গ্রামবাংলার সবুজ সোনা ॥ সজনে পাতার অমূল্য আশীর্বাদ-প্রকৃতির এক লুকানো ভাণ্ডার
বাংলার গ্রাম মানেই প্রকৃতির আঁচলে মোড়ানো এক অপার সৌন্দর্যের রাজ্য। সেই রাজ্যের প্রতিটি কোণে, প্রতিটি উঠানে, একসময় যেমন ছিল নারিকেল, আম, জাম, কাঁঠাল, তেমনি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত একেকটি সজনে গাছ। গ্রামীণ জীবনের এই গাছটি শুধু ছায়া দেয় না—এর প্রতিটি পাতা, ফুল, ফল, এমনকি ছাল পর্যন্ত মানবজীবনের এক অনন্য উপহার। সজনে পাতার গল্প শুরু হয় মাটির ঘ্রাণে ভরা গ্রামের ভোরে। রান্নাঘরের পাশে মাটির চুলায় হাঁড়ি চড়ে, আর তার ভেতর ফুটতে থাকে ডাল আর তাজা সজনে পাতা। মৃদু সুগন্ধ ছড়িয়ে পড়ে সারা উঠোন জুড়ে, এ যেন মায়ের রান্নার ভালোবাসা, প্রকৃতির দান আর স্বাস্থ্যের মিশেল। পুষ্টির ভাণ্ডার- সজনে পাতা যেন প্রকৃতির এক লুকানো ভাণ্ডার। এতে রয়েছে প্রচুর আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, সি এবং প্রোটিন। গ্রামবাংলার মানুষ যুগ যুগ ধরে এটি খেয়ে আসছে শক্তি ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। বৃদ্ধরা বলেন, “ডাটার পাতা খাইলে চোখে আলো বাড়ে, হাড় মজবুত হয়, শরীর থাকে হালকা।

” দরিদ্রদের যখন ওষুধ কেনার টাকা থাকে না, তখন প্রকৃতি নিজেই হয়ে ওঠে ডাক্তার। সজনে পাতার রস অনেক রোগের প্রাকৃতিক চিকিৎসা হিসেবে কাজ করে, বিশেষ করে রক্তশূন্যতা, জ্বর ও চর্মরোগে। গ্রামের বয়স্ক মহিলারা আজও বলেন, “এক মুঠো সজনে পাতা প্রতিদিন খেলে শরীরে কোনো ব্যাধি ঘেঁষতে পারে না।” পরিবেশের বন্ধু সজনে গাছ শুধু খাদ্য নয়, এটি মাটির ক্ষয়রোধে ও বায়ু পরিশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রহনপুরের মতো এলাকায় রাস্তাঘাটের ধারে, স্কুলের আঙিনায় কিংবা মানুষের বসতভিটায় সজনে গাছ চোখে পড়ে প্রায়ই। বসন্তে যখন এর কোমল পাতাগুলো হেলে দুলে বাতাসে নাচে, তখন পুরো গ্রামটাই যেন এক সবুজ সুরের রাজ্যে পরিণত হয়। গ্রামীণ জীবনের চিরসঙ্গী সজনে পাতা শুধু শরীর নয়, মনকেও সঞ্জীবিত করে। গ্রামের দরিদ্র পরিবারগুলোর ভাত-ডাল-সজনে পাতা ভাজি যেন এক অনন্য বিলাসিতা। এই সাধারণ খাবারই তাদের জীবনের আনন্দ, ঐতিহ্য আর প্রকৃতির সঙ্গে এক আত্মিক সম্পর্কের প্রতীক। সজনে পাতা শুধু একটি খাদ্য নয়, এটি আমাদের মাটি, প্রকৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এক সবুজ অলংকার। বর্তমানে যখন কৃত্রিম খাবারে ভরে যাচ্ছে বাজার, তখন এই সজনে পাতা যেন আমাদের আবার মনে করিয়ে দেয়-প্রকৃতির ভেতরেই আছে সুস্থ জীবনের আসল সমাধান।

Leave a Reply