কোন অনুমোদন নেই মাদ্রাসাটির
জেলার গোমস্তাপুরে এক হাফেজিয়া মাদ্রাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অনুমোদনহীন এক মহিলা হাফিজিয়া মাদ্রাসায় দুই আবাসিক ছাত্রী রহস্যজনকভাবে মারা গেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো, রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২) এবং বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন শিক্ষার্থী জামিলা (১০)। স্থানীয়, পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা যায়,

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই দুই শিক্ষার্থী। পরে শিক্ষক সাহিদা খাতুন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে আনার আগেই মৃত পাওয়া যায়, অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, এটি রহস্যজনক মৃত্যু। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে। তবে পুলিশ বলছে-সাপ বা কোন বিষাক্ত পোকার কামড়ে মৃত্যু হয়ে থাকতে পারে তাদের। এছাড়া ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা সম্ভব হবে বলেও জানায় গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম।

মাদ্রাসার পরিচালক মো. আশরাফ আলী জানান, প্রতিষ্ঠানে মোট ১৮ জন ছাত্রী থাকলেও ঘটনার সময় ১৩ জন উপস্থিত ছিল। ভিকটিমদের খাবার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, শুক্রবার দুপুরে ব্রয়লার মুরগি এবং রাতে পুইশাক-আলুর তরকারি খাওয়া হয়েছিল। তবে এখনো কোনো অভিভাবক অভিযোগ করেননি। এসময় তিনি স্বীকার করেন যে, শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসাটি কোনো সরকারি অনুমোদনপ্রাপ্ত নয়। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল আলিম জানান, “একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়, অন্যজন হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মারা যায়।” নিহত দুই শিক্ষার্থীর ময়নাতদন্তের বিষয়ে জানতে ২৫০ শষ্য বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ শামসুল আলম রাসেদ এর চেম্বারে গেলে তিনি তাঁর সহকারীর মাধ্যমে একটু অপেক্ষা করতে বলেন।

প্রায় পোনে এক ঘন্টা অপেক্ষা করার পরেও তাঁর ব্যাক্তিগত ক্লিনিকে তিনি ব্যাস্ত থাকায় ডাঃ শামসুল আলম রাসেদ ময়নাতদন্তের বিষয়ে কোন তথ্য দেননি। পুলিশ জানায়, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে এবং তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে এসেছে।