Blog

  • নাটোরের বড়াইগ্রামে মদসহ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

    নাটোরের বড়াইগ্রামে মদসহ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

    নাটোরের বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ইসাহাক আলী মোল্লা (৫৮) কে চোলাই মদসহ আটক করেছে পুলিশ। উপজেলার লক্ষ্মীকোল বাজার থেকে তাকে আটক করা হয়। আটক ইসাহাক আলী মোল্লা উপজেলার মাড়িয়া গ্রামের আজিজুল হক মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, সোমবার তিনি লক্ষ্মীকোল বাজারে ঘোরাফেরা করছিলেন। এসময় স্থানীয় যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা দেখতে পেয়ে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা শপিং ব্যাগে রাখা বোতলে চোলাই মদ পাওয়া যায়। পরে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, সোমবার দুপুরে তার কাছে আধা লিটার চোলাই মদ পাওয়া গেছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

  • আদমদীঘি বিএনপি অফিসে হামলার ঘটনায় গ্রেপ্তার-১

    আদমদীঘি বিএনপি অফিসে হামলার ঘটনায় গ্রেপ্তার-১

    বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় সন্দেহভাজন হিসেবে এনামুল হক দুলাল (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যায় তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এনামুল হক দুলাল আদমদীঘির সদরের ডহরপুর গ্রামের ছামসুর রহমানের ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ককটেল, পেট্রোল, সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ ভাবে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করা সংক্রান্ত ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় শনিবার রাতে এনামুল হক দুলালকে গ্রেপ্তার করা হয়।

  • নড়াইলে বিনামূল্যে ১৫০০ চক্ষু রোগীর চিকিৎসা ও লেন্স সংযোজন

    নড়াইলে বিনামূল্যে ১৫০০ চক্ষু রোগীর চিকিৎসা ও লেন্স সংযোজন

    নড়াইলে বিনামূল্যে দেড় হাজার রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন করা হয়েছে। শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে দিনব্যাপী নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীতে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের কার্যালয়ে দেড় হাজার রোগীকে চোখের পরীক্ষা করা হয়। এর মধ্যে বাছাই শেষে প্রথম পর্যায়ে ৫০ জনের চোখে লেন্স সংযোজন করার উদ্যোগ নেয়া হয়েছে। এ চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, বিএনপি নেতা তবিবুর রহমান মনু জমাদ্দার, শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এ মতিন, শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স, ছোট ছেলে ডাক্তার শরীফ শামীম আতীক, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাক্তার আসিফ হাসান ও ডাক্তার জোবায়ের রিয়াল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটনসহ অনেকে। আয়োজকরা জানান, শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতিমাসের শেষ শুক্রবার বিনামূল্যে পারিবারিক চিকিৎসা, ওষুধ প্রদান, আইনি পরামর্শ, প্রেসার, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প ও চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বড় পরিসরে সোমবার (১৮ আগষ্ট) বিনামূল্যে দেড় হাজার রোগির চক্ষুচিকিৎসা অনুষ্ঠিত হলো।

  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ॥ আসন সীমানা শুনানি শুরু ২৪ আগস্ট

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ॥ আসন সীমানা শুনানি শুরু ২৪ আগস্ট

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী আসনগুলোর পুনঃনির্ধারিত সীমানা নিয়ে শুনানির তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৪ আগস্ট থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই শুনানি শুরু হবে এবং তা চলবে ২৭ আগস্ট পর্যন্ত। ১৮ আগস্ট নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে এই সময়সূচি ঘোষণা করা হয়েছে। শুনানির প্রথম দিন ২৪ আগস্ট দুপুর ১২টায় কুমিল্লা অঞ্চলের আসনগুলোর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। ইসি জানিয়েছে, সীমানা বিন্যাসের খসড়া তালিকায় যারা আপত্তি বা পরামর্শ দিয়েছেন, তাদের নির্দিষ্ট তারিখ ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। এর আগে গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করেছিল ইসি। এতে জনসংখ্যার ভারসাম্য আনতে বাগেরহাটে একটি আসন কমিয়ে এবং গাজীপুরে একটি আসন বাড়িয়ে নতুন প্রস্তাব দেওয়া হয়েছিল। এছাড়া, ৩৯টি আসনের সীমানায় ছোটখাটো পরিবর্তন আনা হয়। গত ১০ আগস্ট পর্যন্ত এই খসড়া সীমানা নিয়ে মোট ৮৩টি আসনে ১৭৬০টি আপত্তি ও পরামর্শ জমা পড়েছে।

  • গোদাগাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

    গোদাগাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

    গোদাগাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

    “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোদাগাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মৎস সপ্তাহ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন গোদাগাড়ী উপজেলা মৎস্য অফিস।
    সোমবার সকালে গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস সপ্তাহ’র উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: অহেদুজ্জামানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদ, এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ শায়লা শারমিন।

    আলোচনা সভায় বক্তব্য পেশ করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিতা পারভিন, ফুড ফর হাংরির নাসিরুল হক, তদন্ত ওসি মোয়াজ্জেম, মৎস খামারী, মুনজেরিন, মৎসজীবি হাবিবুর রহমান প্রমুখ।
    অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করণ ও বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় এসে শেষ হয়।
    অনুষ্ঠানে চারজন সফল মৎসজীবিকে সম্মাননা স্বারক প্রদান করা হয় তারা হলেন মো. মিনহাজুল ইসলাম, মো. মুনিরুল ইসলাম, এসলা উদ্দিন সরকার, আলো মহিলা উন্নয়ন দল।

  • গোমস্তাপুরে জামায়াতের সাবেক ইউনিয়ন আমীর সাইদুর রহমান মারা গেছেন

    গোমস্তাপুরে জামায়াতের সাবেক ইউনিয়ন আমীর সাইদুর রহমান মারা গেছেন

    জামায়াতে ইসলামীর সাবেক বাঙ্গাবাড়ি ইউনিয়ন আমীর,এবং শ্যামপুর আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আলহাজ্ব সাইদুর রহমান (৭০)। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ১টি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
    মরহুম সাইদুর রহমান মাস্টার মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার জানাযার নামাজ মঙ্গলবার বিকেল ৫.১৫ মিনিটের সময় স্থানীয় গোরস্থানে অনুষ্ঠিত হয়।
    মরহুম সাইদুর রহমান মাস্টার গোমস্তাপুর উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক শফিকুল ইসলামের স্ত্রীর মেজ ভাই (সমন্ধি)।
    উল্লেখ্য, মরহুম সাইদুর রহমান মাস্টারের ৬ ছেলের মধ্যে বড় ছেলে ঢাকার একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চ বেতনে কর্মরত আছেন। ২ ছেলে আমেরিকায়
    পিএইচডি সম্পূর্ণ করে সেখানে কর্মরত আছেন। ছোট ছেলে কুয়েতের টিচার আমেরিকায় পিএইচডি অধ্যয়নরত। এক ছেলে অস্ট্রেলিয়ায় প্রকৌশলী হিসেবে চাকুরীতে কর্মরত এবং এক ছেলে চাঁপাইনবাবগঞ্জ সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন।

  • জাতীয় মৎস্য সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি-আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্যচাষিদের সম্মাননা প্রদান

    জাতীয় মৎস্য সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি-আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্যচাষিদের সম্মাননা প্রদান

    জাতীয় মৎস্য সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি-আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্যচাষিদের সম্মাননা প্রদান

    চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। “অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তের মধ্য দিয়ে সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ।

    জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াসিন আলী ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফাসহ অন্যরা। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. এলিজা খাতুন। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় বর্তমানে মাছ উপযোগী পুকুর রয়েছে ১০ হাজার ২৪২টি, মৎস্যচাষি ৫ হাজার ৫৫৪ জন এবং নিবন্ধিত মৎস্যজীবীর সংখ্যা ১১ হাজার ৩৫৪ জন। ২০২৩-২৪ অর্থবছরে জেলায় মাছ উৎপাদন হয়েছে ২৩ হাজার ১৭৪ মেট্রিক টন, যা চাহিদার তুলনায় ২ হাজার ৭০৮ মেট্রিক টন কম। তিনি আরও উল্লেখ করেন,

    এ জেলায় ৬৩টি বিল ও ৬৯টি প্লাবনভূমি আছে, যা বর্ষাকালে কয়েক হাজার হেক্টর জলাশয়ে রূপ নেয়। আলোচনা সভায় বক্তারা মাছের অভয়াশ্রম সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, টেকসই উৎপাদনের জন্য ইলিশসহ দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভয়াশ্রমগুলোকে অক্ষত রাখতে হবে। এছাড়া ধান উৎপাদন ব্যাহত হয় এমন স্থানে মাছ চাষ না করার ওপরও জোর দেন তারা। অনুষ্ঠানে মাছ চাষে বিশেষ অবদান রাখায় সদর উপজেলার মোঃ তাসেম আলী, খাচায় মাচ চাষে আজাদ আলী, ভোলাহাটের মোঃ আশরাফুল ইসলাম সাকিম কে সফল মৎস্যচাষি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। নবাব মৎস্য খামারের স্বত্বাধিকারী আলহাজ্ব আকবর হোসেন ও তাশেম আলী মাছ চাষের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

    শেষে শ্রেষ্ঠ মৎস্যচাষিদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়। এভাবেই মাছ উৎপাদনে ঘাটতি কমিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে চাহিদা পূরণের তাগিদ দেন বক্তারা। এসময় জেলা ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, বিভিন্ন স্থানের মাছ চাষী, মাছ ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা

    শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা

    শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা

    “অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী। একাডেমিক সুপারভাইজার মোঃ সব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহম্মদ আবদুৎ তোয়াব ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহদাত হোসেন। বক্তারা বলেন, বাংলাদেশ মাছ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর কাতারে পৌঁছেছে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করলে উৎপাদন আরও বাড়বে। দেশের প্রতিটি জলাশয়কে কাজে লাগিয়ে মাছ চাষে জনগণকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। এছাড়া অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে বলেও উল্লেখ করেন বক্তারা। সভায় আরও বলা হয়, মাছ শুধু পুষ্টির ঘাটতি পূরণই করে না, বরং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার মাছ চাষে সব ধরনের সহযোগিতা দিচ্ছে, তাই প্রশিক্ষণ নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষে কৃষক ও উদ্যোক্তারা আরও বেশি লাভবান হতে পারবেন। শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল মাছ চাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ॥ ১২ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

    চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ॥ ১২ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

    চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ॥ ১২ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা রেলওয়ে স্টেশনে তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর ও রহনপুর-রাজশাহী রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধার অভিযান শেষে সোমবার সকাল ৫টা ৩৫ মিনিট থেকে এই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আমনুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, রোববার সন্ধ্যা প্রায় ৬টার দিকে খুলনা থেকে ফার্নেস অয়েল নিয়ে আমনুরা বিদ্যুৎ কেন্দ্রে আসছিল একটি তেলবাহী ট্রেন। ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের সময় এর পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার ফলে তাৎক্ষণিকভাবে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

    দুর্ঘটনার পরপরই রহনপুর-ঈশ্বরদীগামী একটি কমিউটার ট্রেন ও রহনপুর থেকে রাজশাহীগামী পূনর্ভবা কমিউটার ২টি ট্রেন আমনুরা স্টেশনে আটকা পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সোমবার সকালে লাইনচ্যুত ওয়াগনগুলো সরিয়ে লাইন মেরামত করা সম্ভব হয়। স্টেশন মাস্টার হাসিবুল হাসান আরও বলেন, উদ্ধারকারী দল রাতভর কাজ করে লাইন স্বাভাবিক করেছে। এখন এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরো জানান, যাত্রীবাহী ট্রেনের লাইন স্বাভাবিক থাকলেও মালবাহী ট্রেনের লাইন স্বাভাবিক করতে এখনো কাজ চলমান আছে। সেটিও সম্পন্ন হবে। এই দুর্ঘটনা কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে রহনপুর ও চাঁপাইনবাবগঞ্জ সদর স্টেশন পর্যন্ত ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। এতে যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

  • গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের আকষ্মিক অভিযান

    গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের আকষ্মিক অভিযান

    চিকিৎসাসেবায় হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগ

    গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের আকষ্মিক অভিযান

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে আকষ্মিক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করেন দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন-দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক ইসমাইল হোসেন। অভিযানকালে সাথে ছিলেন, সহকারী পরিচালক তানভির রহমান সিদ্দিক ও উপ-সহপরিচালক মাহাবুবুর রহমান। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক ইসলামাইল জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবা প্রদানে হয়রানিসহ নানা অনিয়মের সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রোগীদের খাবার সরবরাহ ও অ্যাম্বুলেন্স’র ভাড়া আদায়ে অনিয়ম পাওয়া গেছে। তাছাড়া ডাক্তার সংকটের কারণে রোগীরা কিছুটা সমস্যায় পড়ছেন। তথ্যগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।