চাঁপাইনবাবগঞ্জে পুলিশ স্থাপনায় হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা ॥ গ্রেপ্তার ৯
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর পর পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সদর মডেল থানার এস.আই শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ। পরে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা, এক পর্যায়ে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। রাতে সেনাবাহিনী ও বিজিবির তৎপরতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২৪ লক্ষ টাকা। মামলায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, ঘটনার পর থেকে শনিবার রাত পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। বাকী আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।

Leave a Reply