গলা কেটে কণ্ঠরোধ নয়!-সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে উত্তাল মানববন্ধন, হত্যাকারীদের ফাঁসির দাবি

গলা কেটে কণ্ঠরোধ নয়!

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে উত্তাল মানববন্ধন, হত্যাকারীদের ফাঁসির দাবি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংস হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজ। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাবেক সভাপতি শহিদুল হুদা অলক, প্রথম আলোর প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম,

জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ। এছাড়া দৈনিক চাঁপাই দর্পণের নিজস্ব প্রতিনিধি মোঃ ইসাহাক আলীসহ জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা ক্ষোভ জানিয়ে বলেন— “এটি শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি পুরো গণমাধ্যমের ওপর প্রকাশ্য আক্রমণ। যারা সত্যের পক্ষে লিখে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের গলা কেটে ভয় দেখানো হচ্ছে। কিন্তু মনে রাখবেন— গলা কেটে কণ্ঠরোধ করা যাবে না, লেখনী থামানো যাবে না।”

তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা সাংবাদিক সুরক্ষা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা স্পষ্ট করে বলেন— তুহিন হত্যার নেপথ্যের শক্তি যেই হোক না কেন, এই হত্যাকারীদের আইনের আদালতের জায়গাতেই ফাঁসির দড়িতে ঝুলতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *