অধিকারের সম্পাদক আদিলুর-পরিচালক নাসিরের ২ বছর কারাদণ্ড

আইসিটি আইনে মামলা

অধিকারের সম্পাদক আদিলুর-পরিচালক নাসিরের ২ বছর কারাদণ্ড

আইসিটি আইনের একটি মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান ও পরিচালক নাসির উদ্দিন এলানের ২ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড, তা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই রায় দেন। জামিনে থাকলেও দুই আসামির বিরুদ্ধে রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন তারা। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সাইবার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম। অপরদিকে, আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া। মামলার বিবরণীতে জানা যায়, ২০১৩ সালে হেফাজতের শাপলা চত্বরে সমাবেশে ৬১ জনের মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংগঠন অধিকার। একই বছর ১০ জুন গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ডিবির এস.আই আশরাফুল ইসলাম।
ওই বছরের ১০ জুলাই নিহতের তালিকা চেয়ে অধিকারকে চিঠি দেয় তথ্য মন্ত্রণালয়। কিন্তু সংগঠনটি তালিকা দিতে অস্বীকৃতি জানায়। পরে ১০ আগস্ট গ্রেপ্তার হন অধিকার সম্পাদক আদিলুর রহমান খান। ওই বছরের ৯ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পান তিনি। তদন্ত শেষে ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর ৩২ জনকে সাক্ষী করে আদিলুর ও এলানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ওই বছর ১১ সেপ্টেম্বর অভিযোগপত্র আমলে পলাতক আসামি এলানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ২০১৪ সালের ৮ জানুয়ারি মামলাটিতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। অভিযোগ গঠন সংক্রান্ত আদেশের পর উচ্চ আদালতে মামলা বাতিল চাইলে উচ্চ আদালতের আদেশে বিচারকাজ স্থগিত হয়ে যায়। হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারের পর ২০২১ সালের ৫ সেপ্টেম্বর সেই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। দুই বছরের ব্যবধানে বিচার শেষে মামলাটির রায় ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *