গোমস্তাপুরে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ ২ জন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে চোলাইমদ, ওয়াশ ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। ডিএনসি সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে গোমস্তাপুর থানাধীন আরুখা জোড়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ রুবেল আলী (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ লিটার চোলাইমদ এবং ১৫০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়। অপরদিকে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বড় তেঘরিয়া গ্রামে পৃথক আরেকটি অভিযানে মোঃ মনিরুল ইসলাম (৬৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার দুই আসামীর বিরুদ্ধে ডিএনসির পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গোমস্তাপুর থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply