গোমস্তাপুরে সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা-তে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ৩টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত পূর্বপ্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে একটি স্মারকলিপি প্রদান করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
স্মারকলিপিতে সহকারী শিক্ষকদের তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— সহকারী শিক্ষকদের গ্রেড উন্নতিকরণ, শতভাগ পদোন্নতি নিশ্চিতকরণ এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানে বিদ্যমান জটিলতা দ্রুত নিরসন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমিন শিহাব, সহকারী শিক্ষক রুহুল আমিন, সাদিকুল ইসলাম, নাজমী খাতুন, উম্মে আবেহা, হারুন অর রশিদ, বজলুর বারী, খাইরুল বারীসহ অনেকে। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বারবার আশ্বাস দিলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষক সমাজে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
বক্তারা আরও বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, মানববন্ধনে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুলসংখ্যক সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।



















