Blog

  • সচিব পদ মর্যাদার পাঁচ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    সচিব পদ মর্যাদার পাঁচ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    সচিব পদ মর্যাদার পাঁচ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এসব কর্মকর্তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বলে আলাদা প্রজ্ঞাপনে বলা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব কর্মকর্তা হলেন-বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) সুকেশ কুমার সরকার, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মো. সহিদ উল্যাহ এবং ওএসডি সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। এছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) লিপিকা ভদ্রকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাদের অবসর দেওয়ার পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।

  • সারা দেশে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

    সারা দেশে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

    দেশের আট বিভাগেই অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। শুক্রবার (২০ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিভাগীয় পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টি এবং কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

  • শিবগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

    শিবগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

    শিবগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

    জেলার শিবগঞ্জে আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। কানসাট উচ্চ বিদ্যালয় সভা কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্প চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া। বৃহস্পতিবার কানসাট ইউনিয়ন পরিষদের মহিলা ওয়ার্ড সদস্য মোসাঃ রোকসানা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রবিউল ইসলামসহ অন্যরা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। সভায়, শিশুদের লেখাপড়ায় মনোযোগ দেয়ার জন্য শিশুশ্রম আইন ও শিশুদের বিভিন্ন শ্রম থেকে বিরত রাখার আহবান জানানো হয়। সভা শেষে কানসাট উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন চত্বরে প্রদক্ষিণ করে।

  • আলমডাঙ্গায় বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি ৩ জুলাই থেকে

    আলমডাঙ্গায় বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি ৩ জুলাই থেকে

    দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর অবশেষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনে যাত্রাবিরতি দেবে আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন। যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী ৭৯৫/৭৯৬ নম্বর এই ট্রেনটি আগামী ৩ জুলাই থেকে নিয়মিতভাবে আপ ও ডাউন উভয়পথে দুই মিনিট করে যাত্রাবিরতি দেবে। বুধবার দুপুরে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঠানো অফিসিয়াল চিঠি স্টেশনে পৌঁছায়। আর এ খবরে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এলাকাবাসী। রেলওয়ের রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক (পশ্চিম) বরাবর পাঠানো চিঠিতে যাত্রাবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, যাত্রীসুবিধার কথা বিবেচনায় নিয়ে সপ্তাহে ৬ দিন (বুধবার ছাড়া) নিয়মিতভাবে ট্রেনটি আলমডাঙ্গা রেলস্টেশনে থামবে। আপ ট্রেন দুপুর ৩টা ৩৯ মিনিটে এসে ৩টা ৪১ মিনিটে এবং ডাউন ট্রেন রাত ৩টা ৩৪ মিনিটে এসে ৩টা ৩৬ মিনিটে ছেড়ে যাবে। আলমডাঙ্গা নাগরিক কমিটির সদস্য সচিব হাবিবুল করিম চঞ্চল বলেন, এটা ছিল আলমডাঙ্গাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। অবশেষে তা বাস্তবায়ন হয়েছে। এই অর্জন শুধু একটি স্টেশন নয়, একটি জনপদের সম্মিলিত প্রয়াসের ফল। তিনি জানান, বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আলমডাঙ্গা ছাড়া কুষ্টিয়ার পোড়াদহ বা চুয়াডাঙ্গা স্টেশনে থামত। এতে করে আলমডাঙ্গা উপজেলার সাধারণ যাত্রীদের ১৮ থেকে ২২ কিলোমিটার দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হতো। ফলে সময়, অর্থ এবং নিরাপত্তা সবদিক থেকেই সমস্যায় পড়তেন তারা। তিনি আরো জানান, আলমডাঙ্গা ছাড়াও কুষ্টিয়ার মিরপুর, মেহেরপুরের গাংনী, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মানুষও এই যাত্রাবিরতির সুবিধা পাবেন। আলমডাঙ্গার প্রবীণ শিক্ষক আব্দুল মজিদ বলেন, এই সিদ্ধান্ত শুধু আমাদের জন্য নয়, চারপাশের লাখো মানুষের যাতায়াত সহজ করবে। এর মাধ্যমে রেলওয়ের রাজস্বও বাড়বে।
    উল্লেখ্য, বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে আলমডাঙ্গায় বেশ কয়েকবার মানববন্ধন, রেলপথ অবরোধ এবং স্মারকলিপি প্রদান করা হয়। নাগরিক কমিটি, বণিক সমিতি, গার্মেন্টস ব্যবসায়ী সমিতি, কলেজপাড়া কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠন এতে সক্রিয়ভাবে অংশ নেয়। তাদের দাবি বিবেচনায় নিয়ে রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখাকে। পরবর্তী সময়ে এ প্রস্তাব অনুমোদিত হয়ে বুধবার তা কার্যকর করার নির্দেশ পাঠানো হয়। ৩ জুলাই প্রথম যাত্রাবিরতির দিন আলমডাঙ্গা স্টেশনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বেনাপোল এক্সপ্রেসকে বরণ করার প্রস্তুতি নিচ্ছে এলাকাবাসী।

  • বগুড়ায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

    বগুড়ায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

    বগুড়ায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

    বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের নিয়ে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আয়োজন করে। কাহালু উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার মাসুদ আহমেদ, কাহালু উপজেলা কৃষি অফিসার জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত উপপরিচালক মোঃ এখলাস হোসেন সরকার, কৃষি কর্মকর্তা মীর কাশিম আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নূর নবী, প্রকল্প কর্মকর্তা মোঃ মাশরুবা আলমসহ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কৃষক/কৃষাণীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা, ফসলের বহুমুখী করণ, আধুনিক উচ্চ ফলনশীল ধান উৎপাদন, নিরাপদ খাদ্য উৎপাদন, উত্তম কৃষি চর্চা, টেকসই পুষ্টিকর খাদ্য উৎপাদনসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে পার্টনার ফিল্ড স্কুলের ৩৫ জন সদস্য ও ৩৫ জন সাধারণ কৃষক-কৃষানী, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, মেম্বার, এনজিও কর্মী এবং কৃষি অফিসের কর্মকর্তা সহ মোট ১’শ জন উপস্থিত ছিলেন। এর আগে কাহালু উপজেলা চত্ত্বরে ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হাবীব। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসসহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সিংড়ায় কচুরিপানা পরিষ্কার করে প্রশংসায় ইউএনও

    সিংড়ায় কচুরিপানা পরিষ্কার করে প্রশংসায় ইউএনও

    সিংড়ায় কচুরিপানা পরিষ্কার করে প্রশংসায় ইউএনও

    নাটোরের সিংড়া উপজেলার বিলদহর ব্রীজের নিচে আত্রাই নদীতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। নৌকা চলাচল, মৎস্যজীবি ও কৃষকের সুবিধার জন্য পানির প্রবাহ নিশ্চিত করতে প্রায় দেড় কিলোমিটার নদীর কচুরিপানা পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করেন ইউএনও। উপজেলা পরিষদের অর্থায়নে গত ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত তিনদিনে পরিষ্কার করা হয় কচুরিপানার স্তুপ। স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে আত্রাই নদীর বিলদহর ব্রীজের কচুরিপানার স্তুপ জমে ছিল। এতে করে নৌকা চলাচল, কৃষকের ফসল ঘরে তোলা ও মৎস্যজীবিদের মাছ শিকারে বাধাগ্রস্ত হচ্ছিল। কচুরিপানা পরিষ্কার করে নদীর পানি প্রবাহ নিশ্চিত করার জন্য এ এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল। বিষয়টি ইউএনও মহোদয়ের নজরে আসলে তিনি পরিস্কার করার উদ্যোগ গ্রহণ করেন। সে দাবি বাস্তবায়নে ইউএনও মাজহারুল ইসলাম উপজেলা পরিষদের অর্থায়নে দেড় কিলোমিটার নদীর কচুরিপানা পরিষ্কার করতে নিজে দাঁড়িয়ে থেকে শ্রমিক দিয়ে কাজ শুরু করেন।
    স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক সরদার বলেন, এই নদী দিয়ে আত্রাই, সিংড়া হয়ে পাবনা যাতায়াত করা যায়। কয়েক মাসে কচুরিপানার জন্য নৌকা চলাচলে বাধাগ্রস্ত হয়। সিংড়ার ইউএনও মহোদয় আমাদের দুঃখের কথা শুনেছেন। তিনি উদ্যোগ নিয়ে নদীর কচুরিপানা পরিস্কার করে দিয়েছেন। এ অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হয়েছে। এলাকাবাসী হিসেবে আমরা খুবই আনন্দিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, বিলদহর এলাকায় আত্রাই নদীর প্রায় দেড় কিলোমিটার কচুরিপানার স্তুপ জমেছিল। এতে করে অত্র এলাকার মানুষের দূর্ভোগ বেড়ে যায়। বিষয়টি জানার পর সরেজমিনে পরিদর্শন করি এবং স্থানীয়দের সহযোগিতায় উপজেলা পরিষদের অর্থায়নে তিন দিনে শ্রমিক দিয়ে কচুরিপানার স্তুপ পরিস্কার করেছি। নদীর পানি প্রবাহ এখন স্বাভাবিক হয়েছে। নৌকা চলাচলসহ জনদূর্ভোগ লাঘব হয়েছে। নদীর পানির প্রবাহ নিশ্চিত করায় এলাকার কৃষক, মৎস্যজীবি থেকে সব পর্যায়ের লোকজনের প্রশংসায় ভাসছেন ইউএনও মাজহারুল ইসলাম।

  • ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবসে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত

    ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবসে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত

    ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবসে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত

    বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ বদলে দেওয়া ৫ আগস্টের গণঅভ্যুত্থানের দিনটি সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৯ জন সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ১ জুলাই রাষ্ট্রীয় কর্মসূচি শুরু হবে। তবে মূল আয়োজন শুরু হবে ১৪ জুলাই থেকে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। এর উদ্দেশ্য হচ্ছে, জুলাই আগস্টের আন্দোলনে পুরো বাংলাদেশ যেরকম এক হয়েছিল, সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। অনুভূতিটা আমাদের মাঝে আছে, সেটাকে জাস্ট রিইনফোর্স করা। এ উপলক্ষে অনেক কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, আপাতত জানানো যাচ্ছে, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস হিসেবে ছুটি ঘোষণা করা হবে। এ বছর থেকে প্রতিবছরই এই ছুটি পালিত হবে। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন শেষমেশ সরকার উৎখাতের ইতিহাস পড়ে। ৩৬ দিনের সেই আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন সাড়ে ১৫ বছর দূর্দান্ত প্রতাপে দেশ চালিয়ে আসা শেখ হাসিনা। শুরুতে এই আন্দোলনের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে তা দাবানলের মত ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সরকারের তরফে জবাব ছিল-গুলি, টিয়ারশেল আর লাঠি, এককথায় কেবলই বলপ্রয়োগ। প্রথমে ফেইসবুক, পরে ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি সামাল দিতে চায় সরকার। তাতে হিতে বিপরীত হয়। আন্দোলনে রক্তপাত শুরু হওয়ার ২০ দিনের মধ্যেই লাশ আর রক্তের বোঝা মাথায় নিয়ে পতন হয় দেড় দশকের আওয়ামীলীগ সরকারের। পালাতে বাধ্য হন শেখ হাসিনা আর তার অমাত্যরা। জুলাই অভ্যুত্থানে নিহতদের যে তালিকা সরকার গেজেট আকারে প্রকাশ করেছে, সেখানে শহীদের সংখ্যা ৮৩৪। তবে অভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন, জুলাই সনদ ছাত্র-জনতার একটি দাবি। আগামী ৫ আগস্টের আগেই যাতে জুলাই সনদ ঘোষণা করা যায়, সেজন্য একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রধান রাখা হয়েছে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্যারকে। আরো কয়েকজন উপদেষ্টা ওয়াহি উদ্দিন মাহমুদ স্যারের নেতৃত্বে কাজ করবেন। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে উনারা দ্রুতই এই প্রোকলেমেশন প্রকাশ করবেন। বাংলাদেশ বেতার ও বিটিভির স্বায়ত্তশাসন নিয়েও বৈঠকে একটি কমিটি করা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, এই কমিটির নেতৃত্ব দেবেন উপদেষ্টা সিআর আবরার। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে এসেছে, আগে যখন টেলিভিশনগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে একটি পলিটিক্যাল পার্টির ইডিওলজিকে সার্ভ করার জন্য দেওয়া হয়েছে। এখন লাইসেন্সগুলো কীভাবে দেওয়া হয়েছে, সামনে আরো যদি টিভি লাইসেন্স দেওয়া হয়, সেক্ষেত্রে কী কী নীতিমালা থাকবে সেগুলো উনারা পর্যালোচনা করা হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে অতিঘন ও ড্রিপ সেচ পদ্ধতিতে আম চাষ প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়

    চাঁপাইনবাবগঞ্জে অতিঘন ও ড্রিপ সেচ পদ্ধতিতে আম চাষ প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়

    চাঁপাইনবাবগঞ্জে অতিঘন ও ড্রিপ সেচ পদ্ধতিতে আম চাষ প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে অতিঘন এবং ড্রিপ সেচ পদ্ধতিতে আম চাষ প্রযুক্তি অনুশীলনের উপর অভিজ্ঞতা বিনিময়-সফর অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা (অব.) সাদিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী। বিশেষ অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকতা-আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ ড. আশিষ কুমার সাহা, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোশারফ হোসেন। অনুষ্ঠানে জলবায়ু স্মাট কৃষি প্রযুক্তির অধ্যিমে সেচের পানি ব্যবহারের দক্ষতা, ফসলের উৎপাদনশীলতা গ্রীণ হাউজ গ্যাসের-উৎপাদন কমানো এবং পতিত জমির ব্যবহার বৃদ্ধি করা, কৃষি-উদ্যোক্তা বৃদ্ধি করার মাধ্যমে নারী-ও যুবকের ক্ষমতায়ন করা ভ্যেলু চেইন শক্তিশালী করণ এবং রপ্তানি প্রসারে স্টক হোল্ডালদের সাথে অংশীদারিত্ব গড়ে তুলার লক্ষ্যে অতিঘন এবং ড্রীপ সেচ পদ্ধতিতে আম চাষ প্রযুক্তি অনুশীলনের উপর আলোচনা করেন বক্তারা। এইচ এস বিসি ব্যাংকের আর্থিক সহায়তা ও সাফ বাংলাদেশ এর ক্লাইমেট রেসিলিয়েন্ট এগ্রিকালচারাল এ্যাডভ্যান্সমেন্ট ইন বারিন্দ (ক্যাব) প্রকল্পটি বাস্তবায়ন করেছে। মাঠ পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করেছে ডাসকো ফাউন্ডেশন। বুধবার উক্ত অনুষ্ঠানে উপ-পরিচালক বলেন, আম চাষে পানির অপচয় রোধ করতে ড্রিপ সেচের বিকল্প নাই। এছাড়াও অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, ‘সাফ বাংলাদেশ’ এর প্রকল্প ব্যবস্থাপক বিএম সাইদুর রহমান ও মাহফুজুর রহমান, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী সঞ্জয় কুমার, ডাসকো ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আফজাল হোসেনসহ পবা উপজেলার আম চাষি কৃষক কৃষানী ও চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা উপস্থিত ছিলেন।

  • র‌্যাবের অভিযানে ৩১৫ গ্রাম হেরোইনসহ একজন আটক

    র‌্যাবের অভিযানে ৩১৫ গ্রাম হেরোইনসহ একজন আটক

    র‌্যাবের অভিযানে ৩১৫ গ্রাম হেরোইনসহ একজন আটক

    মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার লালবাগ এলাকা থেকে ৩১৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ আদিল ইসলাম (৪০) কে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আদিল ওই এলাকার মোঃ সইবুর রহমানের ছেলে। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৯ জুন) রাত ২টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার লালবাগ গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ আদিল ইসলাম কে গ্রেফতার করে। র‌্যাব আরও জানায়, ১৯ জুন রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার লালবাগ গ্রামে আদিলের বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ আছে। প্রেক্ষিতে র‌্যাবের আভিযানিক দল একই তারিখ রাত ২টার দিকে আদিলের বাড়ী ঘেরাও কালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী বাড়ির ভিতর হতে বের হয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। রাত আড়াইটার দিকে আসামীর দেখানো মতে তার বসতবাড়ির শয়ন কক্ষের স্টোর রুমের ভিতরে একটি ষ্টীলের চালের ড্রামের ভিতর হতে ৩১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • নাটোরের বাগাতিপাড়ায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

    নাটোরের বাগাতিপাড়ায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

    নাটোরের বাগাতিপাড়ায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

    ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এ স্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিনে ইউ.এন.ও হা-মীম তাবাসসুম প্রভা সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. ভবসিন্ধু রায়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. সূচনা মনোহরা, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ফিরোজ আলী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ উম্মে ছালমা আকতার ও কৃষিবিদ নুসরাত সাদিয়া শারমীন, বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবির, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী খাদেমুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোনায়েম ইসলাম রুমিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যম কর্মী ও সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষক-কৃষাণী গণ। অনুষ্ঠানে বক্তারা, দেশীয় ফলের পুষ্টিগুণ ও অর্থনৈতিক সম্ভাবনা ও নিরাপদ বিষ মুক্ত ফল খাওয়ার উপর গুরুত্বারোপ করেন এবং দেশের প্রতিটি মানুষকে ফল চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানান। মেলায় প্রায় ৫০ ধরনের বিভিন্ন প্রজাতির দেশীয় ফল প্রদর্শন করা হয়।