‘মানবজমিন সহ বিভিন্ন পত্রিকার নামে প্রতারণা’
শিবগঞ্জে প্রতারক জাতীয় পার্টির নেতা রিপন’র বিচারের দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দৈনিক মানবমজিনসহ বিভিন্ন পত্রিকার নাম করে বিভিন্ন ধরনের কাজ করিয়ে দেবেন বলে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ প্রচার সম্পাদক রিপন আলীর বিরুদ্ধে। তার বিভিন্ন অপকর্মের অভিযোগে তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার লহালামারী বাজারে ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, লহালামারী আম সমিতির সভাপতি আশরাফুল আলম মারুফ, লহালামারী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আইনুল বারী, ভুক্তভোগী মমিন আলী, সাইরুল, আশরাফুল, মিজানুর ও ইউপি সদস্য শামীম রেজাসহ অন্যরা। মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন রিপন আলী। এমনকি নারীদের সাথে প্রতারণা করেছেন। এছাড়াও তিনি মানবজমিন পত্রিকার নামে ব্যাংক এশিয়া শিবগঞ্জ শাখায় একটি একাউন্ট খুলে বিভিন্ন জনকে ভয়তীতি দেখিয়ে একাউন্টের মাধ্যমে লেনদেন করছেন বলে অভিযোগ উঠেছে মানববন্ধনে। বক্তারা আরও বলেন, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ ও বৈদ্যুতিক খুঁটি পাইয়ে দেয়ার নামে অসহায় নিরিহ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করেছেন। এমনকি সে মাদক ব্যবসার সাথেও জড়িত। তার অপকর্মে অতিষ্ঠ হয়ে পাওনা টাকা ফেরত চেয়ে দ্রুত বিচার দাবি করেন বক্তারা।

Leave a Reply