চুয়াডাঙ্গায় সেনা অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যু ॥ নেতা-কর্মীদের বিক্ষোভ

চুয়াডাঙ্গায় সেনা অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যু ॥ নেতা-কর্মীদের বিক্ষোভ

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু (৫২) আটক হওয়ার পর মৃত্যু হয়েছে। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শী, বিএনপি নেতা-কর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী জীবননগর পৌর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে শামসুজ্জামানকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ‘হাফিজা ফার্মেসি’ থেকে আটক করা হয় এবং পরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শামসুজ্জামানের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গভীর রাতেই হাসপাতালের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তারা শামসুজ্জামানের মৃত্যুকে ‘হত্যা’ দাবি করে, ঘটনার দায়ীদের শাস্তি দাবি করেন। চুয়াডাঙ্গার জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী মাহমুদ হাসান খান অভিযোগ করেন, অভিযানকালে সেনাবাহিনী নির্বাচনী বিরোধী নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। তিনি বলেছেন, “অস্ত্র উদ্ধারের নামে নির্যাতন করা হয়, যা সহ্য করতে না পেরে শামসুজ্জামান মারা গেছেন।” জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন সাংবাদিকদের জানান, সেনাবাহিনী জানিয়েছে, শামসুজ্জামান হার্ট অ্যাটাকে মারা গেছেন। তবে সাধারণ মানুষের দাবি এটি হত্যাকাণ্ড। তাঁর মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে। যদি হত্যাকাণ্ড প্রমাণিত হয়, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সর্বোচ্চ মহলকে জানানো হবে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, অভিযান চলাকালে জিজ্ঞাসাবাদের সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন শামসুজ্জামান। হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *