নাচোলে স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার করলেন এমপি মিজানুর রহমান
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজ হাতে পরিস্কার ও পরিচ্ছন্ন করলেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। সোমবার পৌর জামায়াতের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের ফুলবাগান ও হাসপাতাল চত্বরে এ পরিস্কার-পরিচ্ছন্ন করেন তিনি।এসময় উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, সেক্রেটারী মাওলানা মোবারক হোসেন, পৌর আমীর মনিরুল ইসলাম, নায়েবে আমীর ডাক্তার রফিকুল ইসলাম, পৌর সহ-সেক্রেটারী ইসমাইল হোসেন, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, ইউনিয়ন আমীর ওবাইদুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় সংসদ সদস্যের পক্ষ থেকে পরিচ্ছন্ন সামগ্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। এদিন সকাল সাড়ে ১০টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানি সরদারের সভাপতিত্বে মিনি কনফারেন্স কক্ষে মতবিনিময়কালে সহকারি কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সকল কর্মকর্তাদেরকে প্রজাতন্ত্রের আন্তরিক সেবক ও মানবিক হওয়ার আহ্বান জানান। এসময় তিনি রাস্তায় যানবাহন থেকে চাঁদাবাজদের চিহ্নিত করে তাদেরকে ওই পেশা থেকে ফিরিয়ে উত্তম পেশা গ্রহণে চেষ্টা করা ও এ এলাকায় রাসায়নিক সার সিন্ডিকেটের বিষয়ে সচেতন থাকতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।











