সোনালী ব্যাংকের নাম ভাঙিয়ে প্রতারণা: ভিডিও কলের ফাঁদে চাকরিজীবী, অল্পের জন্য রক্ষা
সোনালী ব্যাংকের হেড অফিসের পরিচয় দিয়ে ফোন-এরপর হোয়াটসঅ্যাপে ভিডিও কল। এভাবে ভয়ংকর প্রতারণার জালে ফেলার চেষ্টা করে এক প্রতারকচক্র। তবে শেষ মুহূর্তে সতর্ক হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন রহনপুরের এক চাকরিজীবী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, গতকাল দুপুরে +৮৮০৯৬৫৮-৩২৪৩৪২ নম্বর থেকে একটি কল আসে।
কলকারী নিজেকে সোনালী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, তার ব্যাংক অ্যাকাউন্টের নমিনি আপডেট নেই—ফলে ‘‘টাকা জমা বা উত্তোলন বন্ধ’’ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ‘‘এখন যা বলব তাই করবেন’’ বলে নির্দেশ দেওয়া হয়।
পরক্ষণেই প্রতারক হোয়াটসঅ্যাপে (+৮৮০ ১৮২৭-০২৭৬৯৫) ভিডিও কল দেন। কলের সময় ওই চাকরিজীবীর জাতীয় পরিচয়পত্র (NID), অ্যাকাউন্ট নম্বরের মেসেজ স্ক্রিনশটসহ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। পরে জানানো হয়-‘‘আপডেট সম্পন্ন হলে মেসেজ আসবে, এরপর ছবি নিয়ে ব্যাংকে যেতে হবে।’’ এরপর সন্দেহ হওয়ায় ওই ব্যক্তি সরাসরি সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় যোগাযোগ করলে প্রকৃত সত্য প্রকাশ পায়। ব্যাংক কর্তৃপক্ষ জানায়- সোনালী ব্যাংক কখনোই ভিডিও কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকের NID, অ্যাকাউন্ট নম্বর বা ব্যক্তিগত তথ্য চায় না। এতে তিনি অল্পের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পান। ব্যাংক কর্তৃপক্ষের সতর্কতা-কোনো ব্যাংক কখনো ফোনে ব্যক্তিগত তথ্য চায় না। হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলে এনআইডি বা অ্যাকাউন্ট তথ্য পাঠানো যাবে না। সন্দেহজনক কল পেলে সরাসরি শাখায় যোগাযোগ করতে হবে। প্রতারকচক্র বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে টার্গেট করছে। সচেতনতা বাড়লেই এ ধরনের প্রতারণা এড়ানো সম্ভব, বলছে সংশ্লিষ্টরা।
Leave a Reply