চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক ভাবে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে আনন্দ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা সেপ্টেম্বর) বিকেলে জেলা, উপজেলা,ও পৌর বিএনপির উদ্যোগে পৃথক পৃথক এ আয়োজন শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ তাসেম আলী, অ্যাডভোকেট মোঃ ময়েজ উদ্দিন, বিএনপি নেতা আমিনুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল বারেকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। অন্যদিকে, জেলা বিএনপির উদ্যোগে নবাবগঞ্জ পৌর পার্ক থেকে একটি বিশাল র্যালী বের হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সমবেত হয়। সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম টিপু ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চাইনিজ রফিক। এসময় গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টুসহ জেলা-উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জেলার নবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলাএবং নবাবগঞ্জ পৌর বিএনপি ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা পৃথক পৃথক র্যালীতে অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। বিএনপির নেতৃবৃন্দ জানান, এ আয়োজন দলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আন্দোলনে শক্তি জোগাবে।