Blog

  • গাইবান্ধায় উপকারভোগিদের মাঝে বিজের ৬ হাজার ফলদ বৃক্ষের চারা বিতরণ

    গাইবান্ধায় উপকারভোগিদের মাঝে বিজের ৬ হাজার ফলদ বৃক্ষের চারা বিতরণ

    ‘পরিকল্পিত বনায়ন করি-সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর আয়োজনে শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট শাখার উপকারভোগিদের মাঝে ৬ হাজার ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। গোবিন্দগঞ্জ শাখা অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজের সিনিয়র সহকারি পরিচালক মোঃ মতিউর রহমান। বিজের মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর সিনিয়র জোনাল ম্যানেজার মিজানুর রহমান সভাপতিত্বে অন্যান্যের মাঝে বিজের কৃষি প্রোগ্রাম সার্পোট অফিসার মাহামুদ হাসান, গোবিন্দগঞ্জ শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এ কর্মসূচীর আওতায় প্রতি জন সুবিধাভোগী সদস্যের মাঝে একটি আম ও লিচু অথবা আমড়ার চারা বিতরণ করা হয়।

  • নিতপুর সীমান্তে ১৬ বিজিবি পাচার বিরোধী আন্তর্জাতিক মাদক দিবস উপলক্ষে সভা

    নিতপুর সীমান্তে ১৬ বিজিবি পাচার বিরোধী আন্তর্জাতিক মাদক দিবস উপলক্ষে সভা

    পোরশার নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক মাদক দিবস উপলক্ষে শনিবার বিকেলে নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিতপুর পুরাতন বাজারে জনসচেতনতামূলক সভা হয়েছে। নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম, পিএসসি নির্দেশনায়, জেসিও সুবেদার মাহাফুজুর রহমান এর নেতৃত্বে এই মতবিনিময় সভা হয়। সভায় মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার, সীমান্ত এলাকায় নারী ও শিশু পাচার রোধ, ভারতের জমিজমা চাষাবাদ না করা এবং অনুপ্রবেশ বন্ধে জনসাধারণের মাঝে মাদক দ্রব্যের কুফল এবং ক্ষতিকর দিক সম্পর্কিত লিফলেট বিতরন করা হয়। সেই সাথে মাদক/গবাদী পশু চোরাচালান প্রতিরোধে সকলকেই বিজিবিকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।

  • গোদাগাড়ীতে হেরোইনসহ ২ মাদক কারবারী গ্রেফতার

    গোদাগাড়ীতে হেরোইনসহ ২ মাদক কারবারী গ্রেফতার

    রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইন-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৩টার দিকে গোদাগাড়ী থানার উজানপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, গোদাগাড়ী থানার উজানপাড়া গ্রামের মোঃ মোতালেব ইসলামের ছেলে মোঃ ওয়ালিদ ইসলাম (২৩) ও একই গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম (২৫)। শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশের মুখপাত্র (ডিএসবি) মোঃ রফিকুল আলম জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামে মাদক কারবারী মোঃ ওয়ালিদ ইসলামের বসতবাড়ীতে ২জন মাদক কারবারী হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এসআই মোঃ রুবেল মৃধা ও সঙ্গীয় ফোর্স। এসময় তাদের দেহ তল্লাশি করে ১০০গ্রাম হেরোইন জব্দ করা হয়। এব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • নাটোরের লালপুরে ৩১ দফা বাস্তবায়নে তারুণ্যের সমাবেশ

    নাটোরের লালপুরে ৩১ দফা বাস্তবায়নে তারুণ্যের সমাবেশ

    দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারুণ্যের ভূমিকা শীর্ষক নাটোরের লালপুরে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার লালপুর শ্রী সুন্দর পাইলট স্কুল মাঠে লালপুর উপজেলা গোপালপুর পৌর যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারুণ্যের ভূমিকা শীর্ষক সমাবেশ হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক আহবায়ক লালপুর উপজেলা বিএনপি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং সাবেক ভিপি ঢাকা মেডিকেল কলেজের ডাঃ ইয়াসির আরশাদ রাজন, লালপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাবেক সদস্য সচিব গোপালপুর পৌর বিএনপির জিল্লুর রহমান, লালপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আসলাম, লালপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাসুদ রানা মজনু, লালপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু রায়হান সুইট, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক পারুল, লালপুর উপজেলা যুবদলের সদস্য সাকিবুল আলম সুলভ সহ লালপুর উপজেলা বিএনপির বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

  • বাগাতিপাড়ায় দুর্নীতি রুখতে মতবিনিময়-র‌্যালি ও পুরষ্কার বিতরণী

    বাগাতিপাড়ায় দুর্নীতি রুখতে মতবিনিময়-র‌্যালি ও পুরষ্কার বিতরণী

    “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা” এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় সূধীজন, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের নিয়ে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় সবাইকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মতবিনিময় সভা, র‌্যালি, রচনা-বির্তক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। রবিবার (২৯ জুন) সকালে উপজেলার ‘বড়াল সভা’ কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে কমিটির সহ-সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালি ও পুরুষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা। এসময় উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক আরিফুল ইসলাম তপু, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সরওয়ার মোর্শেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রতন কুমার পাল ও বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইসমাঈল হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলার ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহন করে। রচনা প্রতিযোগিতায় তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী শরিফা সুলতানা প্রথম স্থান ও তৃতীয় স্থান অর্জন করেন রায়হানা ইসলাম রুবা এবং দ্বিতীয় হয়েছে জিগরি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ফাতেমা জান্নাত ঊষা। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইয়াছিনপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয়েছে তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তার কৃতিত্ব অর্জন করেন ইয়াছিনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহনা খাতুন।

  • নাচোলের ভ্যান চালক রাজু হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার তিন-পুলিশের প্রেস ব্রিফিং

    নাচোলের ভ্যান চালক রাজু হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার তিন-পুলিশের প্রেস ব্রিফিং

    নাচোলের ভ্যান চালক রাজু হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার তিন-পুলিশের প্রেস ব্রিফিং

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ভ্যানচালক রাজু আহমেদকে গলাকেটে হত্যার ঘটনায় মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইকৃত ভ্যান ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোবাইল ফোনসহ তিনটি চোরাই ভ্যান উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম ওয়াসিম ফিরোজ।

    গ্রেপ্তারকৃতরা হলো, হত্যায় সরাসরি জড়িত নিলফামারীর খাদেমুল ইসলাম ওরফে মধু এবং চোরাই ভ্যান ক্রয়ে জড়িত ফতেপুরের আমিনুল ও আমানত আলী। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর সার্বিক তত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস দল ও নাচোল থানা পুলিশের যৌথ অভিযানে গত ২৬ জুন (বৃহস্পতিবার) রাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থেকে ঘাতক খাদেমুলকে গ্রেপ্তার করা হয়।

    পরে তার দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে নাচোলের ফতেপুরের মসজিদপাড়া এলাকার আমিনুল ও আমানতের বাড়ি থেকে ছিনতাইকৃত রাজুর ভ্যান উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, খাদেমুল পেশায় একজন মধু ব্যবসায়ী। খাদেমুল ইসলাম মধুর বাড়ি নীলফামারী হলেও নাচোলে বিয়ে করে তিনি সেখানেই ভাড়া বাড়িতে থাকতেন। তিনি নাচোলের বিরেনবাজার এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন। এরই মধ্যে সে তার বউকে ডিভোর্সও দেয় গত কয়েকমাস আগে।

    পরে সে নাচোল রেলস্টেশন এলাকার বসবাস শুরু করে। রাজুর সঙ্গে তার বন্ধুত্ব ছিল এবং তারা নিয়মিত একসঙ্গে গাঁজা ও চুয়ানি সেবন করতেন। জানা যায়, ২২ জুন বিকেলে রাজুকে চুয়ানি খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে বের করে খাদেমুল। পরে রাজুকে অতিরিক্ত চুয়ানি খাইয়ে অচেতন করে ফেলে এবং রাত সাড়ে ১০টার দিকে তার কোমরে থাকা মধু কাটার ধারালো ছুরি দিয়ে রাজুর গলা কেটে ও পিঠে আঘাত করে হত্যা করে। এরপর পারিলা এলাকার একটি রাস্তার পাশে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পর খাদেমুল মরদেহের পাশেই ছুরি ফেলে দেয় এবং ভ্যানে থাকা ন্যাকড়া দিয়ে রক্ত মুছে নেয়। মোবাইল ফোনটি কাদার মধ্যে ফেলে দিয়ে ভ্যানটি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় এবং পরদিন সকাল সাড়ে ৮টার দিকে আমিনুল ও আমানতের কাছে ২০ হাজার টাকায় দরদাম করে ১৪ হাজার টাকায় ভ্যানটি বিক্রি করে।

    বাকি ৬ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেয়ার কথা বলে। পরে কৌশলে খাদেমুল তার নিজ এলাকার নিলফামারীতে চলে যায়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মোঃ হাসান তারেক, চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ, নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলামসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী। উল্লেখ্য, ২৩ জুন সকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামে সড়কের পাশ থেকে রাজুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজু আহমেদ নাচোল সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত মোতালেব হোসেন ফাঁকুর ছেলে। পরে রাজুর মা সুলতানা বেগম অজ্ঞাতনামাদের আসামি করে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, আসামি খাদেমুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে এবং শনিবার তাকে আদালতে হাজির করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে প্রাণনাশের হুমকি এবং নতুন প্রাচীর ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে প্রাণনাশের হুমকি এবং নতুন প্রাচীর ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে প্রাণনাশের হুমকি এবং নতুন প্রাচীর ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার রেহাইচরে পূর্ব শত্রুতার জেরে প্রাণনাশের হুমকি এবং নতুন প্রাচীর ভেঙ্গে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৮ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর টোলঘর সংলগ্ন একটি অফিসে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের লোকজন। সংবাদ সম্মেলনে, সিরাজুল ইসলাম তার স্ত্রীর পক্ষে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আমার স্ত্রী মোসাঃ সেফালি বেগম (৫৪) এর জমি ২০১৮ সালে রেহাইচর মৌজার জমি নিয়ে বিবাদীর সাথে সমস্যার সৃষ্টি হয়। সুষ্ঠ বিচারের জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সার্ভেয়ার, পৌরসভার কর্মকর্তা, রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয় এর সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে নিম্ন তফসিল বর্ণিত রেহাইচর মৌজায় জমি নিয়ে বিবাদীর সহিত মিমাংসা হয়। মিমাংসায় আমার স্ত্রী জমি বুঝিয়া পাই এবং আমার স্ত্রী এ যাবৎ পর্যন্ত ভোগদখল করে আসছে। তাই জমির চারিদিকে লম্বায় ৮০ ফিট চওড়া ৩৬ ফিট বাউন্ডারি ওয়াল নির্মান করি। বিবাদী জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ২৪ জুন ২০২৫ তারিখ রাত্রী অনুমান ১২.০০ সময় হইতে ২৫ জুন ২০২৫ ইং তারিখ রাত্রী অনুমান ৩:০০ ঘটিকার মধ্যে আমাদের তৈরীকৃত নতুন বাউন্ডারী ওয়াল সম্পূর্ন ভাঙ্গিয়া ফেলে আমাদের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি করেছে। বিষয়টি নিয়ে গত ২৫ জুন ২০২৫ ইং তারিখ সকাল অনুমান ৯:০০ ঘটিকায় বিবাদী ১। মোঃ ফয়সাল আলী (২৭), পিতা-মৃত জাকারিয়া, ২। মোসাঃ তোশিকা খাতুন (২৩), স্বামী-মোঃ ফয়সাল আলী, উভয় সাং-চাঁদলাই (নামোপাড়া), ওয়ার্ড নং-১৪, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ। এর সাথে দেখা করিয়া আমাদের বাউন্ডারী ওয়াল ভাঙ্গিয়া ক্ষতি সাধনের কারন জানতে চাইলে বিবাদীদ্বয় আমাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করিয়া বলে, ‘আমাদের কোন ভাবেই বাউন্ডারী ওয়াল আর তৈরী করতে দিবে না’ বলিয়া বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। তবে, এ বিষয়ে অভিযুক্ত ফয়সাল আলী মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

  • চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে করোনা পরীক্ষার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে করোনা পরীক্ষার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে করোনা পরীক্ষার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যা জেলা হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হয়েছে। শনিবার সকালে হাসপাতালের নতুন ভবনে করোনা পরীক্ষার উদ্বোধন করা হয়। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদসহ প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, প্রথমদিন যে কয়জন রোগীর করোনা পরীক্ষা করা হয়েছে তাদের রেজাল্ট নেগেটিভ এসেছে। তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কেউ হাসপাতালে ১০০ টাকা ফি দিয়ে করোনা পরীক্ষা করতে পারবে। মাত্র ১২-১৫ মিনিটের মধ্যে করোনার রিপোর্ট ডেলিভারি দেয়া হচ্ছে। করোনা রোগীদের জন্য দুইটি ওয়ার্ড প্রস্তত রাখা হয়েছে। এখানে নারী ও পুরুষের জন্য ৫টি করে মোট ১০টি বেড রয়েছে। এছাড়া পর্যাপ্ত অক্সিজেনেরও ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, ২০২১-২২ সালে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা। সে সময় আক্রান্ত হয়ে মারা গেছে ১৬৪ রোগী, আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৭ হাজার। সকলকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ।

  • পত্নীতলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে সাবেক এমপি সামসুজ্জোহা খান

    পত্নীতলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে সাবেক এমপি সামসুজ্জোহা খান

    ‘আমার দেশ আমার মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি’ এই প্রতিপাদ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নওগাঁর পত্নীতলায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। শনিবার (২৮জুন) পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর কৃষকদলের আয়োজনে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় নওগাঁ রোডের ডিভাইডারে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ এর সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ (দুলু)। এসময় আরও উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, পত্নীতলা উপজেলা কৃষক দলের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, নজিপুর পৌর কৃষক দলের সভাপতি মাহপুজুর রহমান (লাইফ), সাধারণ সম্পাদক কামাল হোসেন, পত্নীতলা উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক ভাই চেয়ারম্যান মোরেম বেগম শেফা,নজিপুর পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ জেড মিজান নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায় আব্দুল কাদের সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা। অতিথিরা বলেন, শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান পরিবেশ রক্ষার বনায়নের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। একজন দেশপ্রেমিক ও সফল রাষ্ট্র নায়ক ছিলেন তিনি।

  • প্রয়াত প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

    প্রয়াত প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

    প্রয়াত প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

    প্রয়াত সিনিয়র প্রবীণ বিশিষ্ট সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর তৃতীয় মৃত্যুবার্ষিকী রবিবার। গত ২০২২-ইং সালে (২৯ শে জুন) বুধবার বিকেল ৪ টা ৪০ মিনিটে বগুড়া শহীদ জিয়া মেডিকেল এন্ড কলেজ (শ.মে.ক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি সনাতন ধর্মের হলেও দারিদ্র্যতার কারণে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসায় লেখাপড়া শুরু করেন পাশাপাশি সেই ছাত্র জীবন থেকেই লেখালেখির নেশায় জড়িয়ে পড়েন। তৎকালীন সময়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের হাতে গোনা কয়েকটি পত্রিকায় লেখালেখি শুরু করেন। তিনি সেই সময় থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় দীর্ঘ ৫২ বছর সাংবাদিকতা করে মৃত্যু বরণ করেন। উল্লেখ্য, অবশেষে তিনি দারিদ্র্যতাকে হার মানিয়ে মাদ্রাসা থেকে দাখিল পাশ করে ঢাকায় অবস্থান করেন এবং দেশের আইন সংবিধান লেখক ড. কামাল এর সহকারী হিসেবে তিনি ঢাকায় অবস্থান করেন। উচ্চ ডিগ্রি লাভের আশায় শুরু করেন আবারো লেখাপড়া আর সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে সাংবাদিক নির্যাচনের মূল নেতৃত্বেও তিনি ব্যাপক ভূমিকা রাখেন, এমনকি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। সেই সময় জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে তিনি সুসম্পর্ক গড়ে তোলেন, হয়ে উঠেন প্রতিবাদী কলম সৈনিক। এরপর ১৯৮৪-ইং সালে তিনি ঢাকা ত্যাগ করে রাজশাহীতে অবস্থান করেন এবং সেই সময় উত্তরাঞ্চলের একমাত্র আলোচিত পত্রিকা দৈনিক সোনার দেশ পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব নেন এবং পরে উপজেলা প্রতিনিধির দায়িত্ব গ্রহণ করেন। এরপর জয়পুরহাট জেলা গঠিত হওয়ার আগেই তিনি নিজ জন্মভূমি জয়পুরহাটের আক্কেলপুরে এসে প্রাচীন ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাব স্থাপিত করেন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সোনার দেশ এবং জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার বিশেষ প্রতিনিধির দায়িত্বে থাকাকালীন সময়ে ২০২২-ইং সালে তিনি হঠাৎ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ইতিহাস যাচাই করে জানা যায়, তিনি ঢাকায় পড়ালেখার পাশাপাশি দৈনিক সংগ্রাম পত্রিকার নিজস্ব সংবাদদাতা, ‘সাপ্তাহিক নতুন বাংলা পত্রিকার নিজস্ব সংবাদদাতা’ সাপ্তাহিক জয়পুরহাট বার্তা পত্রিকার বার্তা সম্পাদক,

    দৈনিক দুর্জয় বাংলার পত্রিকার ব্যুরো প্রধান ও সাপ্তাহিক বালিঘাটা পত্রিকার পদে থেকে মৃত্যুকালীন সময় পর্যন্ত তিনি সাংবাদিকতা পেশায় কর্মরত ছিলেন।তাহার আরও অসংখ্য ইতিহাস রয়েছে যা আজও অজানা রয়েছে। যে ইতিহাসে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় তিনি সৃজনশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বাক্ষর রেখে গেছেন। কর্মজীবনে তিনি ছিলেন নিরপেক্ষ সাংবাদিকতার এক অগ্রদূত। এছাড়াও সামাজিক বৈষম্য, নিপীড়িত মানুষের পক্ষে তার কলম ছিলো সোচ্চার। সাংবাদিকতায় নিজের সৃজনশীলতা ও রুচিবোধের চর্চা বরাবরই অনুজদের আকর্ষণ করেছে। শুধু সাংবাদিকতায় নয় তিনি ন্যাপ কমিউনিস্ট পার্টি অধ্যাপক মুজাফ্ফর আহমেদ এর ঘনিষ্ঠ সহচর ছিলেন প্রয়াত সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস। প্রয়াত সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পৌর সদরের ০৩ নম্বর ওয়ার্ডের স্বর্গীয় শুকুলাল চন্দ্র দাস এর দ্বিতীয় ছেলে, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও চার ছেলে সন্তানের জনক ছিলেন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় প্রবীণ এই সাংবাদিকের হাত ধরে অনেকেই আজ সাংবাদিকতা পেশায় এসেছেন এবং তাদেরকে তিনি নিজে প্রশিক্ষিত করেছেন। বর্তমানে তারা দেশের বিভিন্ন স্বনামধন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সুনামের সহিত কর্মরত আছেন। উল্লেখ্য, সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল এন্ড কলেজ (শ.মে.ক.) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেসক্লাব, জাতীয় রিপোর্টার ক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব, প্রেসক্লাব বাংলাদেশ, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ-(ইউএসবি), বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটিসহ দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যম সংগঠনের পাশাপাশি দেশের জাতীয়, আঞ্চলিক প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন। সব চেয়ে বড় বিষয় এই আজ ২৯ শে জুন তার তৃতীয় মৃত্যু বার্ষিকী বড় পরিসরে উৎযাপন করা সম্ভব হয়নি। শুধু মাত্র ধর্মীয় রীতি অনুসারে স্বল্প পরিসরে পারিবারিক ভাবে করা হচ্ছে বলে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ ও পরিবার বিষয়টি জানিয়েছেন।