নাটোরে ভুল চিকিৎসায় আল-হেরা হাসপাতাল বন্ধ

নাটোরে ভুল চিকিৎসায় আল-হেরা হাসপাতাল বন্ধ

নাটোরে ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা পেয়ে আল-হেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের এক হাসপাতালের সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নাটোর শহরের কানাইখালীতে অবস্থিত হাসপাতালে গিয়ে এই নির্দেশনা দেন নাটোরের সিভিল সার্জন মুক্তাদির আরফিন। ভুল চিকিৎসার শিকার মানিক মিয়া একজন পোশাক কর্মী। তিনি নাটোরের একডালা নারায়ণপুর এলাকার বাসিন্দা। স্বজনদের অভিযোগ, অপারেশনের কথা বলে রোগীর পেট কাটা হলেও অ্যাপেন্ডিসাইটিস অপসারণ না করে পুনরায় সেলাই করে দেওয়া হয়েছে। উল্টো নাড়ি ফুটো হয়ে রোগীর অবস্থা আরও গুরুতর হয়ে উঠেছে। এ বিষয়ে হাসপাতালটির মালিক ও চিকিৎসক শামিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইলে কথা বলতে অস্বীকৃতি জানান। সিভিল সার্জন আরেফীন বলেন, গত ২৭ জুলাই ওই রোগী তলপেটে ব্যাথা নিয়ে আল-হেরা হাসপাতালে ভর্তি হন। সেদিনই হাসপাতালটির মালিক ডা. শামিম উদ্দিন এক সহযোগী নিয়ে তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন। পরে সপ্তাহখানেক রোগীকে হাসপাতালটিতে ভর্তি রেখে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে গিয়ে রোগীর অবস্থা সংকটাপন্ন হলে স্বজনরা তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে আল-হেরা হাসপাতালের ভুল চিকিৎসার বিষয়টি ধরা পড়ে। সিভিল সার্জন আরেফীন বলেন, রোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটির রিপোর্টে তথ্য-প্রমাণ সঠিক বলে আমাদের কাছে মনে হয়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে, নাটোর ক্লিনিক মালিক এ্যাসোসিয়েশনের নেতারা রোগীর জন্য ১০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন এবং আল-হেরা হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *