চাঁপাইনবাবগঞ্জের মাটি সোনালী ফসল উৎপাদনের ঘাঁটি

চাঁপাইনবাবগঞ্জের মাটি সোনালী ফসল উৎপাদনের ঘাঁটি

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় “বাংলার বারি জেলার রাজধানী”। পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা পনদীর অববাহিকায় গড়ে ওঠা এ জেলার মাটি শুধু উর্বর নয়, এটি বাংলাদেশের অন্যতম সোনালী ফসল উৎপাদনের ঘাটি হিসেবেও পরিচিত। প্রাচীনকাল থেকেই এই জেলার কৃষকরা পরিশ্রম, উদ্ভাবনী শক্তি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। চাঁপাইনবাবগঞ্জের মাটির গঠন মূলত দোআঁশ ও বেলে দোআঁশ প্রকৃতির। এই মাটি ধান, গম, ভুট্টা, ডাল, পাট, পেঁয়াজ, রসুন, মুগ, আলু এবং আমসহ নানান ফলমূল ও সবজি উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। জেলার প্রায় ৮০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে যুক্ত। এখানে ফসলের বৈচিত্র্য যেমন রয়েছে, তেমনি রয়েছে মৌসুমি ফসলের আধিক্য। বিশেষ করে শীত মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের জমিতে দেখা যায় এক অপূর্ব দৃশ্য, সোনালী গমের ঢেউ, সবুজ ভুট্টাক্ষেত ও শাকসবজির শোভা। জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলাগুলোয় প্রতিবছর লক্ষ লক্ষ টন ভুট্টা উৎপাদিত হয়, যা দেশের বিভিন্ন জেলায় খাদ্য ও পশুখাদ্য হিসেবে সরবরাহ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিবছর চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১ লক্ষ ২০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন রবি ফসল চাষ হয়, যার অধিকাংশই সোনালী রঙের শস্যদানা, গম, ভুট্টা ও ধান। তাছাড়া, এই জেলার মাটি আম চাষের জন্যও বিখ্যাত। “আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ” খ্যাতি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখন তা আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছে গেছে। ফজলি, গোপালভোগ, খিরসাপাত, আশ্বিনা, এসব আমের জাত এখানকার কৃষকদের সোনালী ভাগ্যের প্রতীক। কৃষি কর্মকর্তাদের মতে, জেলার প্রায় ৩২ হাজার হেক্টর জমিতে আম বাগান রয়েছে, যা থেকে বছরে গড়ে তিন লক্ষ টন আম উৎপাদিত হয়। শুধু ফসল উৎপাদন নয়, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারেও চাঁপাইনবাবগঞ্জ অগ্রগামী। জেলার কৃষকরা এখন ড্রিপ সেচ পদ্ধতি, উন্নত জাতের বীজ ও জৈব সার ব্যবহার করছেন। পাশাপাশি নারীরা সবজি চাষ, হাঁস-মুরগি পালন ও মৌচাষে যুক্ত হয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে। তবে কৃষির এই সাফল্যের মাঝেও কিছু চ্যালেঞ্জ রয়েছে। খরা, সেচের পানি সংকট ও ন্যায্য দামের অভাব মাঝে মাঝে কৃষকদের হতাশ করে। তবুও কৃষি বিভাগের সহায়তা এবং সরকারি প্রণোদনা প্রকল্পের কারণে কৃষকরা নতুন উদ্যমে কাজ করে যাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জের এই সোনালী মাটি শুধু ফসল নয়, জন্ম দেয় একেকজন সংগ্রামী কৃষকের, যাদের ঘামে সিক্ত হয়ে দেশ পায় খাদ্য নিরাপত্তা। তাই বলা যায়, চাঁপাইনবাবগঞ্জ শুধু আমের জেলা নয়, এটি বাংলাদেশের কৃষি সম্ভাবনার এক উজ্জ্বল সোনালী ঘাটি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *