ত্রয়োদশ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যাচ্ছেন ৭ নারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে ২১২ আসনে জয় পেয়েছে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা। বিজয়ীর মধ্যে বিএনপি থেকে ছয় জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। বিজয়ী নারী প্রার্থীরা হলেন, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা। এদিকে, সিলেট বিভাগে প্রথম নারী এমপি হিসেবে বিজয়ী হয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিএনপির প্রার্থী ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সিলেট-২ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়। লুনা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলীকে ৭৯ হাজার ২৫১ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে এবার ভোটার ছিলেন ৩ লাখ ৬৪ হাজার ৮৩ জন। তার মধ্যে বিশ্বনাথ উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৯২ হাজার ৭৭৫ জন। এই উপজেলায় ভোট কাস্টিং হয়েছে মোট ৮৯ হাজার ৩৪১টি। তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন, ৬৭ হাজার ৯শত ৭৭ ভোট, আর দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ১১ দলীয় জোটের মনোনীত মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ১৭ হাজার ৯শত ৫৪ ভোট, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী ৫৪২, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৫৭২ এবং গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ১২৬ ভোট। অন্যদিকে, ওসমানীনগর উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৭১ হাজার ৩শত ৮ জন। এর মধ্যে ভোট কাস্টিং হয়েছে, মোট ৭২ হাজার ৪শত ৯৬টি। ওসমানীনগরে ভোটের শতকরা ভোটের হার ছিল ৪২.৪৬%। তার মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ৪৮ হাজার ৭শত ২০, ১১ দলীয় জোটের মুহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন ১৯ হাজার ৪শত ৯২, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী ৮শত ৬২, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৮১৭ এবং গণফোরামের মুজিবুল হক ৫০৬টি ভোট পেয়েছেন।

Leave a Reply