গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ২ শিক্ষকের মৃত্যু

গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ২ শিক্ষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ২ মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে সাপে কামড়ের ঘটনা ঘটে। মারা যাওয়া শিক্ষকরা হলেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলার বিষ্ণুপাড়া গ্রামের মৃত আহমেদ হোসেনের ছেলে জোবায়ের হোসেন (২৮) ও নওগাঁ জেলার পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের রাসেদুল ইসলাম। তারা দুইজনই গোমস্তাপুর উপজেলার জিনারপুর গ্রামে অবস্থিত ইকরা কওমী মডেল মাদরাসার শিক্ষক ছিলেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দিবাগত রাতে শিক্ষকরা তাদের ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুইজনকে সাপে কামড় দেয়। পরে সহকর্মীরা সাপে কামড়ানো শিক্ষকদের শরীর থেকে বিষ নামানোর জন্য গ্রামের একজন কবিরাজের কাছে নিয়ে যান। কিন্তু এতেও তাদের শরীরের কোন উন্নতি হয়নি বরং অবনতি হচ্ছিল। এতে ভয় পেয়ে সহকর্মীরা তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় রাসেদুল ইসলাম মারা যান। ওসি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে অপর শিক্ষক জোবায়েরের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে মারা যান জোবায়ের। ওসি বলেন, নিহত শিক্ষক রাসেদুল ইসলামের মরদেহ পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, আরেক শিক্ষক জোবায়েরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এ রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ জোবায়েরের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *