শিবগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিং ॥ ককটেল বিস্ফোরণ-আহত ১০
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক স্কুলছাত্রীকে ইভটিজিং এর জের ধরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১০জন আহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ৪ জন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও মেয়ের পরিবারের দাবী তাদের ১০ জন আত্নীয় স্বজন আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মনাকষা বাজার সাফিনা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের মৃত লোকমানের ছেলে আজম আলী (৪৬), মৃত হাবিবুর রহমানের ছেলে শাহ আলম (৩২), টোকনা গ্রামের আবদুল রহমানের ছেলে আরিকুল ইসলাম (৫০), মনাকষা বাজারের চিনু আলীর ছেলে তোহরুল ইসলাম (৩০), নামোটোলা গ্রামের জাহেদ আলী (৪৫) ও বিশু আলী (২৮)। বাকি আহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, মনাকষার হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল পাশর্^বর্তী হাউসনগর গ্রামের সফিকুল ইসলামের ছেলে জুয়েল (২৫)। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার মিমাংসাও হয়। এরপরও বৃহস্পতিবার হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয়ের সড়কে আবারো ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করে জুয়েল। পরে স্কুলছাত্রী বাড়ি এসে নানীকে বিষয়টি অবহিত করে। এরই জেরে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে সাফিনা মার্কেট সংলগ্ন স্কুলছাত্রীর মামার দোকানের সামনে ও বাজারে ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে জুয়েলসহ তার লোকজন। এতে প্রায় ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে আরিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুলছাত্রীর পিতা শরিফুল ইসলাম জানান, স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে মেয়েকে উত্যক্ত করে আসছে জুয়েল। এ নিয়ে ছেলের পিতাকে বেশ কয়েকবার অবহিত করার পর স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মিমাংসা হয়। তারপরও মাঝে মাঝে মেয়েকে রাস্তায় উত্যক্ত করতো সে। আর এর প্রতিবাদ করায় ভীতি ছড়াতে ককটেল বিস্ফোরন ঘটনায় ছেলেটির সমর্থকরা। এ ব্যাপারে মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম জানান, এক স্কুলছাত্রীকে উত্যক্তের জেরে মনাকষা বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস করেছে ছেলে পক্ষ বলে তবে শুনেছেন। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা নয়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছে। ৬টি ককটেল বিস্ফোরিত হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply