রবিবার থেকে জেলায় ‘হাম’র টিকা কার্যক্রম শুরু- চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব নির্মূলে করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ সভা-৪৫ হাজার টিকার প্রস্তুতি

রবিবার থেকে জেলায় ‘হাম’র টিকা কার্যক্রম শুরু

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব নির্মূলে করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ সভা-৪৫ হাজার টিকার প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিশুদের প্রাণঘাতি রোগ ‘হাম’ রোগের বর্তমান অবস্থা ও করনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ। হামের প্রাদুর্ভাব নির্মূলে ব্যাপক টিকাদান কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ হাবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি মোঃ হারুনুর রশীদ এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাবুদ্দীন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

সভায় জানানো হয়, জেলায় হামের প্রাদুর্ভাব রোধে আগামী রবিবার থেকে টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রায় ৪৫ হাজার ডোজ টিকা প্রয়োগ করা হবে। প্রধান অতিথি ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, “‘হাম’ একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকা নিশ্চিত করতে পারলে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব। এজন্য সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় হাম প্রতিরোধে লক্ষ্যমাত্রাভুক্ত শিশুর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৮১৪ জন। এ বিপুল সংখ্যক শিশুকে টিকার আওতায় আনতে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সভায় সিভিল সার্জন ডা. এ কে এম শাহাবুদ্দীন এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মশিউর রহমান টিকাদান কর্মসূচির প্রস্তুতি ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন। তারা জানান, প্রত্যন্ত এলাকাতেও টিকা পৌঁছে দিতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ভ্যাকসিন সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সভা শেষে হামের (Measles) রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে এন্টিবায়োটিক ইনজেকশন ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং টিকা ক্রয়ের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকার একটি চেক জেলা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। অতিথিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্থানীয় পর্যায়ে এমন সহযোগিতা টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করবে। সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃ জুবায়ের হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইকরামুল হক নাহিদ, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির মুন্সি, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তৌফিক আজিজ, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ,

জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রটগণসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সভায় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহ নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল আলম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, দৈনিক চাঁপাই দর্পণ ও দৈনিক অধিকার ডট কমের নিজস্ব প্রতিনিধি মোঃ ইসাহাক আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা। সভা থেকে দ্রুত সময়ের মধ্যে শতভাগ শিশুকে টিকার আওতায় এনে চাঁপাইনবাবগঞ্জকে হামমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *