Blog

  • গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চায়-প্রধানমন্ত্রীতারেক রহমান

    একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

    গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চায়-প্রধানমন্ত্রীতারেক রহমান

    রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তিদের হাতে একুশে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। (বৃহস্পতিবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেন প্রধানমন্ত্রী। পদক হস্তান্তর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদকে ভূষিত করা হয়েছে। ‘একুশে পদক-তুলে দিয়ে প্রধানমন্ত্রীতারেক রহমান বলেন, গুণীজনদের দিকনির্দেশনায় একটি সমৃদ্ধ, নৈতিক ও আলোকিত সমাজ গঠন করা হবে। তিনি বলেছেন, একটি রাষ্ট্রে কৃতি মানুষের সংখ্যা যত বাড়বে, সমৃদ্ধির মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হবে। রাষ্ট্র তার নিজের প্রয়োজনে এবং একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জ্ঞানী-গুণীদের সম্মানিত করে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে একুশ আমাদের অবিনাশী চেতনা এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও আমি বিশ্বাস করি, জ্ঞানী-গুণীজনরাই প্রকৃত দিকনির্দেশকের ভূমিকা পালন করেন। তাদের মেধা ও সৃষ্টিশীলতা সমাজকে সমৃদ্ধ করে। ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকের বাংলাদেশ, প্রতিটি ঐতিহাসিক অর্জনে আমাদের বিজ্ঞজনদের অবদান অনস্বীকার্য। তিনি আরও বলেন, আমরা এবার ভাষা আন্দোলনের ৭৪ বছর অতিক্রম করে ৭৫ বছরে পদার্পণ করছি। একুশ আমাদের অবিনাশী চেতনা এবং স্বাধিকার অর্জনের বীজমন্ত্র। একটি উদার ও মানবিক রাষ্ট্র গঠনের যাত্রায় আমরা দেশের বিজ্ঞজনদের দিকনির্দেশনা প্রত্যাশা করি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের রাষ্ট্রসত্তা তিনটি ঐতিহাসিক আলোকধারায় নির্মিত ২১, ৭১ এবং জুলাই (গণঅভ্যুত্থান)। তিনি বলেন, ২১ শিখিয়েছে অস্তিত্ব, ৭১ শিখিয়েছে মর্যাদা আর জুলাই শিখিয়েছে রাষ্ট্রকে ন্যায় ও জবাবদিহিতার আলোয় পুনর্গঠন করতে হয়। সংস্কৃতিই জাতির আত্মাকে রক্ষা করে। বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন,

    একুশে পদক কেবল একটি পুরস্কার নয়, এটি একটি আদর্শ ও দায়বদ্ধতার স্মারক। জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান বলেন, ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নয়জন গুণী ব্যক্তিকে পদক প্রদানের মাধ্যমে এই যাত্রার সূচনা করেছিলেন। ১৯৭৬ থেকে ২০২৬ পর্যন্ত এ পর্যন্ত ৬০৫ জন ব্যক্তি ও নয়টি প্রতিষ্ঠানকে এই পদকে ভূষিত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণির সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ২০২৬ সালের একুশে পদকপ্রপ্তরা হলেন-অভিনয় ক্যাটাগরিতে রয়েছেন ফরিদা আক্তার ববিতা। চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। স্থাপত্যে মেরিনা তাবাসসুম। সংগীতে মরণোত্তর সম্মাননা পেয়েছেন আইয়ুব বাচ্চু, নৃত্যে অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকার। এছাড়া সাংবাদিকতায় ‘একুশে পদক ২০২৬’ পেয়েছেন শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস। সেই সঙ্গে সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদক দেওয়া হয়েছে। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে এই পদক দেওয়া হচ্ছে। পুরস্কার হিসেবে মনোনীত প্রত্যেকে একটি স্বর্ণপদক, সম্মাননা সনদ এবং নির্দিষ্ট অংকের অর্থ পেয়ে থাকেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিবর্গ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি দিতে একুশে পদক প্রদান করা হচ্ছে।

  • মানবতাবিরোধী মামলায়খালাস বাগেরহাটের আকরাম

    মানবতাবিরোধী মামলায়খালাস বাগেরহাটের আকরাম

    মানবতাবিরোধী মামলায়খালাস বাগেরহাটের আকরাম

    একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় বাগেরহাটের খান আকরাম হোসেনের আমৃত্যু কারাদণ্ডের রায় বাতিল করে তাকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ বৃহস্পতিবার আকরামের আপিল মঞ্জুর করে এ রায় দেয়।এর আগে ২০১৫ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে বাগেরহাটের রাজাকার নেতা শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।মোড়েলগঞ্জ থানার তেলিগাতীতে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে আটকের পর নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় আকরামকে। তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন।সিরাজুল হক ও খান আকরাম হোসেনের সাথে এ মামলায় আব্দুল লতিফ তালুকদার নামে আরেক রাজাকার সদস্য অভিযুক্ত হন। কিন্তু রায়ের আগেই ২০১৫ সালের ২৭ জুলাই বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যু হওয়ায় তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।এর আগে ২০১৪ সালের ৫ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই তিন আসামির যুদ্ধাপরাধের বিচার শুরু করে ট্রাইব্যুনাল।২ ডিসেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরুর পর পরের বছরের ২৪ মার্চ পর্যন্ত এ মামলার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনসহ মোট ৩২ জন সাক্ষ্য দেন।সাত অভিযোগের মধ্যে ছয়টিতে সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে আসামি করা হয়। একটি অভিযোগে আসামি কেবল আকরাম ও লতিফ। আর দুটি অভিযোগে তিনজনকেই একসঙ্গে আসামি করা হয়।দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে ২০১৫ সালের ১১ অগাস্ট রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

  • পোরশায় নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমানের সংবর্ধনা ও মতবিনিময় সভা

    পোরশায় নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমানের সংবর্ধনা ও মতবিনিময় সভা

    পোরশায় নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমানের সংবর্ধনা ও মতবিনিময় সভা

    নওগাঁ-১ (পোরশা, নিয়ামতপুর ও সাপাহার) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানকে বিএনপি’র পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শেষে উপজেলা সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা এবং এ মতবিনিময় সভা হয়। শুরুতেই নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানকে বিএনপি’র পক্ষ থেকে সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদেক, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক লায়ন মোঃ মাসুদ রানা,নিতপুর ইউনিয়ন সভাপতি আলহাজ্ব বেলাল হোসেন ও উপজেলা প্রশাসন, পোরশা থানা, ইউনিয়ন পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান। সংবর্ধনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নওগাঁ ১ পোরশা, নিয়ামতপুর ও সাপাহার আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান। এতে পরিচয় পর্ব শেষ করে দাপ্তরিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ও পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আরো অনেকে। বক্তারা বলেন, স্বপ্নের পোরশা বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি সাংবাদিক, সুশীল সমাজসহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা করতে হবে।পোরশা থেকে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করতে নবনির্বাচিত এমপি মহোদয়ের পাশে থাকতে হবে।

  • টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

    টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

    টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত-এর বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।আবেদনে উল্লেখ করা হয়, আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধ সুবিধা নিয়ে গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট রেজিস্ট্রি দলিলের মাধ্যমে নিজের দখলে নেন তিনি।
    তদন্তে আরও বলা হয়, সম্পত্তিটি হস্তান্তরযোগ্য না হওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনুমোদন আদায়ে ভূমিকা রাখা হয়। এতে অবৈধ সুবিধা দেওয়া-নেওয়ার মাধ্যমে অপরাধমূলক ষড়যন্ত্র সংঘটিত হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।আবেদনে আরও বলা হয়, মামলা দায়েরের আগেই আসামি দেশত্যাগ করেছেন এবং প্রমাণ নষ্টের আশঙ্কা রয়েছে। তিনি বিদেশে অবস্থান করায় গ্রেপ্তারের স্বার্থে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা প্রয়োজন।

  • রাজশাহীতে তুলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

    রাজশাহীতে তুলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

    রাজশাহীতে তুলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

    উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি তুলা চাষ হচ্ছে রাজশাহীর চারঘাট উপজেলায়। আমের পর অর্থকারী ফসল হিসেবে তুলা চাষ এ অঞ্চলের চাষিদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে। ধান-আখসহ অন্যান্য ফসলে অব্যাহত লোকসান ও সেচ সংকটের কারণে উপজেলার কৃষকরা কয়েক বছর ধরে কার্পাস তুলা আবাদে ঝুঁকেছেন বেশি। তুলা উন্নয়ন বোর্ড সূত্র জানায়, চলতি মৌসুমে চারঘাট উপজেলায় ৪৩০ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে বেশি এবং তুলনামূলক কম খরচ ও অধিক লাভজনক হওয়ায় প্রতি বছর নতুন নতুন কৃষক তুলা চাষে আগ্রহী হচ্ছেন। ১৪টি গ্রামকে ৪টি ব্লক এ প্রায় কয়েক প্রকার তুলা চাষ করছেন। এছাড়া কম বেশি প্রত্যেকটি গ্রামেই তুলা হচ্ছে।সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আম বাগান, পেয়ারা বাগান, সবজিক্ষেতসহ বিভিন্ন ফসলের সাথী ফসল হিসেবে তুলা আবাদ হয়েছে। এখন চলছে ক্ষেত থেকে তুল্য সংগ্রহের কাজ। এক কৃষক বলেন, গত বছর আম বাগানের ছয় বিঘা জমিতে তুলা আবাদ করেছিলাম। প্রতি বিঘায় ১৪ থেকে ১৫ মণ তুলা পেয়েছি। খরচ পড়েছিল ১২ হাজার টাকা। চলতি মৌসুমে একই পরিমাণ জমিতে আবাদ করে ৩৫ মণ তুলা সংগ্রহ হয়েছে। আরও ৫০ মণ পাবো।তুলা চাষী শরিফুল, টুটুল, আমজাদ জানান, তুলা চাষে প্রনোদনা হিসেবে তুলা উন্নয়ন বোর্ড থেকে ইউরিয়া, ডিএপি, কীটনাশক, পিজিআরসহ হাইব্রিড বীজ পেয়েছি। তুলা উন্নয়ন বোর্ড এর কর্মকর্তারা ভালো ফলন নিশ্চিত করতে নিয়মিত পরামর্শ প্রদান করেন। জমি প্রস্তুত, সার, সেচ, কীটনাশক পরিচর্যাসহ উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো লাভজনক হবে।চারঘাট উপজেলার কটন ইউনিট অফিসার হোসেন আলী প্রতিবেদককে বলেন, গত ৫-৬ বছর ধরে চারঘাটে কার্পাস তুলার আবাদ বাড়ছে। গত বছর ৪০০ হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছিলো। চলতি মৌসুমে ৪৩০ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। গত বছর তুলার মূল্য ছিলো ৩৯০০ টাকা মণ। চলতি মৌসুমে মূল্য হয়েছে ৪ হাজার টাকা মণ। উপজেলায় কার্পাস তুলা চাষে ব্যাপক ফলন হয়েছে। তুলনামূলক খরচ কম ও অধিক লাভজনক হওয়ায় প্রতি বছর নতুন নতুন কৃষক তুলা চাষে আগ্রহী হচ্ছেন এলাকার কৃষক।

  • সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ॥ নেশাজাতীয় সিরাপসহ আটক এক

    সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ॥ নেশাজাতীয় সিরাপসহ আটক এক

    সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ॥ নেশাজাতীয় সিরাপসহ আটক এক

    জেলার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ একজন আটক হয়েছে। আটককৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের জমিনপুর গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ সাকিবুল হাসান (১৯)। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ফেব্রুয়ারি ভোর রাত সাড়ে ৫টার দিকে তেলকুপি বিওপি হতে একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৭৯/৫-এস হতে মাত্র ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অভিযান চালায়। এসময় মোঃ সাকিবুল হাসান (১৯)কে ফেন্সিডিল এর বিকল্প ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ ও ০১টি মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয়। এছাড়াও অভিযানের সময় ০৩ জন আসামী পালিয়ে যায়। বিজিবি’র পক্ষ হতে আটক ও পলাতক আসামী এবং নেশাজাতীয় সিরাপ এর বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, এই ব্যাটালিয়ন বিগত ০৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ০৮ জন আসামীসহ ৩২০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

  • শেরপুর-৩ আসনের ভোট গ্রহণে গণবিজ্ঞপ্তি

    শেরপুর-৩ আসনের ভোট গ্রহণে গণবিজ্ঞপ্তি

    শেরপুর-৩ আসনের ভোট গ্রহণে গণবিজ্ঞপ্তি

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে ৯ এপ্রিল ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার এই গণবিজ্ঞপ্তি জারি করেন।এর আগে এ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করায় নির্বাচনী কার্যক্রম বাতিল করা হয়েছিল। মঙ্গলবার জারি করা গণবিজ্ঞপ্তিতে ১৪৫ শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) নির্বাচনি এলাকার ভোটারদের স্ব-স্ব নির্বাচনি এলাকা থেকে একজন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করার জন্য সময়সূচি ঘোষণা করা হয়। সময়সূচী অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ (সোমবার)। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ৫ মার্চ (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৬-১০ মার্চ (শুক্রবার-মঙ্গলবার)। আপিল নিষ্পত্তির তারিখ ১১ মার্চ (বুধবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ (শনিবার)। প্রতীক বরাদ্দের তারিখ ১৫ মার্চ (রোববার)।
    ভোট গ্রহণের তারিখ ৯ এপ্রিল (বৃহস্পতিবার)। গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই গণবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ২মার্চ অথবা সেদিনের পূর্ববর্তী কোনো দিনে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উল্লেখিত নির্বাচনি এলাকা থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গৃহীত হবে। তবে গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ নির্বাচনী সময়সূচি ঘোষণার পর যাদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালিকায় রয়েছে তাদেরকে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না এবং জামানতের অর্থও জমা দিতে হবে না বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মিনি কনফারেন্সন রুমে নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয় বরং জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা জামায়াতে সেক্রেটারি মোবারক হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, টিএইচও মাহবুব উল আলম, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, বিএমডিএ ইঞ্জিনিয়ার রেজাউল করিম, এলজিইডি ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, থানার এসআই হাসান, পৌর নায়েবে আমির রফিকুল ইসলাম, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কাজী ও জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আইনশৃঙ্খলা সভায় রোজা উপলক্ষে খাদ্য দ্রব্যের মূল্য উর্ধ্বমুখীতে মোবাইল কোর্ট পরিচালনা করা, কৃষি সার ন্যায্য মূল্য বিক্রি নিশ্চিত করা, টিসিবি পণ্য সঠিকভাবে বিতরণ করা, পৌরসভার আওতার সিসি ক্যামেরা গুলোতে গুরুত্ব দেওয়া, গুরুত্বপূর্ণ স্থানে সোলার লাইট স্থাপনে গুরুত্ব দেওয়া, মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ, খুন, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, সন্ত্রাস, নাশকতা, ডাকাতি, চোরাকারবারি, ছিনতাই, রাস্তা ঘাট, সাস্থ্য সেবা, সরকারি জমিজমা সংক্রান্ত, পানি সরবরাহ, গাড়ীঘোড়া, রাস্তায় এক্সিডেন্ট ও যানজোট নিরাসন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা।

  • এনসিপির কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি ॥ কারণ দর্শানোর নোটিশ

    এনসিপির কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি ॥ কারণ দর্শানোর নোটিশ

    এনসিপির কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি ॥ কারণ দর্শানোর নোটিশ

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে।এনসিপির ফেসবুক পেজে বুধবার রাতে প্রকাশিত পোস্টে জানানো হয়, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তনুকে দলীয় সকল দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, আগামী তিন কার্যদিবসের মধ্যে তনুকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না। ব্যাখ্যা সরাসরি শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে দাখিল করতে হবে।

  • নাগরপুরে ১’শ পরিবারকে ইফতার উপহার দিলেন প্রবাসী লেনিন

    নাগরপুরে ১’শ পরিবারকে ইফতার উপহার দিলেন প্রবাসী লেনিন

    নাগরপুরে ১’শ পরিবারকে ইফতার উপহার দিলেন প্রবাসী লেনিন

    টাঙ্গাইলের নাগরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও লন্ডন প্রবাসী ইউসুফ হোসেন লেনিন। ধুবড়িয়া ইউনিয়নের ১০০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।প্রথম রমজান থেকে শুরু হওয়া এই কর্মসূচিটি পর্যায়ক্রমে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সমাপ্ত হয়। ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি উপহার প্যাকেজে ছিল— ছোলা, খেজুর, মসুর ডাল, সয়াবিন তেল, মুড়ি, চিনি ও পেঁয়াজ। যুক্তরাজ্যের লন্ডন থেকে মুঠোফোনে ইউসুফ হোসেন লেনিন জানান, রমজান মাসজুড়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অংশ হিসেবেই এই ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ধুবড়িয়া ইউনিয়নবাসীর জন্য এই ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের বিষমপুর গ্রামের কৃতি সন্তান ইউসুফ হোসেন লেনিন দীর্ঘ সময় জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। তিনি ঢাকা তেজগাঁও কলেজ থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে ২০১৯ সালে বিবিএ এবং ২০২১ সালে এমবিএ সম্পন্ন করেন। এছাড়াও সম্প্রতি তিনি ২০২৫ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি আইনে উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে লন্ডনে অবস্থান করছেন।