন্তানদের মুখের দিকে তাকিয়ে সব মুখ বুজে সহ্য করেছিল নাসিমা। আমি এখন আর কিছু চাই না, আমার বোনের খুনির ফাঁসি চাই। নিহতের ভাই জানান, তার বোন সন্তানদের মায়ার কারণে অত্যাচারী স্বামীর ঘর ছাড়তে চায়নি। তিনি বলেন, বোনটা বাচ্চার জন্য সব সহ্য করে থাকতে চাচ্ছিল। একটা মানুষকে এভাবে অন্যায়ভাবে মারবে, আর বিচার হবে না? আমরা সঠিক বিচার চাই। স্থানীয়রা জানান, মিজানুর রহমান ভেজু আগে আরও তিনটি বিয়ে করেছিলেন এবং তিনি চরমভাবে মাদকাসক্ত (গাঁজাখোর) ছিলেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, মাঠে কাজ করার সময় আমরা খবর পাই, একটা মহিলাকে মেরে পায়খানার ট্যাংকিতে ভরে রাখা হয়েছে। মিজানুর সব সময় ওর ওপর অত্যাচার করত। আমরা চাই এই ঘটনার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন আর কেউ নারীদের ওপর এমন পাশবিকতা করার সাহস না পায়। এক প্রতিবেশী জানান, মিজানুরের আচরণ ছিল অস্বাভাবিক ও অসামাজিক। নেশার টাকার জন্য বা তুচ্ছ কারণে সে প্রায়ই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে থাকা পারিবারিক কলহ ও মাদকাসক্তির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় এই ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং শোকের নেমে আসে।

  • দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম-ব্যস্ত শ্রমিকরা

    দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম-ব্যস্ত শ্রমিকরা

    দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম-ব্যস্ত শ্রমিকরা

    পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে মানুষের চাহিদা পুরণে দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম পড়েছে। এবার স্থানীয় প্রশাসন ও বেকারি মালিক সমিতি প্রতিনিয়ত লাচ্ছা সেমাই তৈরীর কারখানাগুলো পরিদর্শন অব্যাহত রাখায় স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মান সম্পনন লাচ্ছা সেমাই। ‘এখন পরিস্কার-পরিচ্ছন্নতা ছাড়া কোন শ্রমিক প্রবেশ করতে পারেনা লাচ্ছা তৈরির কারখানাগুলোতে’ এমনি কথা জানালেন দিনাজপুর শহরের উপকন্ঠ বাজবাটীর গুঞ্জাবাড়ীতে অবস্থিত হৃদয় বেকারিতে লাচ্ছা সেমাই প্যাকেটজাতে কর্মরত নারী শ্রমিক আখি কর্মকার। আখি বলেন, ‘লাচ্ছা সেমাই তৈরির মৌসুমে এই কারখানায় প্রায় শতাধিক শ্রমিকের কর্মসংস্থান হয়। উপার্জিত টাকা আমরা সন্তানদের পড়া-লেখার পাশাপাশি সংসারের কাজে লাগাই। পরিস্কার না থাকলে কারখানায় প্রবেশ করতে দেয় না মালিক পক্ষ।’ লাচ্ছা তৈরির কারিগর আবুল হোসেন জানান, শুধু ঈদের জন্য নয়, এই কারখানায় সব সময় লাচ্ছা সেমাই তৈরি করি আমরা। তবে ঈদে বেশি চাহিদা থাকায় বেশি লাচ্ছা তৈরি হয়। বেশি মানুষ কাজ করি। আমাদের লাচ্ছার চাহিদা প্রচুর।’ বুধবার (১১ মার্চ) দুপুরে সরজমিনে লাচ্ছা তৈরী’র কারখানা ঘুরে দেখা যায়, লাচ্ছা তৈরির ময়দা খামিরের কাজ মেশিনে করছে শ্রমিকরা। সুষ্ঠু ও স্বাস্থ্যকর পরিবেশে চলছে লাচ্ছা তৈরী ও ভাজার কাজ। প্যাকেটজাত করতেও নেওয়া হচ্ছে ডিজিটাল পদ্ধতি। স্থানীয় প্রশাসন ও বেকারি মালিক সমিতি প্রতিনিয়ত লাচ্ছা সেমাই তৈরীর কারখানাগুলো পরিদর্শন করছেন। কিন্তু আগে আকর্ষনীয় মোড়কে মোড়ানো,দেখতে সুন্দর এসব লাচ্ছা দেখে বোঝার উপায় ছিলো না, এসবে ব্যবহার হচ্ছিলো বিষাক্ত তেল ও রং ছাড়াও মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর বিভিন্ন উপাদান। এসব লাচ্ছা সেমাই তৈরির কারখানাগুলোতে লাচ্ছা উৎপাদনের নামে চলতো, জনস্বাস্থ্য ধবংসের এমন তৎপরতা। তবে এখন আর এসব করতে পারছেনা কেউ। বিগত বছরগুলোতে মিডিয়া এনিয়ে ব্যাপক লেখা-লেখি এবং রিপোর্ট প্রচার হওয়ার পর টনক নড়ে সবার। বেকারি মালিক সমিতির প্রচেষ্টায় প্রশাসন বেকারি ও লাচ্ছা তৈরির কারখানাগুলোতে ব্যাপক অভিযান চালায়। ভেজাল লাচ্ছা তৈরির উপাদান ও লাচ্ছা বিনষ্ট ছাড়াও জরিমানা করে বেশকিছু কারখানা মালিককে। এবার পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে মানুষের চাহিদা পুরণে চলছে রূচিসম্মত ও মান সম্পন্ন লাচ্ছা তৈরীর প্রচেষ্টা। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা তৈরি করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবী জেলা বেকারী মালিক সমিতির। সমিতির সভাপতি মো. সাইফুল্লাহ জানিয়েছেন, এনিয়ে তারা দিনাজপুর চেম্বার অব কমার্স এ বেশ কয়েকবার মিটিং করেছেন। সর্বোশেষ মিটিং এ স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। সংসদ সদস্য সোজা জানিয়ে দিয়েছেন, ভেজাল লাচ্ছা বা পণ্য তৈরি করা যাবেনা। তা তদারকি করার জন্য কঠোর নজরদারি রাখতে বলেছেন তিনি। তাই জেলায় লাচ্ছা তৈরির কারখানাগুলো আমরা নিয়মিত পরিদর্শন করছি। আমাদের লাচ্ছা মান সম্পন্ন হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে তা দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে। অন্যদিকে, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, মানব দেহের জন্য ক্ষতিকর উপাদান মেশানো বা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই অথবা কোন পণ্য তৈরি করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য নিয়মিত মনিটরিং চলছে। কোন অব্যবস্থা পরিলক্ষিত হলে জেল-জরিমানা দেওয়া হচ্ছে।

  • নাচোলে গণহত্যা এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

    নাচোলে গণহত্যা এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

    নাচোলে গণহত্যা এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সর্দার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, থানার অফিসার ইনচার্জ আছলাম আলী, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, উপজেলা জামায়াতে আমির ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় দিনগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি যেমন পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

  • সিংড়ায় যুবকদের উদ্যোগে তিন গ্রামের ১৪তম যৌথ ইফতার মাহফিল

    সিংড়ায় যুবকদের উদ্যোগে তিন গ্রামের ১৪তম যৌথ ইফতার মাহফিল

    সিংড়ায় যুবকদের উদ্যোগে তিন গ্রামের ১৪তম যৌথ ইফতার মাহফিল

    নাটোরের সিংড়ায় যুব সমাজের উদ্যোগে তিন গ্রামের ১৪তম যৌথ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বড়গাঁও, হাতিয়ানদিঘী ও রঘুকদমা গ্রামের যুব সমাজের উদ্যোগে বড়গ্রাম স্কুল মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানায়, নিজেদেরকে মধ্যে স্বেচ্ছায় চাঁদা তুলে দীর্ঘ ১৪ বছর ধরে এ ইফতার মাহফিলের আয়োজন করে আসছে তারা। এবারের আয়োজন ছিল প্রায় ১৫’শ জনের। আয়োজক কমটির শাকিল আহমেদ জানান,

    আজ থেকে ১৪ বছর আগে কয়েক বন্ধু মিলে নিজেদের টাকায় প্রথম বছর ৫০ জনের ইফতারের আয়োজন করি। সেখান থেকেই শুরু। এখন আল্লাহর রহমতে অনেক বড় আয়োজন করতে পারছি। আমাদের সাথে এ কাজে আছেন প্রায় ৩০ জন উদ্যোমী যুবক। প্রতি বছর রমজানের প্রথম দিন মিটিং করে সব ব্যবস্থা করি। গত ৫ বছর ধরে একটি করে গরু কিনি এ ইফতারের আয়োজন করে আসছি। নিজেদের মধ্যে স্বেচ্ছায় চাঁদা তুলে অর্থের ব্যবস্থা করি। অনেকে দান-অনুদান দেন,

    সব মিলেই প্রতি বছর ব্যবস্থা হয়ে যায় ইনশা আল্লাহ। বড়গাঁও গ্রামের বাসিন্দা মাওলানা মোঃ শামসুল ইসলাম জানান, যুবকদের এ উদ্যোগ প্রশংসনীয়। এই ইফতারের মধ্যে দিয়ে আমাদের এই তিন গ্রামের সাধারণ মানুষের মধ্যে একটা মিলন মেলা ঘটে।

  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবা’সহ আটক এক

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবা’সহ আটক এক

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবা’সহ আটক এক

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবা’সহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। চিহ্নিত মাদক কারবারী হেলাল উদ্দিন (৪২)কে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসিপাড়া হতে হেরোইন ও ইয়াবা’সহ গ্রেফতার করে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মোঃ মোস্তফার ছেলে মোঃ হেলাল উদ্দিন (৪২)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বারোঘরিয়া এলাকা হতে ৫০.২৫ গ্রাম হেরোইন ও ১২৩ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারী মোঃ হেলাল উদ্দিন (৪২)কে তার নিজ বসতবাড়ী হতে আটক করা হয়। আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব আরও জানায়, ১১ মার্চ একটি আভযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলায় নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে, গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ নুনগোলা কেডিসিপাড়ায় আসামীদের বসতবাড়ীতে অবৈধ মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রেক্ষিতে আভিযানিক দল অভিযান পরিচালনা করে নুনগোলা কেডিসিপাড়া আসামীর নিজ বসতবাড়ীর শয়ন ঘরের সামনে বারান্দা হতে আসামী মোঃ হেলাল উদ্দিন কে বেলা ১২.৩০ ঘটিকায় আটক করা হয় এবং হেলাল উদ্দিন এর স্ত্রী মোসাঃ আয়না বেগম (৪০) ও ছেলে মোঃ হিমেল (২০) সু-কৌশলে পালিয়ে যায়। অতপর ধৃত আসামীর স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেওয়া মতে তার বসতবাড়ীর শয়ন ঘরের ভিতর বিছানার তোষকের নীচে হতে অবৈধ মাদক ৫০.২৫ গ্রাম হেরোইন ও ১২৩ পিচ ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের নজরদারী ও অভিযান অব্যাহত আছে।

  • নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের প্রাণহাণি

    নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের প্রাণহাণি

    নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের প্রাণহাণি

    নওগাঁয় পৃথক দু’টি বজ্রপাতের ঘটনায় বৃহস্পতিবার (১২ মার্চ) দুই কৃষকের প্রাণহাণি ঘটেছে। এসব ঘটনার একটি ধামইরহাট উপজেলার ইসবপুর এলাকায় এবং অপরটি মান্দা উপজেলার চকরামপুর গ্রামে।
    নিহতরা হলেন-ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমান (৩৮) এবং মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া গ্রামের পিন্টু হোসেন (২৫)। স্থানীয় বসবাসকারীদের মাধ্যমে জানা গেছে, সকালে বাড়ির পাশে ক্ষেত থেকে সশা সংগ্রহকালে হঠাৎ বজ্রঘাতের শিকার হোন মোখলেছুর রহমান। ঘটনার পর তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। ধামইরহাট থানার পরিদর্শক মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে, মান্দা থানার পরিদর্শক মাসুদ রানা জানান, বাড়ির পাশে একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টু হোসেন মারা যান। নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি ভাবে আর্থিক সহায়াতা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।