রাবি’তে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্ম বিরতি ও অবস্থান ধর্মঘট
সকল ধরনের বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা জানান, তারা নতুন কোনো দাবি উত্থাপন করেননি বরং দীর্ঘদিনের প্রাপ্য অধিকার ও সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করছেন। তাদের অভিযোগ, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা, বাসস্থানসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সুবিধা বহু বছর ধরে চালু থাকলেও সাম্প্রতিক সময়ে কিছু শিক্ষার্থীর বিরোধিতার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তা বন্ধ করে দিয়েছে। তারা আরও বলেন, চাকরির কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে বেগবান করেছিলেন, অথচ এখন সেই শিক্ষার্থীরাই ৫ আগস্টের পর থেকে তাদের সুবিধার বিরুদ্ধে আন্দোলন করে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন, যা অমানবিক।
