Blog

  • রাজশাহীতে মাচায় সবজি চাষে লাভবান কৃষকরা

    রাজশাহীতে মাচায় সবজি চাষে লাভবান কৃষকরা

    রাজশাহীতে মাচায় সবজি চাষে লাভবান কৃষকরা

    রাজশাহীতে বর্ষাকালে মাচা পদ্ধতিতে সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। মাচা ব্যবহারের কারনে সবজির লতা ও ফল মাটিতে লেগে না থাকায় রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম। মাচায় চাষ করার কারনে ফসল পরিষ্কার থাকে এবং সহজে সংগ্রহ করা যায়। মাচায় আবাদ করা সবজি বাজারে ভাল দাম পাওয়ায় লাভবান হচ্ছে চাষীরা। মাচায় সবজির আবাদ বলতে সাধারণত, লাউ, চিচিঙ্গা, পল্লা, জিঙ্গে, কুমড়া, শসা, বরবটি, সিম ইত্যাদি সবজি লতানো গাছের জন্য মাচা তৈরি করে চাষ করা হয়। এই পদ্ধতিতে, গাছের লতা উপরে উঠে যায়। ফলে ফলন বাড়ে, পোকামাকড়ের আক্রমণ কমে এবং জায়গা সাশ্রয় হয়। মাচা পদ্ধতিতে সবজি চাষ করলে ফলন সাধারণত বেশি ও বাজারে ভাল দাম পাওয়া যায়। রাজশাহী নগরীর পৌরসভার কাটাখালী, নওদাপাড়া, বেলপুকুর, হরিয়ান, ভড়ুয়াপাড়া, খড়খড়ি বাইপাস, পড়াপুকুর, কানপাড়া, পান্থাপাড়া, বায়া, নওহাটা, রাজাবাড়ির গ্রামগুলিতে মাচায় বেশী সবজি দেখা গেছে। এছাড়াও এসব গ্রামের বিভিন্ন মাঠে মাচায় সবজি চাষ হচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, উপজেলায় প্রায় ১৫ হেক্টর জমিতে মাচায় সবজির আবাদ হয়েছে। পুকুর-জলাশয়ের পাড়, নিচু জমি, বাড়ীর আঙ্গিনায়, জমির আইলে ও মাচায় সবজি চাষ করা হচ্ছে। পানির মধ্যে মাচায় সবজি চাষ পদ্ধতি একটি উদ্ভাবনী ও টেকসই কৃষি পদ্ধতি। মাচায় বিশেষ পদ্ধতিতে সবজির আবাদ, যেখানে সবজির লতানো ও ঊর্ধ্বমুখী বৈশিষ্ট্য ব্যবহার করে মাচা তৈরি করে সবজি চাষ করা হয়।
    এই পদ্ধতিতে সাধারণত লাউ, কুমড়া, পটল, শসা, সিম, বরবটি, ঝিঙা ইত্যাদি সবজি চাষ করা হয়। মাচা তৈরির ফলে সবজির লতা উপরে উঠে যায়। এতে আলো বাতাস ভালোভাবে চলাচল করতে পারে। যা ফলন বৃদ্ধিতে সহায়ক। এছাড়াও মাচা পদ্ধতিতে সবজি চাষ করলে পোকামাকড়ের আক্রমণ ও রোগবালাই কম হয়। মাচা তৈরির জন্য সাধারণত বাঁশ, বঁশের কনচি, কাঠ বা লোহার পাইপ ও নেট জাল ব্যবহার করা হয়। সবজি চাষে বিভিন্ন প্রকার মাচা তৈরি করা হয়। ফসলের ধরনের উপর মাচা তৈরির উচ্চতা নির্ভর করে। কিছু সবজির জন্য ৫-৬ ফুট উচ্চতার মাচা তৈরি করা হয়। আবার কিছু সবজির জন্য ঝুলন্ত মাচা তৈরি করা হয়। মাচা তৈরির পর সবজির লতা মাচার উপর ছড়িয়ে দেওয়া হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), শারমিন সুলতানা জানান, মাচায় সবজি চাষ একটি লাভজনক এবং পরিবেশ-বান্ধব কৃষি পদ্ধতি। এটি কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে এবং নিরাপদ সবজি উৎপাদনে সহায়তা করে। মাচায় সবজি চাষ করলে বৃষ্টির সময় গাছের ক্ষতি হয় না এবং প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। অল্প পরিশ্রমে মাচায় সবজি চাষ লাভজনক হওয়ায় কৃষকরা আর্থিকভাবে লাভবান এবং সাবলম্বি হচ্ছেন কৃষক। অধিক লাভের কারণে মাচায় সবজি চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

  • বাগমারায় ‘ঘটনাবহুল ৩৬ জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন

    বাগমারায় ‘ঘটনাবহুল ৩৬ জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন

    বাগমারায় ‘ঘটনাবহুল ৩৬ জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন

    রাজশাহীর বাগমারায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে লেখা ‘ঘটনাবহুল ৩৬ জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থটি ছাত্র-জনতার ২৪’র জুলাই বিপ্লবের ঐতিহাসিক পটভূমি নিয়ে রচিত। গ্রন্থের লেখক ড. মুহাম্মদ আব্দুুল মুমীত। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে জড়িত। শিক্ষা নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একাডেমিক সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন। গ্রন্থটিতে বিশেষ করে জুলাই-আগস্টে ঘটে যাওয়া ঘটনা ও তথ্য চিত্রে সমৃদ্ধ করা হয়েছে। শনিবার (১২জুলাই) বাগমারা প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে গ্রন্থের মোড়ক উন্মোচন কালে প্রধান অতিথি ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই- জাহান। বিশেষ অতিথি ছিলেন ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক জামায়াত ইসলামের বাগমারা উপজেলা শাখার নায়েবে আমীর ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থীী আব্দুল বারী সরদার। উপজেলার বাগমারা প্রেসক্লাবে প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, গ্রন্থের প্রণেতা ড. মুহাম্মদ আব্দুুল মুমীত, নলডাঙ্গা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আনসারি, বিএনপির উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবদুল গাফফার, বাগমারা শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম, এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আলী মুর্তজা, সাংবাদিক মামুনুর রশিদ প্রমুখ। গ্রন্থটি প্রকাশ করেছে কালো প্রকাশনী। মোড়ক উন্মোচন কালে বক্তার বলেন, কোন পথ ধরে ছিল জুলাই বিপ্লবের ধারা তা শিরা উপশিরা তুলে ধরা হয়েছে গ্রন্থটিতে। কোন দল বা ব্যক্তির মাধ্যমে প্রভাবিত না হয়ে সঠিক ইতিহাস তুলে ধরা হয়েছে গ্রন্থটিতে।

  • পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে পাবনাবাসীর মানববন্ধন

    পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে পাবনাবাসীর মানববন্ধন

    পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে পাবনাবাসীর মানববন্ধন

    পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন সার্ভিস চালু, ঈশ্বরদী বিমানবন্দর চালু, শহরে চার লেন সড়ক নির্মাণ, আরিচা-কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শেকড় পাবনা ফাউন্ডেশনের ব্যানারে পাবনাবাসী। যে কোন মূল্যে ট্রেন সার্ভিস চালু করতে হরে এই সরকারকে। এসব চার দফা দাবি বাস্তবায়ন না হলে চরম মূল্য দিতে হবে সংশ্লিষ্টদের বলে হুঁশিয়ারী দেওয়া হয়।
    রোববার (১৩ জুলাই) সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী আব্দুল হামিদ সড়কের শহীদ চত্ত্বর থেকে পুরো শহরজুড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পাবনার রাজনৈতিক সংগঠনের চরম ব্যর্থতায় আমরা ট্রেনের দাবিতে রাজপথে নেমে এসেছি। এটাতো রাজনৈতিক দলের কাজ। পাবনা থেকে মাঝ পাড়া পর্যন্ত অকার্যকর একটি রেল লাইন চালু করা হয়েছে। সেটি কার্যকর করে দ্রুত পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করে ঢাকায় যাতায়াত সহজীকরণ করতে হবে। কাজিরহাটের ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর করা হলে দু’ঘন্টার পথ ১৫ মিনিটে পারাপার হওয়া যাবে। ঈশ্বরদী ইপিজেড, রপপুর প্রকল্পের জন্য বিমানবন্দর চালু করা হোক। যানজট নিরসনে পাবনা শহরে চার লেন সড়ক নির্মাণ করতে হবে। পাবনা আটঘরিয়া হয়ে মাঝপাড়া দিয়ে ৩০ কিলোমিটার ঘুড়ে ট্রেন ঢাকায় যাওয়ার কথা শুনতেছি। এটা আমরা কোনভাবেই মেনে নেবোনা। যেকোন মূল্যে পাবনা ঢাকা ট্রেন চালু করতেই হরে। তাছাড়া এটার জন্য সংশ্লিষ্টদের চরম মূল্য দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন শেষে সরকার পতনের আন্দোলনে পরিনত হয়েছিল। আমাদের এই দাবি যেন অন্য দাবিতে পরিনত না হয়। আমরা সবদিক থেকেই বঞ্চিত ও বৈষম্যের শিকার। বক্তারা আরও বলেন, পাবনাবাসীর প্রাণের দাবি ছিল নগরবাড়ি আরিচায় নতুন যমুনা সেতু নির্মাণ করা। দ্বিতীয় যমুনা সেতু এখান দিয়ে দ্রুত বাস্তবায়ন করা হলে এ অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন তরান্বিত হবে। ইছামতী নদী উদ্ধারে অনেক জটিলতা ছিল। এখন নদী খনন হচ্ছে। যারা মামলা করেছেন দ্রুত মামলা তুলে নিয়ে নদী খননের কাজ দ্রুত বাস্তবায়ন করতে সহযোগীতা করুন। এটা হলে পাবনাবাসীর জন্য স্বাস্থ্যের উন্নতি হবে। এছাড়াও পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিকায়ন করা, মানসিক হাসপাতাল সংস্কার করতে হবে। এটা জুলাইয়ের মাস। এই চত্বরেই দুজন শিক্ষার্থী শহীদ হয়েছিল। এখনো ওসব খুনি গ্রেফতার হয়নি। দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি দাবি জানান। শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে ও আতাইকুলা ডিগ্রি কলেজের প্রভাষক রাজু ইসলাম ওলির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো: ইকবাল হোসাইন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, জামায়াতের পৌর আমীর আব্দুল লতিফ, দেশ বরেণ্য শিল্পী ওবায়দুল্লাহ তারেক, সাইদুল ইসলাম, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান, আলিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিম, এডভোকেট রানা, রোটারিয়ান বিনয় জ্যোতি কুন্ডু, সমন্বয়ক শাওন হোসাইন, আইডিয়াল গ্রুপের পরিচালক সিরাজুল ইসলাম সহ পাবনার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। মানবন্ধনে পাবনা শহরের বিভিন্ন স্কুল কলেজ ও নার্সিং শিক্ষার্থীরা অংশগ্রহণ নেয়।

  • রাজশাহীতে বিএনপি’র মঞ্চে শ্রমিকলীগ নেতা! তৃণমূলে ক্ষোভ

    রাজশাহীতে বিএনপি’র মঞ্চে শ্রমিকলীগ নেতা! তৃণমূলে ক্ষোভ

    রাজশাহীতে বিএনপি’র মঞ্চে শ্রমিকলীগ নেতা! তৃণমূলে ক্ষোভ

    রাজশাহীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ফরম বিতরণ অনুষ্ঠানে নেসকো’র বিদ্যুৎ শ্রমিক লীগের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলামের উপস্থিতি নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে তৃণমূল নেতাকর্মীদের মাঝে। এক সময়ের আওয়ামী ঘরানার এ নেতার বিএনপির কেন্দ্রীয় নেতার পেছনে দাঁড়িয়ে ছবিতোলা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে সংগঠনের আদর্শ ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। ঘটনাটি ঘটে শনিবার (১২ জুলাই) দুপুরে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। প্রধান বক্তা ছিলেন, রাজশাহী বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ শাহীন শওকত। সদস্য ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। বিতর্কটি চরমে ওঠে যখন নেসকো বিদ্যুৎ শ্রমিকলীগ-যা আওয়ামী লীগের ঘনিষ্ঠ সংগঠন হিসেবে পরিচিত-এর রাজশাহী কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলামকে মঞ্চে কেন্দ্রীয় নেতার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ ছবি ছড়িয়ে পড়তেই ফেসবুকসহ নানা প্ল্যাটফর্মে নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, সিরাজুল ইসলাম ছিলেন ২০২৩ সালের নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির অনুমোদিত রাজশাহী কমিটির সহ-সভাপতি। ওই কমিটিতে সভাপতি ছিলেন মোমিন আলী, সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, যুগ্ম সম্পাদক আজমল হোসেন এবং উপদেষ্টা হিসেবে ছিলেন হুমায়ুন কবির, রেজাউল হাসান, মাসুম খাঁন ও মো. জাহাঙ্গীর রহমান। এদের অনেকেই এখন বিএনপির শ্রমিক সংগঠনে সক্রিয়। তাদের অভিযোগ, জুলাই বিপ্লব’ পরবর্তী রাজনৈতিক মোড় পরিবর্তনের সুযোগে তারা বিএনপি শ্রমিক সংগঠনে স্থান করে নেন। এ নেতারা কেন্দ্রীয় শ্রমিক দলের-ঘনিষ্ঠ নেতাদের ‘ম্যানেজ’ করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কমিটি অনুমোদন করিয়ে নিয়েছেন। আর এই পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়তা করছেন মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সহ-সভাপতি আব্দুল বারেক শেখসহ কয়েকজন সুবিধাভোগী নেতা, যারা অতীতে আওয়ামীলীগ ঘরানার রাজনীতিতে সক্রিয় ছিলেন।
    তারা দাবি করেন, এসব ব্যক্তিরা আজ আদর্শ বিসর্জন দিয়ে ব্যক্তিস্বার্থে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করছেন এবং নেসকোর অভ্যন্তরে পুনরায় দুর্নীতির চক্র গড়ে তুলছেন। রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, বিষয়টি আমাদের দেখার নয়। কেন্দ্রীয় কমিটি যাদের দায়িত্ব দিয়েছে, তারাই দেখবে। আমরা কমিটি দিই না, শুধু বিষয়টি কেন্দ্রকে জানিয়েছি। রাজশাহী বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ শাহীন শওকত বলেন, আমি বিষয়টি খেয়াল করিনি এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে চিনি না। বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এত বড় সমাবেশে কে কোথা থেকে এসেছে এবং কার মাধ্যমে এসছে তা সবসময় পর্যবেক্ষণ করা সম্ভব হয়না। যদি কেউ এমন ব্যক্তি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ দেয়, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

  • বিচার-সংস্কারের দোহায় দিয়ে নির্বাচন পেছানোর যুক্তি চলবে না-রাজশাহীতে মঈন খান

    বিচার-সংস্কারের দোহায় দিয়ে নির্বাচন পেছানোর যুক্তি চলবে না-রাজশাহীতে মঈন খান

    জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং সুষ্ঠু নির্বাচন দাবী

    বিচার-সংস্কারের দোহায় দিয়ে নির্বাচন পেছানোর যুক্তি চলবে না-রাজশাহীতে মঈন খান

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন’ বিএনপি এই কথা আর শুনতে চায় না। শনিবার দুপুরে রাজশাহীর ভুবন-মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ফরম বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মূল দাবি একটাই-জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিচার ও সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি আর চলবে না। তিনি বলেন, সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। এ সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীদের মতো আচরণ করা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেছেন, “আমরা জানি, সংস্কারের প্রয়োজন রয়েছে, ন্যায়বিচারের প্রয়োজন রয়েছে।

    কিন্তু সংস্কার আর বিচার দুটোই চলমান প্রক্রিয়া। এটা এরকম নয় যে, আমরা সংস্কার করে দিলাম, সব সংস্কার হয়ে গেল। আমরা বিচার করে দিলাম, সব ন্যায়বিচার হয়ে গেল। বিগত স্বৈরাচার সরকার বলত, আগে উন্নয়ন পরে গণতন্ত্র, সেটা ছিল ভূয়া কথা। কাজেই আজকে কারও মুখে এটা শুনতে চাই না যে, আগে সংস্কার হবে, আগে বিচার হবে, পরে গণতন্ত্র হবে, পরে নির্বাচন হবে। এই কথা আজকে আমরা অন্তর্র্বতী সরকারের কাছে শুনতে চাই না। মঈন খান আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছে, মানুষ আপনাদের উপর আস্থা রেখেছে। যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে তাদের হাতে ফিরিয়ে দিন। তিনি বলেন, “১৬ বছর তরুণ সমাজ, প্রবীণ সমাজ ভোট দিতে পারেনি। এমনকি ২০০৮ সালের নির্বাচনও একটি ষড়যন্ত্রের মাধ্যমে সংঘটিত হয়েছিল। বাংলাদেশের তরুণ সমাজ, প্রবীণ সমাজ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। মঈন খান বলেন, “আমরা সুশৃঙ্খলাভাবে একটি পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করব যাতে,

    একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। আমরা ১৭ বছর অপেক্ষা করেছি। আমরা আগামী কয়েক মাস ধৈর্য্য ধরব। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা। এ সময় পুরোনো সদস্যদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. মঈন খান।

  • সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

    সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

    সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

    দেশের দুটি সীমান্তে এক রাতেই বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সীমান্ত ২টি হচ্ছে, সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও। শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে এবং শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের মিনাপুর সীমান্তে এসব ঘটনা ঘটে। সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ভাঙ্গাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঁঙ্গাপাড়া গ্রামের কিতাব আলীর পুত্র। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, শুক্রবার রাতে শফিকুলসহ ছয় থেকে সাতজনের একটি দল চোরাইপথে ভারতে প্রবেশ করে। তারা মূলত গরু আনতে যায়। এ সময় বিএসএফ তাদের আটক করে। পরে দলটির সঙ্গে বিএসএফ সদস্যদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চোরাকারবারিদের ওপর গুলি ছোঁড়ে বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হন শফিকুল। পরে সহযোগী চোরাকারবারিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদ জানান হয়েছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান, এ ঘটনায় বিবৃতি ও পতাকা বৈঠক আহ্বান করে প্রতিবাদ জানিয়েছি। পাশাপাশি সীমান্তে নজরদারি আরো জোরদার করা হয়েছে। এছাড়া, শনিবার ভোরে দিনাজপুর-৪২ বিজিবির আওতাধীন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের অভ্যন্তরে ঘটনা ঘটে। নিহতের মরদেহ ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে পড়ে ছিলো। নিহত আসকর আলী (২৪) হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের কানুরার ছেলে।
    স্থানীয়দের বরাতে দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান মিডিয়াকর্মীদের জানিয়েছেন, শনিবার ভোর আনুমানিক চারটার দিকে আসকর আলীসহ কয়েকজন মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় ভারতের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আসকর আলী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। অপরদিকে, ভারতের সীমান্তেও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে। নিহত যুবকের মরদেহ ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের জন্য জানানো হয়েছে।

  • মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর-আইন উপদেষ্টা

    মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর-আইন উপদেষ্টা

    মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর-আইন উপদেষ্টা

    পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল চত্বরে লাল চাঁদ সোহাগ (৩৯) নামের ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যায় জড়িতদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ১০-এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, গত বুধবার হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে উল্লাসও করে পাষন্ডরা। এ হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার কেরানীগঞ্জ থেকে এজাহারভুক্ত আসামি মনির হোসেন, আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব-১০। পুলিশ গ্রেপ্তার করে মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে।

  • বিএনপি কোন গুম হত্যা-সন্ত্রাস প্রশ্রয় দিবে না-তালুকদার দুলু

    বিএনপি কোন গুম হত্যা-সন্ত্রাস প্রশ্রয় দিবে না-তালুকদার দুলু

    বিএনপি কোন গুম হত্যা-সন্ত্রাস প্রশ্রয় দিবে না-তালুকদার দুলু

    বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি কখনো কোন গুম, হত্যা, সন্ত্রাস কে প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দিবে না। গুম, হত্যা, সন্ত্রাস যেই করুক, তাদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনতে হবে। ঢাকার রাস্তার ব্যবসায়ী সোহাগ হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবী জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এদের সকলকে স্থায়ীভাবে দল থেকে বহিস্কার করার সিন্ধান্ত দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি, একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে, বিএনপিকে বিতর্কিত করার জন্য, চাঁদাবাজ বানানোর জন্য, বিভিন্ন ভাবে বিএনপির ভাবমুর্তি নষ্ট করার জন্য। যেভাবে ১৫ বছর ষড়যন্ত্র করা হয়েছে, ঠিক সেভাবেই সংসদ নির্বাচনের আগে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বিএনপিতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীর জায়গা হবে না। ’দুলু বলেন, ‘যারা নির্যাতিত তারা মজলুম। তাই বিএনপি’র প্রতিটা নেতাকর্মীই মজলুম।’ শনিবার দুপুরে নাটোর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে গনঅভ্যুত্থান ও শহীদ এর স্বরণে জেলা জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী সভাপতি রফিকুল ইসলাম, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, ট্রাক ট্যাংকলরী ও কার্ভাডভ্যানের সভাপতি আব্দুল জলিল, জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও শেখ এমদাদুল হক আল মামুন প্রমুখ। দুলু আরো বলেন, গত সাড়ে ১৫ বছর আওয়ামীলীগের জুলুম নির্যাতন, হত্যা গুমে অতিষ্ট হয়ে এদেশের ছাত্র-জনতা শ্রমিক কৃষকসহ সকল শ্রেণী পেশার মানুষ পথে নেমে এসে গত ৫ আগস্ট আওয়ামীলীগকে বিদায় করেছে, তাদের পতন হয়েছে। আমরা সফল হয়েছি। সেই আন্দোলনে দেশের শ্রমিকরা গুরুত্বপূর্ন ভৃমিকা পালন করেছে। শেখ হাসিনা হাসপাতালে গিয়ে সেদিন আহতদের চিকিৎসা না করার জন্য চিকিৎসকদের নির্দেশ দিয়েছে। অথচ সেদিন ঢাকার সাধারণ রিকশাওয়ালারা জীবন বাজী রেখে আহত নিহতদের হাসপাতালে নিয়ে গেছে। তিনি বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও অন্তবর্তী সরকারের প্রধান ড. ইউনুস আলীর মধ্যে বৈঠকের পর নির্বাচন বিষয়ে দেশের মানুষ একটা আশার আলো দেখতে পেয়েছে। এখন নতুন করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করা হয়েছে। কোন কোন দল পি.আর পদ্ধতি নির্বাচন চায়, কিন্তু দেশের মানুষ পি.আর নয়, ফেয়ার নির্বাচন চায়।

  • দিনাজপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ ॥ আহত-৩৫- অর্ধশতাধিক মোটর সাইকেল ভাংচুর

    দিনাজপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ ॥ আহত-৩৫- অর্ধশতাধিক মোটর সাইকেল ভাংচুর

    দিনাজপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ ॥ আহত-৩৫- অর্ধশতাধিক মোটর সাইকেল ভাংচুর

    দিনাজপুরের খানসামায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্ততঃ ৩৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ভাংচুর করা হয়েছে অর্ধশতাধিক মোটরসাইকেল। শুক্রবার (১১জুলাই) রাত ৯টার দিকে দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুরের এ ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

    দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি অবসর প্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান ও জেলা বিএনপির বাণিজ্যিক সম্পাদক স্থানীয় বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী,

    দিনাজপুর-৪ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অবসরপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ অন্তত ৩৫ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

    খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও উত্তেজনা বিরাজ করছে। আহতরা স্থানীয় ও দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার ॥ আহত-২

    গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার ॥ আহত-২

    গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার ॥ আহত-২

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভাতিজা সাইফুল ইসলামের ছুরিকাঘাতে নিহত হয়েছেন চাচা জিয়ারুল ইসলাম (৫০)। এসময় তাকে বাঁচাতে গিয়ে আহত স্ত্রী আছমা বেগম ও ছেলে ইসমাইল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম তালুক বেলকা গ্রামের মৃত জাফর আলীর ছেলে। অভিযুক্ত সাইফুল ইসলাম একই গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে শুক্রবার দুপুরে জিয়ারুল ইসলামের সঙ্গে ভাতিজা সাইফুল ইসলামের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাতের বেলা জিয়ারুল ইসলামের ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে তার শরীরে একাধিক আঘাত করে সাইফুল। এতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান জিয়ারুল। এসময় তাকে বাঁচাতে গেলে স্ত্রী আছমা বেগম (৪৫) ও ছেলে ইসমাইল হোসেনকে (২৩) ছুরিকাহত গুরুত্বর জখম করে সাইফুল। আহত দুইজনকে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাতিজা পলাতক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।