কানসাটে দিনব্যাপী আম সম্মেলন ॥ টেকসই উন্নয়নের আহবান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আজ ৬ মে দিনব্যাপী অনুষ্ঠিত হলো আম সম্মেলন ২০২৫। ম্যাংগো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে এই সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৩৫০ জন আম চাষি ও উদ্যোক্তা অংশ নেন। সম্মেলনে আম শিল্পের সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ রপ্তানিমুখী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম শুধু দেশের গর্ব নয়, বৈদেশিক মুদ্রা অর্জনেরও বড় উৎস হতে পারে। তবে রপ্তানির জন্য প্রয়োজন নিরাপদ উৎপাদন, আধুনিক সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের প্যাকেজিং। এই লক্ষ্যে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। সম্মেলনে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌফিক আজিজ। তিনি বলেন, আম উৎপাদনের সাথে সংশ্লিষ্ট কৃষক ও উদ্যোক্তারা যদি সমন্বিতভাবে কাজ করেন, তবে রপ্তানি বাজারে বাংলাদেশ আরও শক্ত অবস্থান নিতে পারবে।

তারা বলেন, আমের নানা সমস্যা ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে চাষি, উদ্যোক্তা, গবেষক ও প্রশাসনের সমন্বয়ে একযোগে কাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে, তবেই রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Leave a Reply