Blog

  • চাঁপাইনবাবগঞ্জের আলীনগর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসমাবেশ

    চাঁপাইনবাবগঞ্জের আলীনগর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসমাবেশ

    চাঁপাইনবাবগঞ্জের আলীনগর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসমাবেশ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের আলীনগর উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসমাবেশ হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ। সমাবেশে হারুনুর রশীদ বলেন, আমরা প্রত্যেকেই মানুষ, কারও না কারও মতাদর্শের অনুসারী হতে পারি। কিন্তু প্রশাসনের দায়িত্বে যারা আছেন তারা যেন কোনো ভাবেই দলীয় কাজে যুক্ত না হন। কোনো সরকারি কর্মকর্তা যদি নির্বাচনকালীন সময়ে অনৈতিক কাজে লিপ্ত হন, নির্বাচনের পর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা চাই নির্বাচন হোক সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক। যারা নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করতে চায়, তারা আজ গণভোট ও পিআর ব্যবস্থার মতো অযৌক্তিক দাবি তুলে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছেন। এই পরিস্থিতিতে আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির এই নেতা আরও বলেন, আগামী ১৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে একটি ঐতিহাসিক সমাবেশের আয়োজন হবে। আমাদের এই সময়ে ধান কাটা মৌসুম হলেও, একদিন ধান কাটা আপনারা লেবাররা সেইদিন বন্ধ রেখে একটা ঐতিহাসিক রূপদান করবেন। তিনি বলেন, আমরা মৃত পদ্মাকে জীবিত করতে চাই, গঙ্গা ব্যারেজ চাই, আমাদের নদীগুলোকে পুনর্জীবিত করতে চাই। আমরা পরনির্ভরশীল নই, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই। সমাবেশে আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামসহ অন্যরা। এসময় বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • ভুয়া আইডি খুলে প্রতারণা ॥ পলাতক নাটোরের ল্যাব সহকারী অনিক

    ভুয়া আইডি খুলে প্রতারণা ॥ পলাতক নাটোরের ল্যাব সহকারী অনিক

    ভুয়া আইডি খুলে প্রতারণা ॥ পলাতক নাটোরের ল্যাব সহকারী অনিক

    নাটোরে ভুয়া মেসেঞ্জার আইডি খুলে প্রতারণা ও মানহানির অভিযোগ উঠেছে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের ল্যাব সহকারী (১৮ গ্রেড) আব্দুল্লাহ আল অনিকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত প্রতারক অনিক পলাতক রয়েছেন। এজাহার সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার নড়ইগাছা এলাকার আব্দুল মজিদের ছেলে আব্দুল্লাহ আল অনিক ওরফে অনিক মাহমুদ (২৯) ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এক ব্যক্তির নামে ভুয়া মেসেঞ্জার আইডি খুলে দৈনিক কালেরকন্ঠ মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি মো. রাব্বানী ব্যাপারীর (গোলাম রাব্বানী) নামে প্রতারণার নাটক সাজান। অনিক ‘এ জধননধহর’ নামের ওই ভুয়া আইডি থেকে কথোপকথন বিকৃতি করে চাঁদা দাবির ভুয়া স্ক্রিনশট তৈরি করেন। পরে সেই স্ক্রিনশটের একটি কপি গত ৬ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে নাটোরের কানাইখালীর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাব্বানীর কর্মস্থলে পাঠান। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গত ৩ নভেম্বর নাটোর সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত অনিক ‘নজরুল ইসলাম’ নামে ভুয়া পরিচয় ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে মানহানি ও আর্থিক ক্ষতি সাধন করেন। এতে অভিযোগকারী প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করা হয়েছে। এজাহারের সঙ্গে সিসিটিভি ফুটেজের সিডি ও ভুয়া কথোপকথনের ফটোকপি প্রমাণ হিসেবে থানায় জমা দেওয়া হয়। নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, “এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।” স্থানীয় সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পর থেকে অনিক মাহমুদ এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছেন। সে গত বুধবার (৫ নভেম্বর) থেকে কলেজে অনুপস্থিত। কলেজের অধ্যক্ষ ড. নূরুল ইসলাম বলেন, “বুধবার সকালে অনিক আমাকে ফোনে জানায় যে তার স্ত্রী অসুস্থ। এরপর থেকে সে কলেজে আসেনি এবং তাকে আর ফোনেও পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে তার নামে একটি মামলা হয়েছে।” স্থানীয়দের দাবি, প্রতারক অনিক দীর্ঘদিন ধরে নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বর্তমানে তিনি পলাতক থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • জোরপূর্বক ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন

    জোরপূর্বক ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন

    জমিসহ বসতবাড়ি দখলের চেষ্টা

    জোরপূর্বক ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমির বাটোয়ারা মামলা করায় প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর ও জমিসহ বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে ভূমি দস্য শামসুজ্জোহার বিরুদ্ধে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ‘চাঁপাই প্রেসক্লাব’র হল রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আশরাফুল হক ও তার পরিবার। এক লিখিত বক্তব্যে আশরাফুল হক জানান, মামলায় বিবাদীগনের সাথে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। উল্লেখিত জমির আর.এস দাগ নং ১৩১৯,১৩৪৭,১৩৪৮,১৩৪৯ এর মধ্যে প্রায় দশমিক ২২৯৪ একর জমিজমা নিয়ে শামসুজ্জোহা, সজীব সহ তাদের ভূমিদস্যু বাহিনী বিরোধ সৃষ্টি করলে গত ৩১ অক্টোবর ২০২৩ আদালতে বাটোয়ারা মামলা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন প্রতিপক্ষ শামসুজোহা সহ তার দলবল। পরবর্তীতে আশরাফুল হক পরিবারসহ তারা বাড়ি ছেড়ে নিজেদের আত্মীয় স্বজনদের বাসায় দিন কাটিয়েছেন। এ ঘটনায় তারা থানায় মামলা করলেও পুলিশ মামলা নেয়নি বলে দাবি করেন তারা। পরে তারা আদালতে মামলা করতে বাধ্য হন। এখনও আদালতে মামলা বিচারাধীন রয়েছে। তিনি আরও বলেন, চলতি বছরের গত ১৬ অক্টোবর সকালে বাড়ির সামনে পরিকল্পিতভাবে তার অটো ভ্যান গাড়ী আটকিয়ে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে সই করে নেন এবং জোরপূর্বক জমি রেজিস্ট্রি করার জন্য বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি প্রদান করে। এবিষয়ে অভিযুক্ত শামসুজ্জোহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

  • চাঁপাইনবাবগঞ্জে মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে এক ব্যক্তিকে মারধর

    চাঁপাইনবাবগঞ্জে মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে এক ব্যক্তিকে মারধর

    ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষরসহ ব্যাংকের চেক ছিনিয়ে নেয়ার অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জে মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে এক ব্যক্তিকে মারধর

    একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে তারেক রহমান নামে এক ব্যক্তিকে ধরে নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করার পর ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষরসহ তার দুটি ব্যাংকের চেক ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বাদিপক্ষের বিরুদ্ধে। সোমবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা ব্রীজ টোলঘরের কাছে ঘটনাটি ঘটে। এঘটনায় রাতেই সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির বালিয়াদিঘী ধনিপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে তারেক রহমানের সাথে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার মৃত গোলাম মোস্তফার ছেলে নুরুজ্জামান আম্বিয়ার বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে নুরুজ্জামান আম্বিয়া ২০২২সালে তারেক রহমানের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় হাজিরা দিয়ে সোমবার বিকেলে তারেক রহমান সিএনজি যোগে বাড়ি যাবার পথে মহানন্দা সেতু টোলপ্লাজার কাছে গেলে নুরুজ্জামান আম্বিয়াসহ অজ্ঞাতনামা ৮/১০জন তার পথরোধ করে তাকে মোটরসাইকেলে করে একটি আমবাগানে নিয়ে যায়। পরে তাকে বেধরক মারধর করে ৬টি এক’শ টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয় এবং তার কাছে থাকা উত্তরা ব্যাংকের একটি স্বাক্ষরিত চেক ও আইএফআইসি ব্যাংকের চেকের একটি পাতা কেড়ে নেয়। এঘটনায় সোমবার রাতে সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন আকন্দ জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি ভস্মীভূত

    গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি ভস্মীভূত

    গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি ভস্মীভূত

    গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হঠাৎ করে তার বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ও বালু ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়ির চারটি কক্ষ, আসবাবপত্র এবং একটি গরু পুড়ে গেছে। গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রিফাত আর মামুন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাড়িটি তালাবদ্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

  • শীতের আগমনে ভালুকায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক তৈরির কারিগরদের

    শীতের আগমনে ভালুকায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক তৈরির কারিগরদের

    শীতের আগমনে ভালুকায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক তৈরির কারিগরদের

    ময়মনসিংহ জেলার ভালুকায় কয়েক দিন থেকে একটু একটু করে শীতের আগমন টের পাওয়া যাচ্ছে। ধনুকর বা লেপ-তোষকের কারিগররা শীতের আগমনে এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় লেপ-তোশক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। এবার একটু আগে থেকেই শীত নামতে পারে, তাই বাজারে বাজারে লেপ-তোষক ব্যবসায়ীদের ব্যাস্ততা বাড়ছে। জেলার বিভিন্ন হাট বাজার ও দোকানে ব্যবসায়ীরা বিক্রির জন্য লেপ-তোষক মজুদ করে রেখেছেন। ভালুকা শিল্পাঞ্চল এলাকা হওয়ায় লাখ-লাখ মানুষের অবস্থান এখানে। তাই লেপ-তোষকের চাহিদাও বেশী বলে কারিগররা জানান। এদিকে, কয়েকদিন ধরে ঠান্ডা বাতাস ও হালকা কুয়াশা পড়ছে। দিনে সূর্যের আলো থাকলেও সন্ধ্যার পর হালকা কুয়াশায় চারদিকে ঢেকে যাচ্ছে। নভেম্বর মাসের শুরু থেকে শীত নামতে শুরু করেছে। আগাম শীতের কারণে বিক্রি বেড়ে যাওয়ায় খুশি ধুনকররা। আগেভাগেই লোকজন নিজের পরিবারের সদস্যদের জন্য লেপ-তোষক সংগ্রহ করেছেন। লেপ-তোষক তৈরির অগ্রিম বায়না নিচ্ছেন কারিগররা। ভালুকা উপজেলার বিভিন্ন বাজারে, খোলাবাজারে লেপ তোশক তৈরিতে ব্যবহৃত তুলার দাম কিছুটা বেড়েছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারনে বাজারে গত বছরের তুলনায় এ বছর তুলার মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ধনুকররা। অন্যদিকে, ভালুকার গ্রামাঞ্চলের গৃহবধূরা শীতের আগাম প্রস্তুতি হিসেবে পুরান কাঁথা, কম্বলগুলো জোড়াতালি দিয়ে মেরামত করেছেন। একটি লেপ বানাতে প্রকারভেদে ১৮’শ টাকা থেকে ২ হাজার, ২২’শ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে বলে জানান এক ক্রেতা। উপজেলার আমতলী বাজারের দোকানদার শফিকুল ইসলাম জানান, গত বার ১৫শ থেকে ২ হাজার টাকায় যে লেপ বানানো হয়েছিল, এবার সেটা ১৮’শ থেকে ২২’শ টাকা খরচ পড়ছে। সিডস্টোর বাজারের লেপ তোষক ব্যবসায়ী আলম জানান, তার দোকানে ১৬০টি ছোট বড় আকারের লেপ তোষক স্টকে রাখা আছে এবং অর্ডার নিয়ে তৈরী করা হচ্ছে। তিনি আরো জানান, এখন শীত পুরোপুরি না পড়ায় একটু কম বিক্রি হলেও ধীরে ধীরে আমাদের বেচাকেনা বাড়ছে, তীব্র শীত পড়লে বেচাকেনা আরো বেশি বাড়বে।

  • ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ॥ একজনের মৃত্যু

    ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ॥ একজনের মৃত্যু

    ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ॥ একজনের মৃত্যু

    ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এতে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ওই বাসের চালক বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার ভোররাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত জুলহাস মিয়া ওই এলাকার বাসিন্দা। ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার সাংবাদিকদের জানান, “ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে কর্মীদের নিয়ে সেখানে যাই। আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসে তল্লাশি চালানো হলে সিটে একজনের দগ্ধ মরদেহ পাওয়া যায়। পরে আমরা তা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। ফুলবাড়িয়া থানার ওসি মো. রুকনুজ্জামান জানিয়েছেন, দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর বাস থেকে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। কিন্তু মরদেহটি এমনভাবে পুড়েছে, তাকে চেনা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে সে বাসের চালক। ঘটনা তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

  • রাজশাহীতে জমির বিরোধে কৃষককে হত্যা

    রাজশাহীতে জমির বিরোধে কৃষককে হত্যা

    রাজশাহীতে জমির বিরোধে কৃষককে হত্যা

    রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জিশু আলী (২৮) ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। স্থানীয়দের বরাতে চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, পাইটখালি গ্রামের জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার বিকালে এ নিয়ে জালাল উদ্দিনের ছেলে বাবর আলী (৩০) এবং রবিউল ইসলামের ছেলে জিশু আলীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাবর আলী ছুরি বের করে জিশুর বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর বাবর আলী পালিয়ে এক বাড়িতে আত্মগোপন করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবর আলীকে আটক করা হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • রাজধানীতে বাসে আগুন-ককটেল বিস্ফোরণ ॥ সতর্ক অবস্থানে পুলিশ

    রাজধানীতে বাসে আগুন-ককটেল বিস্ফোরণ ॥ সতর্ক অবস্থানে পুলিশ

    রাজধানীতে বাসে আগুন-ককটেল বিস্ফোরণ ॥ সতর্ক অবস্থানে পুলিশ

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির আগে সোমবার ঢাকায় বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটেছে। ১৩ নভেম্বর, বৃহস্পতিবারের এ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীতে ইতিমধ্যে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার থাকবেন অন্তত ১৭ হাজার পুলিশ সদস্য। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে ১৩ নভেম্বর। ওই মামলার আসামিদের মধ্যে রয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (রাজসাক্ষী)। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় এটিই প্রথম মামলা, যেটির রায় ঘোষণার তারিখ জানানোর অপেক্ষায় রয়েছে। কয়েকদিন ধরে ফেসবুকে আওয়ামীলীগের পেজসহ নেতাদের পেজে ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি পালনের কথা বলা হচ্ছে। পুলিশও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে তাদের কর্মসূচি প্রতিহত করতে ঢাকায় অভিযান ও তল্লাশি চালাচ্ছে। এরই মধ্যে চোরাগোপ্তা হামলার কয়েকটি ঘটনা ঘটে। সোমবার ঢাকায় তিনটি বাসে আগুন দেওয়া এবং ছয়টি জায়গায় নয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আওয়ামীলীগের কর্মসূচি ঠেকাতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে। কর্মসূচি পালনে রাস্তায় বের হলেই গ্রেপ্তার করা হবে।

  • ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু

    ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু

    ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু

    ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জনতা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জিহান এবং গফুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র যুবায়েদ ইসলাম। তারা ওমরপুর ইউনিয়নের একই এলাকার বাসিন্দা। জিহানের বাবার নাম ফরিদ উদ্দিন এবং যুবায়েদের বাবার নাম রিয়াজ। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে জনতা বাজারে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে দুই ছাত্র দুষ্টুমির ছলে রাস্তার পাশে ক্ষেতের কিনারে যান। সেখানে স্থানীয় কৃষক জাহাঙ্গীর মহাজন তার ক্ষেতে ইঁদুর মারার জন্য ফাঁদ পেতে রেখেছিলেন, যাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। এ সময় জিহান ও যুবায়েদ সেই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে পড়েন। তাদের সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরা চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে তাদের দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিহান ও যুবায়েদকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কৃষি ক্ষেতে বিদ্যুৎ ফাঁদের অবৈধ ব্যবহার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।