চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর লাহাপাড়া গ্রামে জমি নিয়ে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ডের চরমোহনপুর এলাকার লাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন-চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার একই গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে মোঃ আব্দুর রশিদ (৪৭)। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ঘাতক ছোট ভাই মো. বিকাশ (৩৫)। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত আব্দুর রশিদ ও বিকাশ দুজনই আপন ভাই। জমি ভাগ বন্টন সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে দীর্ঘদিন থেকে ঝগড়া-বিবাদ চলছিল। জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। এরই জেরে তুচ্ছ ঘটনা নিয়ে মঙ্গলবার সন্ধ্যার পর কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই বিকাশ ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন বড় ভাই আব্দুর রশিদ। পরে আত্মীয়-স্বজন আহত আব্দুর রশিদকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুর রশিদের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তির সময় তাকে মৃত পাওয়া যায়। মরদেহের পেটের ওপর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আব্দুর রশিদ মারা যান। নিহতের পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামী আটক বা আব্দুর রশিদ কে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার হয়নি বলেও নিশ্চিত করেন ওসি মতিউর রহমান।












