চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সাথে নদীতে গোসলে গিয়ে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সাথে নদীতে গোসলে গিয়ে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বন্ধুদের সাথে নদীতে গোসলে গিয়ে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জেলা সদরের মহানন্দা নদীর শেখ হাসিনা ব্রীজ এলাকায় ও শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো-লিজা খাতুন ও নাঈমা খাতুন এবং মারুফ হোসেন। এদের মধ্যে লিজা ও নাঈমা ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও মারুফ এইচ.এস.সি পরীক্ষায় অংশ গ্রহনকারী।
ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল কাইয়ুম জানান, সকাল ১১টার দিকে পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে গোসল করতে যায় লিজা ও নাঈমা খাতুনসহ পাঁচ সহপাঠী। এ সময় তিনজন সাঁতরে উঠতে পারলেও লিজা ও নাঈমা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবরীদল যৌথভাবে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে লিজার মরদেহ ও সন্ধ্যায় নাঈমার মরদেহ উদ্ধার করে। অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদরের মহানন্দা নদীতে বন্ধুদের সাথে গোসলে গিয়ে পৌর এলাকার নামোশংকরবাটী নতুনহাট গুমপাড়া বড় মসজিদ চৌহমুনি এলাকার সৈয়বুর রহমানের ছেলে মারুফ (২১) হোসেন মারা গেছে। সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মহানন্দা নদীর উপরে শেখ হাসিনা ব্রীজ সংলগ্ন ঘাটে বন্ধুদের সাথে গোসল করতে যায় যুবক মারুফ। এক পযার্য়ে তার সব বন্ধুরা নদী থেকে উঠে আসলেও মারুফকে তারা না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়া হয়। পরে রাত ৭ টার দিকে তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *